পণ্য আমদানির ঋণপত্র বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্য আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা ও নিষ্পত্তির পরিমাণ বেড়েছে। চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) শেষে ঋণপত্র খোলার পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। একই সঙ্গে পণ্য আমদানিতে ঋণপত্র নিষ্পত্তি বেড়েছে প্রায় ১১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। খবর বাসসের।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, আলোচ্য সময়ে পণ্য আমদানির ওপর ঋণপত্র খোলা হয়েছে এক হাজার ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৯৫৭ কোটি ৪৫ লাখ ডলার। সে হিসাবে আমদানির জন্য নতুন ঋণপত্র বেড়েছে ১০৮ কোটি চার লাখ ডলার।

 একইভাবে আলোচ্য সময়ে পণ্য আমদানিতে ৯৬৯ কোটি ৬২ লাখ ডলারের ঋণপত্র নিষ্পত্তি হয়েছে, যা ২০১৩-১৪ অর্থবছরের একই সময় ছিল ৮৭৩ কোটি ৬০ লাখ ডলার। এতে করে আমদানিতে ঋণপত্র নিষ্পত্তির পরিমাণ বেড়েছে ৯৬ কোটি ডলারের।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বাসসকে বলেন, দেশে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় আমদানির পরিমাণ বাড়ছে। সামনে বিনিয়োগসহ কর্মসংস্থানও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। এতে করে ঋণপত্র খোলার পাশাপাশি নিষ্পত্তির হারও বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে একক মাস হিসেবে সেপ্টেম্বর মাসে সব ধরনের পণ্য আমদানিতে ঋণপত্র খোলা ও নিষ্পত্তির হার কিছুটা বেড়েছে। আলোচ্য সময় ৩৫২ কোটি ৪৩ লাখ ডলারের সমপরিমাণ পণ্যের ঋণপত্র খোলা হয়েছে, যা আগের মাসে ছিল ৩৪৭ কোটি ৫০ লাখ ডলার।