পঞ্চগড়ে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির লক্ষ্যে সমবায় বাজার চালু
‘উৎপাদক, সমবায় বাজার ও ভোক্তা’ স্লোগানে পঞ্চগড়ে একটি সমবায় বাজার চালু হয়েছে।সমবায় অধিদপ্তরের তত্ত্বাবধানে সোশ্যাল ওয়েলফেয়ার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড শহরের পুরোনো পঞ্চগড় এলাকায় জেলা রেজিস্ট্রি অফিসের পাশে এই বাজার চালু করেছে। রংপুর বিভাগের মধ্যে এটি দ্বিতীয় সমবায় বাজার।পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান গতকাল শনিবার এই সমবায় বাজারের উদ্বোধন করেন। পঞ্চগড় কেন্দ্রীয় আখচাষি সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এহছানুল পারভেজ ও জেলা সমবায় কর্মকর্তা মো. তোজাম্মেল হক।অনুষ্ঠানে সোশ্যাল ওয়েলফেয়ার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য দেন।পঞ্চগড়ে চালু হওয়া এই সমবায় বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মধ্যে চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা, লবণ, শাকসবজিসহ কৃষিজাত পণ্য ন্যায্যমূল্যে (বাজারের থেকে কম দামে) বিক্রি করা হবে বলে উদ্যোক্তারা জানান।