পণ্য আত্মসাতের কারণে ১৭ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ বছর আগে আমদানি করা পণ্য চুরি ও আত্মসাতের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের মধ্যে ১৫ জন বন্দর কর্মচারী ও দুজন সিঅ্যান্ডএফ এজেন্ট।
চট্টগ্রামের বন্দর থানায় গতকাল বৃহস্পতিবার দুদকের উপসহকারী পরিচালক সিরাজুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, ২০০০ সালের ৬ ফেব্রুয়ারি অ্যাপারেলস সোর্সেস লিমিটেডের আমদানি করা ৫৯ হাজার ৬০০ গজ কাপড়ের একটি কনটেইনার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। আসামিরা পরস্পর যোগসাজশে ওই কনটেইনার থেকে প্রায় ৩৫ লাখ টাকার কাপড় চুরি করে আত্মসাৎ করেন। বিষয়টি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভাগীয় তদন্তেও প্রমাণিত হয়েছে।
ঘটনার ১৪ বছর পর মামলা দায়ের প্রসঙ্গে বাদী সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি দুর্নীতি দমন ব্যুরো অনুসন্ধান করছিল। মাঝখানে ব্যুরো থেকে কমিশন গঠনের কারণে অনেক দিন এটি চাপা পড়ে ছিল।’