পঞ্চম দিনে ২৭৫ কোটি টাকা আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সবকটি বিভাগীয় শহরে অনুষ্ঠানরত আয়কর মেলায় পাঁচ দিনে মোট ৩৯০ কোটি ২৭ লাখ ২৫ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে গতকাল বুধবারই আদায় হয়েছে প্রায় ২৭৫ কোটি টাকা।রাজধানী ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে শুরু হওয়া ছয় দিনের এই মেলা আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। মেলা উদ্যাপন কমিটির সভাপতি এম এ কাদের সরকার প্রথম আলোকে বলেন, ইচ্ছা থাকলেও মেলার সময়সীমা বাড়ানোর সুযোগ নেই। তবে করদাতাদের সুবিধার্থে আজ সকাল ও বিকেলে আধা ঘণ্টা করে এক ঘণ্টা বেশি সময় মেলা খোলা রাখা হবে। সে অনুযায়ী আজ সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আয়করমেলা চলবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা যায়, রাজধানীসহ সাতটি বিভাগীয় শহরে গতকাল দুই হাজার ৩৪৩ জন নতুন আয়কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছেন। বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন ১৪ হাজার ১৭৬ জন করদাতা। আর রাজস্ব আয় হয়েছে ২৭৪ কোটি ৮০ লাখ ২৪ হাজার টাকা, যা গত পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ। তবে গতকাল পর্যন্ত পাঁচ দিনে মোট ছয় হাজার ১৫৬ জন নতুন টিআইএন নিয়েছেন। আর বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন ৩৭ হাজার ৭৬৭ জন করদাতা। এতে রাজস্ব পাওয়া গেছে ৩৯০ কোটি ২৭ লাখ ২৫ হাজার টাকা।এনবিআরের তথ্য অনুযায়ী, করমেলায় এ পর্যন্ত প্রায় ৫০ হাজার করদাতা আয়করমেলার ‘হেল্প ডেস্ক’ থেকে আয়করের বিভিন্ন বিষয়ে পরামর্শ নিয়েছেন।এদিকে, করদাতাদের অনেকেই সাংবাদিকদের কাছে বিরোধী দল বিএনপির ডাকা আজকের হরতালের কারণে মেলার সময়সীমা বাড়ানো দাবি জানান।চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম ভবনে অনুষ্ঠানরত আয়কর মেলায় গতকাল সারা দিন এনবিআরের অভ্যর্থনা ও তথ্যকেন্দ্র, ২৪টি বুথ এবং জনতা ও সোনালী ব্যাংকের দুটি বুথে করদাতাদের উপচে পড়া ভিড় ছিল। তাঁদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। আগ্রাবাদ থেকে কর দিতে আসা ইউসুফ খান বলেন, ‘আমার কাছে মনে হয়েছে মেলায় ঝামেলা কম হবে। ভোগান্তি পোহাতে হবে না।’ ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা আবদুস সবুর জানান, ‘আসা-যাওয়ায় কষ্ট হলেও মেলায় এসে স্বস্তি পেয়েছি। কারণ, ঝামেলামুক্তভাবে কর দেওয়া সম্ভব হয়েছে।’ এনবিআরের কর কমিশনার রামেন্দ্র চন্দ্র বসাক প্রথম আলোকে বলেন, ‘মেলায় আমরা ব্যাপক ও ভালো সাড়া পাচ্ছি। আমরা এ বছরের মেলায় ১০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ইতিমধ্যেই এর কাছাকাছি চলে এসেছি।’ জানা গেছে, গতকাল বুধবার মেলার পঞ্চম দিনে চট্টগ্রামের এ কে খান গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে চার কোটি টাকা এবং আগের দিন মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে ৮০ কোটি টাকা আয়কর জমা দেওয়া হয়।বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনবিআরের সদস্য আবদুল কাদের সরকার মঙ্গলবার চট্টগ্রামে মেলা পরিদর্শন শেষে এক আলোচনা সভায় বলেন, ‘বর্তমানে দেশে প্রায় ২৭ লাখ করদাতা আছেন। কিন্তু এর মধ্যে আয়কর দিচ্ছেন মাত্র ১০ থেকে ১২ লাখ। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে দেশে করদাতার সংখ্যা ৫০ লাখে উন্নীত করা হবে।’ এ সময় কেন্দ্রীয় কর গোয়েন্দা শাখার মহাপরিচালক মো. আলাউদ্দিনও উপস্থিত ছিলেন।খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, নগরের বয়রা কর ভবন চত্বরে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলছে। মেলায় নতুন ও পুরোনো করদাতাসহ ব্যাপক দর্শনার্থীর সমাগম হচ্ছে।কর অঞ্চল খুলনার উপকমিশনার মো. মঞ্জুর আলম জানান, মেলায় এনবিআরের পক্ষ থেকে করদাতাদের আয়কর বিষয়ে পরামর্শ, নতুন করদাতাদের টিআইএন ও প্রত্যয়নপত্র প্রদান, রিটার্ন ফরম পূরণ এবং রিটার্ন জমাদানে সহযোগিতা করা হচ্ছে। এ ছাড়া মেলা প্রাঙ্গণে স্থাপিত সোনালী ও জনতা ব্যাংকের বুথে পে-অর্ডার বা চালান জমা দেওয়ার সুবিধা এবং ফটোকপির ব্যবস্থা রয়েছে।