পঁচিশে পা দিল পিকেএসএফ
পঁচিশ বছরে পা রাখল ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠান পল্লী-কর্মসহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফ। এ উপলক্ষে ‘বর্ষব্যাপী রজতজয়ন্তী উদযাপন’-এর কর্মসূচি হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ষব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। সমাপনী বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্রঋণ দারিদ্র্য বিমোচনের শক্তিশালী অস্ত্র। কিন্তু শুধু ক্ষুদ্রঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো কার্যক্রমও।
পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান বলেন, ঋণ বা সহায়তার বিপরীতে সম্পদ ভিত্তি তৈরি না হলে দারিদ্র্য বিমোচন টেকসই হয় না।
অর্থমন্ত্রী জানান, ১৯৮৬ সালে দেশের মোট ঋণের মাত্র ৪ শতাংশ ছিল ক্ষুদ্রঋণ, যা গ্রামীণ ব্যাংক একাই বিতরণ করত। আর বর্তমানে দেশের মোট ঋণের ৩৩ শতাংশ হচ্ছে ক্ষুদ্রঋণ, যার এক-তৃতীয়াংশ বিতরণ করে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক ক্ষুদ্রঋণ চালু করলেও পিকেএসএফ এটিকে ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘ ২৫ বছরে পিকেএসএফের কর্মকাণ্ড বহুমুখী হয়েছে। প্রাথমিক শিক্ষা খাতেও প্রতিষ্ঠানটি তাদের কর্মকাণ্ড বিস্তৃত করেছে।
১৯৯০ সালে সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত পিকেএসএফ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ক্ষুদ্রঋণ বিতরণের জন্য এখন পর্যন্ত ২৭২টি সহযোগী সংস্থাকে ১৭ হাজার ৮৬৭ কোটি টাকা ঋণ দিয়েছে। ঋণ আদায়ের হার ৯৮ দশমিক ৫০ শতাংশ। বিভিন্ন ধরনের সেবা ও ঋণগ্রহীতার সংখ্যা ৮০ লাখ ৮৮ হাজার ৪৪২ জন।
অনুষ্ঠানে শিক্ষা ও নারী উন্নয়নে অবদানের জন্য অধ্যাপক লতিফা আকন্দ ও জাহানারা হককে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের মধ্যে আগামী ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত আট দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হবে। ২০১৫ সালের ১০ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।