পঞ্চগড়ে মধ্যরাত পর্যন্ত চলে কেনাকাটা
পঞ্চগড়ে ঈদের বাজার জমে উঠেছে। জেলা সদরের সব মার্কেট, বিপণিবিতান ও ফুটপাতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।সরেজমিনে শহরের সেন্ট্রাল প্লাজা, এইচ কে প্লাজা, মহসিন মার্কেট, গার্মেন্টস মার্কেট, কাপড় পট্টি, তামিজউদ্দিন মার্কেট, গাউছিয়া মার্কেট, চৌধুরী মার্কেট, সততা মার্কেট, হাজী ম্যানশন মার্কেট, হাজী ইব্রাহিম সুপার মার্কেট ও আলো-ছায়া সুপার মার্কেট এবং ফুটপাতের দোকানগুলোতে জমজমাট বেচাকেনা দেখা যায়।ব্যবসায়ীরা জানান, এবারের ঈদে তরুণীদের প্রথম পছন্দ হচ্ছে মেক্সিকোর বিশ্বখ্যাত গায়িকা শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানের নামে আসা থ্রি-পিস ও স্কার্ট। এর পরই রয়েছে মাসাককালি, তেরে লিয়ে, সোহানা, প্রতিজ্ঞা ও সানিয়া মির্জা থ্রি-পিস। বরাবরের মতো বিভিন্ন বয়সের নারীরা শাড়ি কিনতেই বেশি ব্যস্ত। তরুণদের পছন্দ হলো মুম্বাইয়ের হালফ্যাশনের চেক শার্ট-প্যান্ট এবং দেশি পাঞ্জাবি ও ফতুয়া। জুতা আর প্রসাধনসামগ্রীর দোকানগুলোতেও দিন-রাত ভিড় দেখা যায়।শহরের সেন্ট্রাল প্লাজায় সরকারি চাকরিজীবী হুমায়ুন কবির বলেন, ‘নির্দিষ্ট আয়ের মধ্যে থেকেই ছেলেমেয়েদের পছন্দের জামাকাপড় কিনে দেওয়ার চেষ্টা করছি। যেগুলো পছন্দ হয়, সেগুলোর দাম একটু বেশি চায় দোকানিরা।’তরুণী ক্রেতা হাসনা হেনা বলেন, এবার থ্রি-পিসের দাম একটু বেশি। আগের মতো দরাদরি করে কেনা যাচ্ছে না। দোকানিরা একদর হাঁকিয়ে বসে থাকেন।জুতার দোকানের মালিক ফজলার রহমান জানান, এবার বেচাবিক্রি ভালো। ৫০০ থেকে ৬০০ টাকা দামের স্যান্ডেল বেশি বিক্রি হচ্ছে।শুচি কর্নারের নাসের আহমেদ ও অনুপম গার্মেন্টসের দুলাল জানান, শেষ মুহূর্তে ক্রেতাদের সমাগম বেড়ে গেছে। ফলে বিক্রিও বেড়েছে।