নয়া উদারতাবাদে নতুনভাবে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়া উদারতাবাদ নীতির মূল কথা হলো, বাজারে স্বাধীনতা সর্বোচ্চ পর্যায়ে তুলে ও রাষ্ট্রের হস্তক্ষেপ ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার মাধ্যমে মানুষের যাবতীয় সুবিধা নিশ্চিত করা। আর তাই রাষ্ট্রকে বাজারে হস্তক্ষেপ থেকে বিরত থাকতে হবে, আর্থসামাজিক কর্মকাণ্ডে খুব সীমিত ভূমিকা পালন করতে হবে। বরং রাষ্ট্রের মূল কাজই হবে বাজার ও ব্যক্তিগত সম্পদ রক্ষা করা, যেন বাজার ক্রমেই অবাধে বিকশিত হতে পারে।বৃহত্তর কাঠামোগত বিবেচনায় নয়া উদারতাবাদের তিনটি মূল ভিত্তি রয়েছে বলে মনে করা হয়। প্রথমত, রাষ্ট্রীয় ব্যয় কর্তন, যার মাধ্যমে আর্থসামাজিক কর্মকাণ্ডে রাষ্ট্রের ভূমিকা সংকুচিত করা হয়। ফলে সামাজিক খাতে রাষ্ট্রীয় ব্যয় কমিয়ে আনা, গণপণ্যের ধারণার অবলুপ্তি ঘটানো ও বেসরকারীকরণকে উৎসাহিত করা হয়। এই বেসরকারীকরণ তথা ব্যক্তিপুঁজির বিকাশই নয়া উদারতাবাদের প্রাণশক্তি বিবেচিত হয়। দ্বিতীয়ত, জাতীয় অর্থনৈতিক সীমানা অপসারণ। এখানে আমদানি শুল্ক হ্রাস করা, মুদ্রা বিনিময়ব্যবস্থার বিধি শিথিল করা ও এক দেশ থেকে অন্য দেশে পুঁজি স্থানান্তরকে বিশ্বায়নের নামে অপরিহার্য মনে করা হয়। তৃতীয়ত, বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণবিধি প্রত্যাহার (ডিরেগুলেশন), শ্রমিককে অবাধে নিয়োগ ও ছাঁটাই করার ক্ষমতা যার অন্যতম। সার্বিকভাবে নয়া উদারতাবাদ নীতি বাজারের শাসনকে চূড়ান্ত বলে মনে করে।মূলত সত্তরের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার তাঁদের অর্থনৈতিক দর্শন হিসেবে জোরালোভাবে মুক্তবাজার নীতি গ্রহণ করেন। সংকুচিত করেন রাষ্ট্রের ভূমিকা। নিজ দেশের সীমানা ছাড়িয়ে পৃথিবীর অন্য দেশগুলোতেও এই নীতি চাপিয়ে দেওয়ার প্রবণতা শুরু হয়। মোটা দাগে এটাই নয়া উদারতাবাদের উত্থান ও বিকাশ ঘটায়।বাংলাদেশে যাত্রা: বাংলাদেশে আশির দশকে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে কাঠামোগত সমন্বয় কর্মসূচি গ্রহণ ও নব্বইয়ের দশকে ব্যাপকভাবে বাণিজ্য উদারীকরণের মাধ্যমে নয়া উদারতাবাদী অর্থনৈতিক কাঠামোকে উন্নয়নদর্শন হিসেবে সুদৃঢ় করা হয়েছে। পরবর্তী সময়ে এ প্রবণতা থেকে আর বেরিয়ে আসার তেমন কোনো প্রয়াস দেখা যায়নি। যদিও ১৯৯৬-২০০১ সময়কালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মুক্তবাজারমুখী অর্থনৈতিক কর্মকাণ্ডের বিপরীতে জনকল্যাণের জন্য রাষ্ট্রের সক্রিয়তার বিষয়টি আবার কিছুটা জোরালো হয়। তবে তা-ও বেশি দূর অগ্রসর হয়নি। মনে রাখা দরকার, আওয়ামী লীগের শাসনামলের একেবারে শেষ দিকেই দারিদ্র্য হ্রাসের অন্তর্বর্তীকালীন কৌশলপত্রের (আইপিআরএসপি) প্রণয়নের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়।তবে আওয়ামী লীগের রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক দর্শনের ক্ষেত্রে বাজারমুখিতার চেয়ে রাষ্ট্রের ভূমিকার বিষয়টি বরাবরই এগিয়ে ছিল। ২০০৮ সালের ডিসেম্বরে সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এল, তখন সম্ভবত সেই ধারাবাহিকতাতেই একটা ধারণা তৈরি হয়েছিল যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও নীতি নির্ধারণে বোধহয় কিছুটা পরিবর্তন আসবে। পঞ্চবার্ষিক পরিকল্পনায় ফিরে আসা ও ১০ বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে তার কিছুটা আভাসও মিলল। তা ছাড়া ২০০৯-১০ অর্থবছরের বাজেটে যখন দলটির নির্বাচনী ইশতেহার ও রূপকল্প বাস্তবায়নের বিষয়টি প্রাধান্য পায়, তখন সেই বিশ্বাস আরেকটু জোরালো হলো।কিন্তু দিন গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে, বিষয়টি অত সহজ নয়। বরং বাজারনির্ভরতার প্রাধান্যকেই মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার দিকে সরকারের আগ্রহ বেশি। বাস্তবতাই বলে, এখন আর রাষ্ট্রনির্ভর কেন্দ্রীয় পরিকল্পনায় ফিরে যাওয়া সম্ভব নয়। তবে ২০০৮ সালে আমেরিকায় বন্ধকি ঋণজনিত সংকট যখন আর্থিক সংকটে রূপ নেয় এবং তার ঢেউ যখন আমেরিকার সীমানা ছাড়িয়ে ইউরোপে আঘাত হেনে এশিয়ায় আছড়ে পড়ে, তখনই দেখা দেয় বিশ্বমন্দা। আর তখনই জোরেশোরে আবার আরম্ভ হয় রাষ্ট্রের ভূমিকার কথা। আলোচনায় ফিরে আসে কেইনসের কথা। মন্দা ও সংকট কাটাতে রাষ্ট্রকেই উদ্যোগী হতে হয়, বাজারের শক্তি তা পারেনি। আওয়ামী লীগ সরকারের প্রথম বছরটি বিশ্ব অর্থনীতির এই টালমাটাল অবস্থার মধ্যে অতিবাহিত হয়েছে। ফলে একটা প্রত্যাশাও তৈরি হয়েছিল যে বাজারনির্ভরতা থেকে সরে এসে রাষ্ট্রের ভূমিকা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে অন্তত রাষ্ট্র ও বাজারের মধ্যে একটা ভারসাম্যমূলক অবস্থায় বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। প্রস্তাবিত বাজেট: এ রকম একটা অবস্থায় ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট-বিশ্লেষণ করতে গিয়েই ধরা পড়ল সরকার আসলে নয়া উদারতাবাদ নীতির দিকে ঝুঁকে পড়েছে। জনকল্যাণের জন্য যে বড় ও সাহসী উদ্যোগ দরকার, তা আর সেভাবে দেখা যাচ্ছে না। বিষয়টা এমন নয় যে সবকিছু সরাসরি বলে-কয়ে বাজারের হাতে ছেড়ে দিতে হবে। বরং এমন সব রাজস্ব ও আর্থিক নীতি গ্রহণ করতে হবে, যা পর্যায়ক্রমে বাজারনির্ভরতা জোরদার করবে। আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড ক্রমেই সংকুচিত হবে। বাংলাদেশের পরিবহন খাতকে পর্যালোচনা করলে এ বিষয়টি স্পষ্ট হতে পারে।বর্তমানে সড়কপথ-নির্ভরতা বাংলাদেশের পরিবহন ও যোগাযোগব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। নৌপথ অবহেলিত, আর রেলপথ উপেক্ষিত। এখন সড়কপথে গণপরিবহনের পুরোটা বেসরকারি বাস-মিনিবাসের নিয়ন্ত্রণে। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বাস চলাচল কার্যত বন্ধ। বেসরকারি বাসমালিক-শ্রমিকেরা রীতিমতো গায়ের জোরে দেশের সব রুটে বিআরটিসির বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। নয়া উদারতাবাদ নীতির আলোকে সরকার পরিবহনকে পুরোপুরি বেসরকারি খাতের হাতে ছেড়ে দিয়েছে। ফলে মানুষজনের বিকল্প কোনো কিছু নেই। বাজারের নামে বেসরকারি সড়ক পরিবহন এখন এতটাই ক্ষমতাবান যে ইচ্ছে করলেই তারা যেকোনো মুহূর্তে সারা দেশের মধ্যে যোগাযোগ বন্ধ করে দিতে পারে। সরকারের সেখানে হস্তক্ষেপ করার কোনোই উপায় নেই। অন্যদিকে সড়কনির্ভরতাকে বাড়াতে গিয়ে রেলওয়ের দুরবস্থা সৃষ্টি হয়েছে। যেহেতু রাষ্ট্রীয় মালিকানায় ও ব্যবস্থাপনায়, সেহেতু লোকসান ও অনিয়ম অবধারিত। ফলে ব্যাপক চাহিদা থাকার পরও রেলওয়েকে সচল ও সক্রিয় করার সরকারি প্রয়াস সীমিত। এখানে বড় বিনিয়োগ হচ্ছে না। ২০১০-১১ অর্থবছরের বাজেট-বক্তৃতায় অর্থমন্ত্রী রেলওয়ে সম্পর্কে তিনটি অনুচ্ছেদ বরাদ্দ করেছেন, কিন্তু অর্থবহ ও সুদূরপ্রসারী পরিকল্পনায় তেমন কোনো ছাপ নেই। একইভাবে বিআরটিসির বিষয়েও কোনো কিছুই বলা হয়নি।কর, বিশেষত জনসংযোজন করের (ভ্যাট) আওতা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। এটা ঠিক যে রাষ্ট্রীয় ব্যয় নির্বাহের জন্য রাজস্ব আয় জরুরি, যার সিংহ ভাগই আসে বিভিন্ন ধরনের কর থেকে। কাজেই করের পরিধি ও আদায় দুটোই বাড়ানো দরকার। কিন্তু সরকার অনেক বেশি জোর দিচ্ছে পরোক্ষ করের দিকে। আর পরোক্ষ কর মানে শেষ বিচারে ভোক্তাদের ঘাড়েই এর দায় গিয়ে পড়বে, যার মানে সীমিত ও নির্দিষ্ট আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয়ভার বেড়ে যাবে।বিস্ময়কর ব্যাপার হলো, সরকার পাঁচ লাখ নতুন করদাতা তৈরি করতে চায়। অথচ এখন যে প্রায় ১৫ লাখ টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) গ্রহণকারী আয়কর বিবরণী জমা দেন না, তাঁদের বিষয়ে বাজেটে কিছু বলা হয়নি। নতুন আয়করদাতা খোঁজার পাশাপাশি এসব টিআইএনধারীর এক-তৃতীয়াংশকেও যদি নিয়মিত করদাতা বানানো যায়, তাহলে রাজস্ব আয় একটি বড় ধরনের অগ্রগতি হবে।অর্থমন্ত্রী সঞ্চয়পত্রের সব ধরনের সুদকে উৎসে করের আওতায় এনেছেন। একই সঙ্গে সঞ্চয়পত্রের সুদের হার কমানোর আভাস দিয়েছেন। কিন্তু ছাড় দিয়েছেন শেয়ারবাজারের ব্যক্তি বিনিয়োগকারীদের। তাঁদের মূলধনী মুনাফা আয়করমুক্ত রাখা হয়েছে। এটা বড়ই বৈষম্যমূলক। চাকরিজীবী মানুষ উপার্জিত অর্থে আয়কর দেবে। অথচ শেয়ারবাজারে পুঁজি খাটালে কর দিতে হবে না। এতে সরকার এক ধরনের ফটকাবাজি ও অনুৎপাদনশীলতাকেই উৎসাহিত করল। মানুষের আয়-উপার্জনকে অতিমাত্রায় বাজারনির্ভরতায় ছেড়ে দিল।সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য বরাদ্দ বাড়ানো হলেও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এসব কর্মসূচি পরিচালিত হচ্ছে না এবং তা করার কোনো প্রয়াসও বাজেটে পরিলক্ষিত হয়নি। কেন দক্ষিণাঞ্চলের আইলাদুর্গত মানুষের জন্য সুনির্দিষ্টভাবে বরাদ্দ দিয়ে তাদের মানবেতর জীবন থেকে বের করে আনার পদক্ষেপ নেই? কেন হাওর ও চরাঞ্চলের প্রান্তিক মানুষের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই? তা ছাড়া বরাদ্দ করা অর্থ বা সুবিধা পেতে মানুষের যে ভোগান্তি, তা নিরসনের জন্য সরকারের তেমন কোনো পদক্ষেপ নেই। ফলে সুবিধাগুলো প্রায়ই কষ্টের নামান্তর হয়ে দাঁড়ায়।কৃষি খাতের জন্য ভর্তুকি কেন কমে গেল, তা-ও বোঝা গেল না। নাকি সরকার পর্যায়ক্রমে কৃষিকে পূর্ণ বাণিজ্যিকীকরণের দিকে নিয়ে যেতে চায়?জ্বালানি ও বিদ্যুৎ খাতে ব্যাপক বরাদ্দ দেওয়ার পাশাপাশি অর্থমন্ত্রী ভবিষ্যতে বিদ্যুতের দাম বাড়ানোর আভাস দিয়েছেন। অনেক দিন ধরেই অবশ্য যুক্তি দেওয়া হয় যে বিদ্যুতে সরকার অনেক বেশি ভর্তুকি দিচ্ছে, এবারও ভর্তুকি আছে। তবে তার বেশির ভাগই যাবে বেসরকারি উৎপাদকদের কাছে। আর বর্ধিত দামেরটা সাধারণ গ্রাহকদের পকেট থেকেই দিতে হবে।সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) নিয়ে অর্থমন্ত্রী বড়ই আশাবাদী। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এক বছরেও এর নীতিমালা তৈরি করা যায়নি। খোদ অর্থমন্ত্রী এ নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেছেন। তবে তিনি হাল ছাড়েননি। এবারও তিন হাজার কোটি টাকার বরাদ্দ দিয়েছেন। বেসরকারি খাতের পক্ষ থেকে কতটা সাড়া মিলবে, তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়ে যাচ্ছে। মুনাফা নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ বিনিয়োগে এগিয়ে আসবে বলে মনে হয় না। তার মানে, সরকারকেই এখানে বড় ধরনের বিনিয়োগ করতে হবে। আর বেসরকারি খাতের মুনাফা নিশ্চিত করতে হবে সরকারকেই। এভাবেই রাষ্ট্রের দায়িত্বগুলো বাজারের হাতে ছেড়ে দেওয়ার আরেকটি প্রস্তুতিপর্ব তৈরি হতে যাচ্ছে পিপিপির মাধ্যমে। আমরা পছন্দ করি আর না করি, এটাই এখন বাস্তবতা।