পণ্য আমদানিতে অগ্রিম অর্থ পাঠানো যাবে
বিদেশ থেকে যেকোনো পণ্য আমদানি করতে কোনো নিশ্চয়তাপত্র বা গ্যারান্টি ছাড়াই পাঁচ হাজার ডলার পর্যন্ত অর্থ অগ্রিম পাঠানো যাবে। আগে সীমিত পরিসরে তিনটি পণ্যে এই সুযোগ ছিল।
এ বিষয়ে বৈদেশিক বিনিময় নির্দেশিকায় কিছুটা উদারতার সংশোধনী এনে গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, এত দিন বৈদেশিক বিনিময় নির্দেশিকা অনুযায়ী বৈদেশিক লেনদেনসংক্রান্ত ব্যাংকের এডি (ডিলার) শাখাগুলো বই, আন্তর্জাতিক জার্নাল এবং জীবন রক্ষাকারী ওষুধ আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ আড়াই হাজার ডলার পর্যন্ত অগ্রিম পাঠাতে পারত। এখন থেকে আমদানি পণ্য হিসেবে বিবেচিত যেকোনো পণ্য আমদানিতে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার পর্যন্ত অগ্রিম পাঠানো যাবে। তবে এ ক্ষেত্রে আমদানি নীতিমালা বিবেচনায় রাখতে হবে।
তবে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শাখা নিশ্চিত করবে যে, আমদানিকারকের এর আগের আমদানির রেকর্ডে বিল অফ এন্ট্রি চার মাসের মধ্যে জমা হয়েছে। এডি শাখাকে অগ্রিম হিসাবে পাঠানো অর্থের বিপরীতে মালামাল নির্ধারিত সময়ের মধ্যে দেশে ঢোকা, রপ্তানিকারক নিশ্চয়তাপত্র বা গ্যারান্টি আগেভাগেই দিচ্ছে না এবং আমদানি নীতি যথাযথভাবে পালনের বিষয়টিও নিশ্চিত করতে হবে।