পঞ্চগড়ে চায়ের চাষাবাদ বাড়ছে, বছরে ১০ কোটি টাকার উত্পাদন
পঞ্চগড় জেলায় খুব অল্প সময়ের মধ্যে চায়ের চাষাবাদ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর বদৌলতে উত্পাদনও বাড়ছে। সে অনুযায়ী গত বছর এখানে মোট ছয় লাখ ৫৮ হাজার ২৪ কেজি চা উত্পন্ন হয়েছে, যার বাজারমূল্য ১০ কোটি টাকা।চা বোর্ড ও বাগান মালিকদের সূত্রে জানা গেছে, ২০০০ সালে প্রথম এখানে চা-বাগান করা শুরু হয়। আর প্রথম চা উত্পন্ন হয় ২০০৫ সাল থেকে। সে বছর এক লাখ ৬১ হাজার ২২৬ কেজি চা উত্পাদিত হয়। তবে এখানকার চা দার্জিলিং ভ্যারাইটির হওয়ায় এর দাম অন্যান্য চায়ের চেয়ে একটু বেশি হয়।বাগান মালিক ও চা বোর্ডের কর্মকর্তারা বলেন, গত বছর এ জেলায় চা উত্পাদিত হয়েছে ছয় লাখ ৫৮ হাজার ২৪ কেজি। প্রতি কেজির মূল্য গড়ে ১৫০ টাকা করে হিসাব করলে পঞ্চগড়ে গত বছর উত্পাদিত চায়ের আনুমানিক বাজারমূল্য হবে কমপক্ষে ১০ কোটি টাকা।চা বোর্ড সূত্রে জানা যায়, বর্তমানে এ জেলায় ছোট-বড় মিলিয়ে মোট ২৮০টি চা-বাগান রয়েছে। এর মধ্যে ২৫৭টি ক্ষুদ্র ও ১৫টি ক্ষুদ্রাকার বাগান এবং আটটি টি এস্টেট রয়েছে। সব মিলিয়ে এ জেলায় দুই হাজার ২৫৫ একর জমিতে চায়ের চাষ হচ্ছে। চলতি বছর আরও ১০০ একর জমি চা চাষের আওতায় আসবে। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ রুহুল আমিন সম্প্রতি পঞ্চগড়ে চা-চাষিদের সঙ্গে এক মতবিনিময় সভায় জানান, চা-শিল্পের উন্নয়নে ১২ বছর মেয়াদি ৭৬১ কোটি টাকার একটি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট প্ল্যান ফর টি ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ ভিশন-২০২১’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়ন হলে দেশে বছরে চায়ের উত্পাদন বাড়বে চার কোটি কেজি। এর ফলে ২০২১ সালে দেশে চায়ের উত্পাদন ১০ কোটি কেজিতে উন্নীত হবে। এ থেকে বছরে রাজস্ব আয় হবে ৫০০ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় পঞ্চগড়ে ক্ষুদ্র চা-চাষিদের জন্যও ১০০ কোটি টাকার ব্যবস্থা রাখা হয়েছে।এদিকে চা বোর্ড এবার দুই লাখ চারা উত্পাদন করেছে। এই চারা ক্ষুদ্র চা-চাষিদের মাঝে স্বল্প বা বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানালেন চা বোর্ডের আঞ্চলিক অফিসের উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন।পঞ্চগড়ে চায়ের চাষাবাদ উত্সাহিত করতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) চলতি বছর ছয় কোটি ২১ লাখ টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে এখন পর্যন্ত এক কোটি টাকা ২৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে।বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক বলেন, চা-বাগানগুলোতে পাঁচ হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে, যা দিন দিন বাড়ছে। তবে চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ে দক্ষ জনবল ও কারিগরি সহায়তার অভাব, ঋণ বিতরণে জটিলতা, জমিজমার সমস্যা, চা-পাতার ন্যায্যমূল্যের অনিশ্চয়তা এবং শ্রমিককল্যাণ সুবিধা না থাকায় পঞ্চগড়ে সম্ভাবনা অনুযায়ী চায়ের চাষ সম্প্রসারিত হচ্ছে না। এসব প্রতিবন্ধকতা দূর হলে এখানে চায়ের চাষাবাদ বাড়বে বলে তিনি উল্লেখ করেন। করতোয়া চা কারখানার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কামালউদ্দিন হায়দার বলেন, ‘আমরা ঠিকমতো বিদ্যুত্ পাই না। জেনারেটর দিয়ে উত্পাদন করতে হয়, যে কারণে সিলেট ও চট্টগ্রামের তুলনায় প্রতি কেজি চা প্রক্রিয়াজাতকরণে জ্বালানি খরচ ৩৫ টাকা বেশি হয়।’চা বোর্ড সূত্র জানায়, চা-চাষের পরিধি আরও বাড়ানোর জন্য নির্বাচিত চাষিদের কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং হেক্টরপ্রতি ১৪ হাজার টাকা করে ভর্তুকি দেওয়া হচ্ছে।