পঞ্চবার্ষিক পরিকল্পনার ওপর দাতাদের মতামত নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া দলিলের ওপর কথিত দাতাগোষ্ঠী তথা উন্নয়ন-সহযোগীদের মতামত নেওয়া হবে। আগামী এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) বৈঠকে তোলা হবে এই দলিল। ইতিমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে এই পরিকল্পনা দলিল প্রণয়নের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে। সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকায় বিডিএফ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ‘রূপকল্প ২০২১’ উন্নয়ন-সহযোগীদের সামনে উপস্থাপন করা হয়েছিল। আসন্ন বিডিএফ বৈঠকে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা উপস্থাপনা করা হবে। আর চলতি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস জুড়ে প্রাথমিক খসড়া দলিলের বিভিন্ন অধ্যায়ের ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। তাদের মতামত নিয়ে চূড়ান্ত খসড়া প্রণীত হবে। মার্চ মাসে দলিলটি অবহিতকরণের জন্য মন্ত্রিসভায় উঠবে। এরপর জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে আজ বুধবার থেকে পঞ্চবার্ষিক পরিকল্পনার ওপর খাতভিত্তিক জাতীয় সংলাপ শুরু হচ্ছে। প্রাথমিক খসড়া দলিলের ১০টি অধ্যায়ের ওপর ১০টি এবং সুশাসন ও সামষ্টিক অর্থনীতির ওপর তিনটিসহ মোট ১৩টি জাতীয় সংলাপ হবে। আজ কৃষি ও জলবায়ু পরিবর্তন—এ দুটি অধ্যায়ের ওপর জাতীয় সংলাপ হবে পরিকল্পনা মন্ত্রণালয়ে। এতে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সভাপতিত্ব করবেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উন্নয়ন-সহযোগীদের পৃষ্ঠপোষকতায় দারিদ্র্য বিমোচন কৌশলের পরিবর্তে পাঁচসালা উন্নয়ন পরিকল্পনায় ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২০১০ সালের শুরু থেকেই পাঁচসালা পরিকল্পনা দলিল প্রণয়নের কাজ শুরু হয়। দায়িত্ব দেওয়া হয় পরিকল্পনা কমিশনের জিইডিকে। গত ডিসেম্বর মাসে এই দলিলের প্রথম খসড়া চূড়ান্ত করা হয়। পরিকল্পনার মেয়াদ ধরা হয় ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত। উল্লেখ্য, আগামী জুন মাসে দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের (দ্বিতীয় পিআরএসপি) মেয়াদ শেষ হচ্ছে। জিইডির সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, যেহেতু উন্নয়ন-সহযোগীরা বাংলাদেশের উন্নয়নের অংশীদার। তাই তাদের মতামত নেওয়ার জন্য আগামী বিডিএফ বৈঠকে পরিকল্পনা দলিলটি উপস্থাপন করা হবে। শামসুল আলম আরও জানান, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই দলিলের চূড়ান্ত খসড়া তৈরি করা হবে। এ ছাড়া দলিলটি আইনপ্রণেতাদের পর্যবেক্ষণের জন্য জাতীয় সংসদেও উপস্থাপন করা হতে পারে বলে তিনি জানান। খসড়া অনুযায়ী, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিল বাস্তবায়ন করতে ১৩ লাখ ৩০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে দেশজ সম্পদে জোগান দেওয়া হবে মোট ব্যয়ের ৯৬ দশমিক ৬ শতাংশ বা ১২ লাখ ৮৪ হাজার কোটি টাকা। বিদেশি সহায়তা হিসেবে পাওয়া যাবে মোট ব্যয়ের ৩ দশমিক ৪০ শতাংশ বা ৪৫ হাজার কোটি টাকা। খসড়ায় ২০১৫ সালের মধ্যে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া একই সময়ের মধ্যে দারিদ্র্যের হার ৩২ শতাংশে নামিয়ে আনা হবে। বর্তমানে সরকারি হিসাবেই দারিদ্র্যের হার ৪১ শতাংশের বেশি। খসড়ায় ২০১৫ সালের মধ্যে সরকারি ও বেসরকারি বিনিয়োগ জিডিপির ৩২ দশমিক ১ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বর্তমানে ২৪ দশমিক ২ শতাংশ। মধ্যমেয়াদি উন্নয়ন ধারণায় ১৯৭৩ সালের জুলাই মাসে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন শুরু হয়। এই পর্যন্ত মোট পাঁচটি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। তবে ২০০২ সালে উন্নয়ন-সহযোগীদের পরামর্শে তিন বছর মেয়াদি পিআরএসপি প্রণয়ন করা হয়। এখন পর্যন্ত দুটি পিআরএসপি হয়েছে।