পণ্য ও বাজারবৈচিত্র্যে জোর দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্য বহুমুখীকরণ ও রপ্তানিবাজার বৃদ্ধির লক্ষ্য সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয় এগিয়ে যাবে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ে ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জারবেন ডি জংয়ের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশেই বাংলাদেশের পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। সেসব দেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। ল্যাটিন আমেরিকা, ভারত এবং চীনেও রপ্তানি আরও বাড়ানো সম্ভব।

মন্ত্রী বলেন, ‘অল্প দিনের মধ্যে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে বলে আশা করছি। এ জন্য ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’

তোফায়েল আহমেদ নেদারল্যান্ডসকে বাংলাদেশের ভালো বন্ু্ল হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সুসম্পর্ক রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়েছে।

তোফায়েল আহমেদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের টিকফা চুক্তি হয়েছে। আগামী এপ্রিল মাসে টিকফার প্রথম সভা বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এতে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমরা আশা করছি, যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাবে বাংলাদেশ।’

টি অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা: বাণিজ্যমন্ত্রী গতকাল মন্ত্রণালয়ে বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।

প্রতিনিধিদলের বিভিন্ন দাবির জবাবে মন্ত্রী বলেন, বিদ্যমান সমস্যাগুলোর সমাধান ও উৎপাদন বৃদ্ধিসহ চা-শিল্পের উন্নয়নে সরকার সব পদক্ষেপ নেবে।

প্রতিনিধিদলটিতে ছিলেন সংগঠনটির চেয়ারম্যান সাফওয়ান চৌধুরী, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান আরদাশিন কবীর, ভাইস চেয়ারম্যান এম শাহ আলম, সাবেক চেয়ারম্যান লায়লা রহমান কবীর ও সচিব জি এস ধর।