পঁচিশে পা দিল পিকেএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ বছরে পা রাখল ক্ষুদ্রঋণ অর্থায়নকারী জাতীয় প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফ। এ উপলক্ষে ‘বর্ষব্যাপী রজতজয়ন্তী উদ্যাপনের’ কর্মসূচি হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বর্ষব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷ বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। সমাপনী বক্তব্য দেন রাখেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্রঋণ দারিদ্র্য বিমোচনের শক্তিশালী অস্ত্র। কিন্তু শুধু ক্ষুদ্রঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো কার্যক্রমও।
পিকেএসএফের খলীকুজ্জমান বলেন, ঋণ বা সহায়তার বিপরীতে সম্পদভিত্তি তৈরি না হলে দারিদ্র্য বিমোচন টেকসই হয় না।
অর্থমন্ত্রী বলেন, গরিব মানুষ ঋণ নিলে তা সময়মতো ফেরত দেয়, এই বিশ্বাস থেকে গ্রামীণ ব্যাংক শুরু করেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। ১৯৮৬ সালে দেশের মোট ঋণের মাত্র ৪ শতাংশ ছিল ক্ষুদ্রঋণ, যা গ্রামীণ ব্যাংক একাই বিতরণ করত। আর বর্তমানে দেশের মোট ঋণের ৩৩ শতাংশ হচ্ছে ক্ষুদ্রঋণ, যার এক-তৃতীয়াংশ বিতরণ করে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক ক্ষুদ্রঋণ চালু করলেও পিকেএসএফ এটিকে ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে।
ক্ষুদ্রঋণ দেশের উত্তরাঞ্চলে মঙ্গা দূর করতেও সহায়ক ভূমিকা রেখেছে বলে মত দেন অর্থমন্ত্রী। এ সময় তিনি পিকেএসএফের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।
খলীকুজ্জমান আহমদ বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার মধ্যম জীবনমানের দেশে পরিণত করা অনেক গুরুত্বপূর্ণ। কারণ, মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পরও অনেক মানুষের জীবনমান পরিবর্তন নাও হতে পারে।
উল্লেখ্য, ১৯৯০ সালে সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত পিকেএসএফ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ক্ষুদ্রঋণ বিতরণের জন্য এখন পর্যন্ত ২৭২টি সহযোগী সংস্থাকে ১৭ হাজার ৮৬৭ কোটি টাকা ঋণ দিয়েছে। ঋণ আদায়ের হার ৯৮.৫০ শতাংশ। বিভিন্ন ধরনের সেবা ও ঋণগ্রহীতার সংখ্যা ৮০ লাখ ৮৮ হাজার ৪৪২ জন। অনুষ্ঠানে শিক্ষা ও নারী উন্নয়নে অবদানের জন্য অধ্যাপক লতিফা আকন্দ ও জাহানারা হককে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
পিকেএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষব্যাপী অনুষ্ঠানের আওতায় আগামী ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত আট দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হবে। আর ২০১৫ সালের ১০ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।