পঞ্চগড় চিনিকলের আখ রোপণ মৌসুম শুরু
পঞ্চগড় চিনিকলের ২০১০-১১ মৌসুমের আখ রোপণ শুরু হয়েছে। এবার এই চিনিকলের আওতায় আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার একর জমিতে।চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক এ বি এম আরশেদ হোসেন গতকাল বুধবার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের খাপুকুরী গ্রামের খায়রুল আলম ও ধকরাহাট গ্রামের গফারউদ্দিন নামে দুই কৃষকের জমিতে আখ রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন।অনুষ্ঠানে পঞ্চগড় চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) শামসুল হক, প্রশাসন মহাব্যবস্থাপক মাঈনউদ্দিন আহমেদ, উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ) কাজী মাহামুদুল হক, সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি খতিবর রহমান ও সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক এবং আখচাষি তাজিমউদ্দিন আহাম্মদ বক্তব্য দেন।এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে চাষিরা আখের দাম মণপ্রতি ১০০ টাকা নির্ধারণ, বিনামূল্যে সার বিতরণ, রোপা আখ চাষে ভর্তুকির টাকা বাড়ানো এবং আখ বিক্রির সঙ্গে সঙ্গে চাষিদের মূল্য পরিশোধের দাবি জানান।সমাবেশে চাষিদেরকে রোপা পদ্ধতিতে আখ চাষের আহ্বান জানানো হয়। এদিকে চিনিকলটির কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, রোপা পদ্ধতিতে নির্দিষ্ট জাতের আখের চাষ উত্সাহিত করতে চাষিদের শর্ত সাপেক্ষে একরপ্রতি দুই হাজার থেকে চার হাজার ৪০০ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়। সে অনুযায়ী গত মৌসুমে দুই হাজার ২৭০ জন আখচাষিকে তিন হাজার ৭০ একর জমিতে রোপা পদ্ধতিতে আখ চাষের জন্য ভর্তুকি বাবদ ৯৭ লাখ ২১ হাজার টাকা দেওয়া হয়।