পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন: প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার যে আবার পঞ্চবার্ষিক পরিকল্পনায় ফিরে যাচ্ছে, এ সংবাদটি বেশ পুরোনো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পঞ্চবার্ষিক পরিকল্পনায় ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। দাতাদের চাপিয়ে দেওয়া দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের (পিআরএসপি) পরিবর্তে পঞ্চবার্ষিক পরিকল্পনায় ফিরে যাওয়া বড় ধরনের সমর্থন পায় তখন।একই সঙ্গে একটি প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে ১০ বছর মেয়াদি (২০১০-২০২১) এই প্রেক্ষিত পরিকল্পনার খসড়া প্রস্তুত হয়ে গেছে। আর প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবে রূপ দিতেই এর আওতায় দুটি পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১১-১৫ ও ২০১৬-২১) প্রণয়নের কথা রয়েছে। ইতিমধ্যে প্রথমটির খসড়া তৈরির কাজ অনেক দূর এগিয়েছে। এটি হতে যাচ্ছে বাংলাদেশের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা। কেমন পরিকল্পনা হবে, তার একটি রূপরেখাও অর্থমন্ত্রী দেন তাঁর বাজেট বক্তৃতায়। তিনি বলেছিলেন, ‘২০১০-১৫ মেয়াদের পরিকল্পনা দলিলে প্রথাগতভাবে খাতভিত্তিক বরাদ্দ, প্রকল্প তালিকা এবং বিনিয়োগ পরিকল্পনার কথা বলা হবে না। এতে সরকারের সার্বিক উন্নয়নের লক্ষ্য ও টার্গেট প্রতিফলিত হবে। আর তা অর্জনের জন্য বিকল্প কী কী কৌশল অনুসরণ করা যেতে পারে, তার উল্লেখ থাকবে। মোটা দাগে লক্ষ্য অর্জনের জন্য কী ধরনের সঞ্চয় ও বিনিয়োগ, সরকারি ব্যয়, সরকারি ও বেসরকারি খাতের ভূমিকা এবং প্রাতিষ্ঠানিক অবকাঠামোর প্রয়োজন, তার দিকনির্দেশনা থাকবে এই পাঁচসালা পরিকল্পনায়। বস্তুত এই পাঁচসালা পরিকল্পনা হবে সরকারের উন্নয়ন দিগদর্শন এবং জাতির জন্য ভবিষ্যতের দিকনির্দেশনা।’দেশে পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ শেষ হয়েছিল ২০০০ সালে। এরপর শুরু হয় পিআরএসপি। পিআরএসপি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ওয়েবসাইটে বলা আছে, ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে একটি সফল পরিকল্পনার জন্য প্রয়োজন সংশ্লিষ্ট দেশের অংশীদারিত্ব এবং জনগণের ব্যাপকভিত্তিক সমর্থন। ... স্বল্প আয়ের দেশগুলোর সরকার অভ্যন্তরীণ অংশীদার এবং আইএমএফ ও বিশ্বব্যাংকসহ বাইরের উন্নয়ন অংশীদারদের অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে সম্পৃক্ত করে এই পরিকল্পনা তৈরি করে।’আইএমএফের এই সংজ্ঞা দেখেই বোঝা সম্ভব পিআরএসপি আদতে দাতাদের চাপিয়ে দেওয়া একটি পরিকল্পনা দলিল। পিআরএসপি না করলে সহায়তা পাওয়া যাবে না—এ আশঙ্কায় নিম্ন আয়ের অনেক দেশই দাতাদের গাইডলাইন বা দিকনির্দেশনা মেনে পিআরএসপি তৈরি করে। ভারত অবশ্য পিআরএসপি গ্রহণ না করে তাদের পরিকল্পনা দলিলকেই মেনে নেওয়ার কথা সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছিল। ১০ বছর পর সেই পিআরএসপি বাদ দিয়ে বাংলাদেশ আবার ফিরে আসছে পঞ্চবার্ষিক পরিকল্পনায়। এর আগে বাংলাদেশ দেখেছে পাঁচটি পঞ্চবার্ষিক ও একটি দ্বিবার্ষিক পরিকল্পনা। সুতরাং পরিকল্পনা তৈরি করা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়, বলা যায়। তবে এবারের পরিকল্পনা নিয়ে বড় ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল। আবার এ নিয়ে এখন সমালোচনাও হচ্ছে বিভিন্ন মহলে।মূল কাজটি পরিকল্পনা মন্ত্রণালয়ের। তারাই পরিকল্পনা দলিল তৈরি করে থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, সব সময়ই পরিকল্পনা মন্ত্রণালয় এ কাজে বাইরের বিশেষজ্ঞদের সহায়তা নিয়েছে। বিশেষ করে দেশ স্বাধীন হওয়ার পর যে শক্তিশালী পরিকল্পনা কমিশন ছিল, সে রকম আর পরবর্তী সময়ে করা হয়নি। একটি ভালো পরিকল্পনা দলিল তৈরি করার সামর্থ্য শুধু প্রথম পরিকল্পনা কমিশনেরই ছিল বলা যায়। পরে আর এ ধরনের শক্তিশালী পরিকল্পনা কমিশন তৈরি করা হয়নি। এ কারণে পরিকল্পনা দলিল তৈরি করতে সব সময়ই বাইরের বিশেষজ্ঞ বা পরামর্শকদের সাহায্য নিতে হয়েছে। বাইরের পরামর্শক বা বিশেষজ্ঞরা দলিল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও হয়তো দেখা গেছে, মূল সমন্বয়কের জন্য যোগ্য কেউ একজন মন্ত্রণালয়েই ছিলেন। এখন বলা যায়, সেই পরিস্থিতিও নেই। সব মিলিয়ে সরকার পঞ্চবার্ষিক পরিকল্পনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও ভালো একটা পরিকল্পনা দলিল তৈরি করাই ছিল মূল চ্যালেঞ্জ। এর অবস্থানপত্র বা ব্যাকগ্রাউন্ড পেপার তৈরি করাসহ আনুষঙ্গিক কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএসকে। নিজস্ব বিশেষজ্ঞ ছাড়াও স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানটি বাইরের পরামর্শকদেরও সাহায়তা নেয় এ কাজে। সরকার বিআইডিএসকে দায়িত্ব দেওয়া ছাড়াও সেরা অর্থনীতিবিদদের নিয়ে গঠন করে একটি বিশেষজ্ঞ প্যানেল। বিআইডিএসের তৈরি করা অবস্থানপত্র নিয়ে একাধিক বৈঠকও করেছে এই অর্থনীতিবিদদের প্যানেল। বিআইডিএস যখন কাজটি এগিয়ে নিচ্ছিল, তখনই বদল হয় সরকারের সিদ্ধান্তের। পুরো কাজটি দেওয়া হয় বেসরকারি একটি সংস্থাকে। আর এই সংস্থাটি হলো, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই)। এটি একটি বেসরকারি গবেষণা সংস্থা। তারাই এখন পরিকল্পনা দলিল প্রণয়নের মূল কাজটি করছে। পুরো কাজটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘটনা সম্ভবত এবারই প্রথম। এ নিয়ে এরই মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে। দাতাদের গাইডলাইন মেনে তৈরি করা পিআরএসপি দলিলের গ্রহণযোগ্যতা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন ছিল। নিজস্ব বা ‘হোমগ্রোন’ বলা হলেও আদতে এটি সে রকম কিছু ছিল না। ফলে প্রকৃত অর্থেই নিজেদের তৈরি করা একটি পরিকল্পনার আকাঙ্ক্ষা থেকেই ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে বড় ধরনের আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আবার প্রকৃতপক্ষে একটি পরামর্শক-নির্ভর পরিকল্পনা দলিলই শেষ পর্যন্ত তৈরি হচ্ছে। জানা গেছে, এক্সপার্ট প্যানেলের একাধিক সদস্যও এর প্রতিবাদ করেছেন। আর এ অবস্থায় এক্সপার্ট প্যানেলের কাজ কী হবে, সেটি নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। পিআরআই যেটি তৈরি করে দেবে, সেটিই কি চূড়ান্ত, নাকি অর্থনীতিবিদদের নিয়ে তৈরি এই প্যানেল হয়ে যেতে হবে, তা নিয়ে নানা মত এসেছে। সার্বিকভাবে বিষয়টি হতাশাজনক বলেই মনে করা হচ্ছে। পিআরআই নতুন একটি প্রতিষ্ঠান। এর মূল তিনজনের একজন আইএমএফে দীর্ঘদিন কাজ করেছেন। বাকি দুজন বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা। তাঁরা দীর্ঘদিন এই দুই প্রধান দাতা সংস্থায় কাজ করেছেন। একজন অর্থনীতিবিদ জানান, শেষ পর্যন্ত এবারের পরিকল্পনা দলিলে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে দাতাদের প্রভাব থেকেই যাচ্ছে। তিনি বলেন, বিশ্বব্যাংক বা আইএমএফের কথার গুরুত্ব অনেক কমে গেছে। তারা কিছু বললে সেটি সাধারণ মানুষের কাছে তেমন গ্রহণযোগ্যতা পায় না। ফলে দেশের ভেতর থেকেই একই ধরনের কথাবার্তা বলা হলে সেটি গ্রহণযোগ্যতা পায়। যেমন, আয়কর আইন ও মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন পরিবর্তনের কথা অনেক দিন ধরে দাতারা বলে আসছে। এমনকি তারা নতুন একটি আইন তৈরি করে দেবে বলেও জানিয়েছে। কিন্তু এই বক্তব্যে সমালোচনা হওয়ায় দাতাদের তৈরি করা আইন গ্রহণ করা হয়নি। এখন সেই ভ্যাট আইনেরই বড় ধরনের সংস্কারকাজ শুরু হয়েছে এবং এই কাজটিও করছে পিআরআই। সুতরাং দেখা যাচ্ছে, বড় সব কাজই এখন করছে পিআরআই নামের এই প্রতিষ্ঠানটি। সূত্র জানায়, পিআরআই এরই মধ্যে একটি খসড়া দলিল তৈরি করেছে। অর্থনীতিবিদদের অভিযোগ, এই দলিলে দাতাদের দৃষ্টিভঙ্গির বড় ধরনের প্রতিফলন আছে। অর্থনীতিবিদদের প্যানেলের পক্ষ থেকে এসব মতামত সুনির্দিষ্ট করে লিখিতভাবে দেওয়া হয়েছে। প্যানেল সদস্যরা আশা করছেন, তাঁদের মতামত মানা হবে এবং দাতাদের মতামতের প্রতিফলন নয় বরং দেশীয় মতামত প্রাধান্য পাবে। ৯ আগস্ট এ-সংক্রান্ত পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকেই ঠিক হবে পরিকল্পনা দলিলে কাদের মতামত প্রাধান্য পাবে। এখানে বলে রাখা ভালো, অর্থনীতিবিদদের প্যানেলের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই কোনো মতামত না নিয়ে পরিকল্পনা তৈরির কাজটি পিআরআইকে দেওয়া হয়েছিল। পিআরএসপি করে কিছু ঋণ পাওয়া ছাড়া আর তেমন কোনো অগ্রগতি হয়েছে, বলা যাবে না। এ নিয়ে যে বেশি দূর আগানো যাবে না, সেটি প্রথম থেকেই বলা হয়েছিল। এখন তৈরি হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা। সঠিক এবং নিজস্ব প্রয়োজন সমন্বয় করে দলিল প্রণয়ন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ এর বাস্তবায়ন। তবে শুরুতেই যদি পরিকল্পনা তৈরির প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতা থাকে এবং প্রাধান্য পায় দাতাদের গতানুগতিক মতামত, তাহলে নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনার সাফল্য শুরু থেকেই প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। গ্রহণযোগ্যতার প্রশ্ন তো আছেই।