পঞ্চগড়ে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু
পঞ্চগড়ে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) খোলাবাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে।গতকাল রোববার জেলা শহরের বণিক সমিতি রোড এলাকায় পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান আনুষ্ঠানিকভাবে এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বনমালী ভৌমিক, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক, টিসিবির ডিলার মো. আবদুল হান্নান শেখ, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু তোয়াবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।টিসিবি সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলায় আটজন ডিলার নিয়োগ করা হয়েছে। এর মধ্যে জেলা সদর ও পৌর এলাকায় চারজন, আটোয়ারী উপজেলায় দুজন ও বোদা উপজেলায় দুজন ডিলার রয়েছেন। প্রত্যেক ডিলারকে তিন হাজার কেজি চিনি, এক হাজার কেজি ছোলা ও এক হাজার লিটার সয়াবিন তেল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি কেজি চিনি ৪৫ টাকা, ছোলা ৪০ এবং প্রতি লিটার সোয়াবিন ৭৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে।এদিকে জেলার দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলা থেকে কেউ ডিলার হওয়ার জন্য আবেদন করেননি। যে কারণে এই দুটি উপজেলার জনগণ ন্যায্যমূল্যে টিসিবির পণ্য ক্রয়ের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।