পণ্য আমদানি কমছে, ব্যয়ও নিম্নমুখী
দেশে পণ্য আমদানি কমছে। এর প্রতিফলন ঘটছে আমদানি ব্যয়ের নিম্নমুখী প্রবণতায়। অভ্যন্তরীণ চাহিদার কিছুটা সংকোচন ও ঋণপত্র খোলায় ব্যাংকগুলোর বাড়তি সতর্কতাই এর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে পণ্য আমদানির ব্যয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় পৌনে ৭ শতাংশ কমেছে। এতে দেখা যায়, ২০১২-১৩ অর্থবছরের প্রথম চার মাসে পণ্য আমদানি বাবদ এক হাজার ৯৭ কোটি ১৪ লাখ ডলার ব্যয় হয়েছে। আর ২০১১-১২ অর্থবছরের একই সময় এক হাজার ১৭৬ কোটি ৫৬ লাখ ডলার ব্যয় করতে হয়েছিল। এটি অবশ্য আমদানি-ব্যয়ের সিঅ্যান্ডএফ হিসাব। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, এফওবি হিসাব অনুসারে আলোচ্য সময়ে পণ্য আমদানি বাবদ এক হাজার ৭৫ কোটি ডলার ব্যয় করতে হয়েছে। গত অর্থবছরের একই সময় ব্যয় করতে হয়েছিল এক হাজার ১২০ কোটি ৬০ লাখ ডলার। সে হিসেবে আমদানিজনিত ব্যয় কমেছে ৪ শতাংশ।মোটা দাগে এফওবি (ফ্রেইট অন বোর্ড) মূল্য বলতে শুধু জাহাজীকৃত পণ্যের মূল্যই বোঝানো হয়। আর সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং) মূল্যের ক্ষেত্রে এফওবি মূল্যের সঙ্গে জাহাজভাড়া ও জাহাজ থেকে পণ্য খালাসের ব্যয় যুক্ত করা হয়। সাধারণত লেনদেনের ভারসাম্য সারণিতে এফওবি মূল্য বিবেচনায় নেওয়া হয়। আমদানি-ব্যয়ের প্রবণতা বুঝতে সিঅ্যান্ডএফ মূল্যকে ব্যবহার করা হয়।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, এ বছরের জুলাই মাসে পণ্য আমদানি-ব্যয় ছিল ২৮৩ কোটি ৫১ লাখ ডলার, যা গত বছরের জুলাই মাসে ছিল ২৯৩ কোটি ৭৮ লাখ ডলার। আবার এ বছর আগস্ট মাসে পণ্য আমদানি-ব্যয় ছিল ২৫২ কোটি ডলার, যা গত বছরের আগস্টে ছিল ২৫৫ কোটি ৫০ লাখ ডলার। সেপ্টেম্বর মাসে পণ্য আমদানির ব্যয় দাঁড়িয়েছে ২৯৭ কোটি ডলার, যা গত বছরের একই সময় ছিল ৩২৯ কোটি ৭৯ লাখ ডলার। আর এ বছর অক্টোবর মাসে পণ্য আমদানির ব্যয় দাঁড়িয়েছে ২৬৩ কোটি ৯১ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ২৯৭ কোটি ৭১ লাখ ডলার। সে হিসেবে শুধু অক্টোবর মাসেই পণ্য আমদানির ব্যয় কমেছে প্রায় সাড়ে ১১ শতাংশ।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, চলতি অর্থবছরের প্রথম চার মাসে পণ্য আমদানির জন্য এক হাজার ১৫২ কোটি ৫১ লাখ লাখ ডলারের ঋণপত্র খোলা হয়েছে। গত অর্থবছরের একই সময় খোলা হয়েছিল এক হাজার ৩০২ কোটি ৯০ লাখ ডলারের ঋণপত্র। তার মানে, পণ্য আমদানি বাবদ নতুন ঋণপত্র খোলা কমে গেছে সাড়ে ১১ শতাংশ। একইভাবে ঋণপত্র নিষ্পত্তিজনিত ব্যয়ও কমেছে ১১ শতাংশ হারে।বিশ্ব পণ্য বাজারেও সার্বিকভাবে অক্টোবর মাসে দামদর নিম্নমুখী প্রতীয়মান হয়। বিশ্বব্যাংকের অক্টোবর মাসে পণ্যের দর সূচক থেকে দেখা যায় যে, জ্বালানি ও জ্বালানিবহির্ভূত মূল্যসূচক অক্টোবর মাসে যথাক্রমে ২ দশমিক ৪০ শতাংশ ও ১ দশমিক ৬০ শতাংশ হারে কমেছে। একই সময় খাদ্যের দাম কমেছে ৪ শতাংশ আর পানীয়ের সাড়ে ৩ শতাংশ। তবে ধাতবপণ্যের দাম বেড়েছে ১ শতাংশ। বিশ্ববাজারে পণ্যের দাম কমে যাওয়ার কিছু প্রভাবও বাংলাদেশের পণ্য আমদানি-ব্যয়ের ওপর পড়তে পারে।আমদানির ব্যয় কমে যাওয়ার প্রভাবে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে চাপও কমেছে, যা আবার প্রতিফলিত হয়েছে বিনিময় হারের স্থিতিশীলতার মধ্যে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, অর্থবছরের চতুর্থ মাস অর্থাৎ অক্টোবর শেষে মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্যমান গত অর্থবছর শেষে অর্থাৎ জুন মাসের শেষের মূল্যমানের তুলনায় দশমিক ৮১ শতাংশ বেড়েছে। জুন শেষে প্রতি মার্কিন ডলারের দর ছিল ৮১ টাকা ৮৭ পয়সা। আর সেপ্টেম্বর শেষে তা কমে হয়েছে ৮১ টাকা ২১ পয়সা।