পঞ্চগড়ে সারের গুদাম স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলায় বাফার গুদাম ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ব্যাংক হিসাব না থাকায় ডিলার ও ব্যবসায়ীদের ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। প্রায় ৫০ কিলোমিটার দূরে গিয়ে সার আনতে অতিরিক্ত সময় ও অর্থের অপচয় হচ্ছে। ফলে জেলার কৃষকেরা সময়মতো সার পাচ্ছেন না। এ অবস্থায় জেলার ৪৫ জন সারের ডিলার ও ব্যবসায়ী পঞ্চগড়ে বাফার গুদাম এবং বিসিআইসির ব্যাংক হিসাব খোলার দাবি জানিয়েছেন। তাঁরা এর মধ্যে কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সাংসদ, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।বিএফএ পঞ্চগড় জেলা ইউনিটের সভাপতি মো. আবদুল হান্নান শেখ সার ডিলার ও ব্যবসায়ীদের পক্ষে এই লিখিত আবেদন করেছেন। এতে বলা হয়েছে, পঞ্চগড় জেলায় ৮০ হাজার টন সার প্রয়োজন। চাহিদার এসব সার আসে ঠাকুরগাঁও জেলার শীবগঞ্জ বাফার গোডাউন থেকে। কিন্তু পঞ্চগড় জেলার সার ডিলারদের ক্ষেত্রে সার উত্তোলন ও আনা-নেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়। ব্যবসায়ীরা জানান, শিবগঞ্জ থেকে সার উত্তোলন করতে দু-তিন দিন সময় লেগে যায়। এর ফলে অতিরিক্ত বহন খরচ পড়ে। আবার সার উত্তোলনের জন্য পঞ্চগড় থেকে ৫০ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও উত্তরা ব্যাংকে গিয়ে ব্যাংক ড্রাফট করতে হয়। নগদ টাকা নিয়ে এতদূর গিয়ে ব্যাংক ড্রাফট করা ঝুঁকিপূর্ণ।