নয়াদিল্লি পৌঁছাল বাংলাদেশি পণ্যবাহী ট্রাক
পরীক্ষামূলক চালান নিয়ে সড়কপথে বাংলাদেশের ট্রাক ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছেছে। গতকাল সোমবার ট্রাকটি নয়াদিল্লির কাস্টমস ডিপোতে পৌঁছায়। এ চালানে বিশ্বখ্যাত মার্কস অ্যান্ড স্পেন্সারের পণ্য রয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর দিয়েছে।
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে মোটর ভেহিক্যাল বা বিবিআইএন মোটর ভেহিক্যাল চুক্তির আওতায় পণ্যবাহী ট্রাকের এ পরীক্ষামূলক চালান গেছে। গত বছরের জুলাই মাসে এ চুক্তি হয়। এ চুক্তির আওতায় এক দেশ থেকে আরেক দেশে পণ্যবাহী যান চলাচলের সুযোগ সৃষ্টি করা হয়েছে।
দিল্লির চিফ কমিশনার অব কাস্টমস বিবেক জোহরি গতকাল পিটিআইকে বলেন, ‘আজকের দিনটি আন্তদেশীয় ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে এক দেশ থেকে আরেক দেশে অবাধ পণ্য চলাচলের ব্যবস্থা চালু হলে ব্যবসা-বাণিজ্য সহজ হবে।
গত ২৭ আগস্ট বাংলাদেশের ট্রাকটি ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়। ওই দিনই ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। গতকাল নয়াদিল্লির পাতপারগঞ্জ ডিপোতে পৌঁছায়। সড়কপথে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্য পাড়ি দেওয়ার প্রক্রিয়াটি সহজ করতে ওই ট্রাকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ব্যবস্থা সন্নিবেশিত রয়েছে।