পণ্য আমদানির তুলনায় খালাসের সক্ষমতা বেশি
বহির্নোঙরে পণ্য খালাস কাজের সঙ্গে জড়িত বেসরকারি শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠান। এ খাতের সমস্যা ও করণীয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম শামসুজ্জামান। সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ মিলাদ।
প্রথম আলো: বহির্নোঙরে পণ্য খালাসের বর্তমান অবস্থা কেমন?
এ কে এম শামসুজ্জামান: বহু বছর ধরে সাগরে বড় জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চলছে। পণ্য আমদানি বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই বাড়ছে এই কার্যক্রম। পণ্য খালাসের পুরো কাজটাই হচ্ছে বেসরকারি খাতে। সব কটি প্রতিষ্ঠান বন্দরের তালিকাভুক্ত। প্রতিষ্ঠানগুলো নিজস্ব যন্ত্রপাতি ও জনবল ব্যবহার করে এই কাজ করছে। তবে প্রতিবছর পণ্য খালাসের হার বাড়লেও প্রতিষ্ঠানগুলোর যে সক্ষমতা, তার তুলনায় অনেক কম পণ্য খালাস হচ্ছে।
প্রথম আলো: বহির্নোঙরে পণ্য খালাসে কী কী সমস্যা রয়েছে?
এ কে এম শামসুজ্জামান: বড় জাহাজ থেকে পণ্য খালাসের জন্য শিপ হ্যান্ডলিং অপারেটরদের প্রথমে নিজেদের গুদাম ও ওয়ার্কশপ থেকে গ্রাব, পে-লোডার, গিয়ার ইত্যাদি যন্ত্রপাতি ও সরঞ্জাম বড় জাহাজে নিতে হয়। কাজ শেষে আবার এসব যন্ত্রপাতি ফেরত আনতে হয়। লাইটার জাহাজে করে এসব যন্ত্রপাতি আনা-নেওয়া করতে শিপ হ্যান্ডলিং অপারেটরদের জন্য কোনো স্থায়ী জেটি বরাদ্দ নেই। ফলে সদরঘাট লাইটারেজ জেটি ব্যবহার করে এসব যন্ত্রপাতি আনা-নেওয়া করতে হয়। তাই বহির্নোঙরে পণ্য খালাসকাজের জন্য বন্দরের কোনো জেটি বরাদ্দ দেওয়া হলে আমাদের কাজটি সহজ হয়।
প্রথম আলো: পণ্য খালাস যেভাবে বাড়ছে, তাতে এই খাতে নতুন প্রতিষ্ঠান অন্তর্ভুক্তির কথা বলছেন আমদানিকারকেরা। এ ব্যাপারে আপনার মতামত কী?
এ কে এম শামসুজ্জামান: বহির্নোঙরে পণ্য খালাসকাজের জন্য বন্দরের তালিকাভুক্ত ৩২টি শিপ হ্যান্ডলিং অপারেটর রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৭টি রোটেশন ভিত্তিতে, অর্থাৎ ক্রমতালিকা অনুযায়ী জাহাজ থেকে পণ্য খালাসকাজের দায়িত্ব পায়। আর পাঁচটি প্রতিষ্ঠান ‘ইনহাউস’, অর্থাৎ বড় শিল্প গ্রুপের নিজস্ব আমদানি পণ্য খালাস করে। একটি পরিসংখ্যান দিলে বিষয়টা আরও সহজ হবে। বড় বড় শিল্প গ্রুপের পণ্য খালাসকাজের নিয়োজিত পাঁচটি প্রতিষ্ঠান প্রতি মাসে গড়ে প্রায় চার লাখ টন পণ্য খালাস করছে। আর বাকি ২৭টি প্রতিষ্ঠান প্রতি মাসে গড়ে এক থেকে সোয়া লাখ টন পণ্য খালাস করছে। অথচ প্রতিটি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি খাতে যে বিনিয়োগ এবং জনবল রয়েছে, তা দিয়ে অনায়াসে প্রতি মাসে সহজেই ছয়-সাত লাখ টন পণ্য খালাস করতে পারে। বন্দরের সংস্কারকাজের জন্য ২০০৭ সালে গঠিত টাস্কফোর্স বহির্নোঙর ও বিশেষায়িত জেটি মিলে পণ্য খালাসে ১৫টি প্রতিষ্ঠান প্রয়োজন বলে সিদ্ধান্ত নিয়েছিল। অথচ এ খাতে এখন দ্বিগুণের বেশি প্রতিষ্ঠান রয়েছে। তাই বহির্নোঙরে যত আমদানি পণ্য খালাস হয়, সবই ক্রমতালিকা অনুযায়ী খালাসের জন্য বণ্টন করা হলে তাতে সব প্রতিষ্ঠানই সমানভাবে পণ্য খালাসের সুযোগ পাবে।