পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে সহায়তা মিলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদেশিক সহায়তার কার্যকারিতা বৃদ্ধির জন্য নতুন মেয়াদের যৌথ সহায়তা কৌশল (জেসিএস) তৈরি শুরু করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। এই জেসিএসের একটি খসড়া দাতা দেশ ও সংস্থার সামনে উপস্থাপন করা হয়েছে। যৌথ সহায়তা কৌশলের মেয়াদ বৃদ্ধিতে দাতাদের সম্মতিও পাওয়া গেছে। তবে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন প্রক্রিয়ার সঙ্গে নতুন মেয়াদের এ কৌশলটির সমন্বয় করা হবে।

রাজধানীর শেরেবাংলা নগরে গতকাল বুধবার ইআরডি সম্মেলনকক্ষে স্থানীয় পরামর্শক গোষ্ঠীর (এলসিজি) বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সভা সূত্রে এসব তথ্য জানা গেছে। এ ছাড়া আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্তও হয়েছে বলে জানা গেছে।

মূলত ঢাকায় কর্মরত দাতা সংস্থা ও দেশগুলোর ফোরাম এবং ইআরডির সমন্বয়ে এলসিজি গঠিত হয়। এলসিজির নিয়মিত সভায় সরকারের সঙ্গে দাতাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় যৌথ সহায়তা কৌশলের খসড়ার পাশাপাশি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার ওপরও একটি উপস্থাপনা দেয় ইআরডি। এ ছাড়া প্রকল্প প্রস্তাবনা থেকে বাস্তবায়ন প্রক্রিয়া কীভাবে ত্বরান্বিত করা যায়—সেই বিষয়ে আরেকটি উপস্থাপনা দেওয়া হয় সভায়।

বাংলাদেশে আসা বৈদেশিক সহায়তার কার্যকারিতা বৃদ্ধির জন্য ২০১০ সালের জুন মাসে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইউএনডিপি, জাপানসহ বাংলাদেশে কার্যরত প্রধান ১৮টি দাতা সংস্থা ও দেশের সঙ্গে যৌথ সহায়তা কৌশল চুক্তি করে বাংলাদেশ। তখন এর মেয়াদ ধরা হয় ২০১৫ সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে দাতারা কীভাবে ও কী পরিমাণ সহায়তা দেবে তার একটি কৌশল তুলে ধরা হয়। এর ফলে অর্থ প্রদান ও খরচে উভয় পক্ষের জবাবদিহি থাকে।

তবে ২০১৫ সাল-পরবর্তী সময়ের জন্য নতুন আরেকটি সহায়তা কৌশলের খসড়া তৈরি করেছে ইআরডি। গতকালের সভায় সেই খসড়াটি দাতাদের প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হয়। সভা সূত্রে জানা গেছে, আগের সহায়তা কৌশলের সঙ্গে নতুন খসড়াটির খুব একটা তফাত নেই। আর নতুন কৌশলটি বাস্তবায়নে দাতারা কোনো আপত্তি করেনি।

সভা সূত্রে জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, যেহেতু দেশের সার্বিক চাহিদা বিবেচনা করে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করছে, তাই এ পরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে যৌথ সহায়তা কৌশল তৈরি করা হয়েছে।

সভায় ইআরডির সচিব মো. মেজবাহউদ্দিন বলেন, ২০১৬-২০ মেয়াদের যৌথ সহযোগিতা কৌশলে দেশের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের ভূমিকা কী হতে পারে, সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে। এ ছাড়া ২০১৫ সাল-পরবর্তী উন্নয়ন এজেন্ডা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ওপর জোর দেওয়া হবে এই নতুন যৌথ সহযোগিতা কৌশলে।

তবে সভায় দাতাদের পক্ষ থেকে বলা হয়, উন্নয়ন সহযোগিতা ইস্যুতে বেসরকারি খাত এবং নাগরিক সমাজের ব্যাপকতর অংশগ্রহণ এবং উন্নয়ন কর্মকাণ্ডের বিকল্প অর্থ সংস্থান অনুসন্ধানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা যৌথ সহায়তা কৌশলে থাকা উচিত। সভায় জানানো হয়, ইতিমধ্যে একটি সাহায্য তথ্য সফটওয়্যারও প্রস্তুত করা হয়েছে। যেখানে বিভিন্ন প্রকল্প সহায়তার বিস্তারিত তথ্য থাকবে। আর এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ২৬ অক্টোবর অর্থমন্ত্রী এটি উদ্বোধন করবেন।

সভায় দাতাদের পক্ষ থেকে বিদেশি সহায়তা আইনের খসড়াটি উপস্থাপনের জন্য অনুরোধ করা হয়। তবে সরকারের পক্ষ থেকে বলা হয় যে মন্ত্রিসভায় অনুমোদনের পরই তা দাতা দেশ ও সংস্থাগুলোর কাছে হস্তান্তর করা হবে।

গতকালের এলসিডি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা। সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন ইআরডির সচিব মো. মেজবাহউদ্দিন ও বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধ নিল ওয়াকার। গতকালের সভায় দাতা সংস্থাগুলোর পক্ষ থেকে নতুন কো-চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন ইউএসএআইডির মিশন ডিরেক্টর ইয়ানিনা ইয়ারুজেলস্কি। তিনি নিল ওয়াকারের স্থলাভিষিক্ত হলেন। নিল ওয়াকার ইউক্রেনে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন।

সভা শেষে নিল ওয়াকার সাংবাদিকদের বলেন, ‘আজকের সভায় বাংলাদেশের উন্নয়নে বিশেষ করে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কীভাবে দাতারা অংশ নিতে পারে, সেই বিষয়ে ধারণা পেয়েছি। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দাতারা সব সময় বাংলাদেশের পাশে থাকবে।’