পণ্য খালাস করে পুরস্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর

হাতে সময় পাঁচ দিন সাত ঘণ্টা। এ সময়ের মধ্যে জাহাজভর্তি গম খালাস করতে হবে। না হলে জরিমানা গুনতে হবে দিনে ১৫ হাজার মার্কিন ডলার। আবার আগে খালাস হলে প্রতিদিনের জন্য মিলবে জরিমানার অর্ধেক বা সাড়ে সাত হাজার মার্কিন ডলার পুরস্কার।
জরিমানার শঙ্কা দূর করে তিন দিন হাতে রেখে জাহাজভর্তি গম খালাস করেছে খাদ্য বিভাগ। দ্রুত খালাসের দক্ষতার অর্জন হিসেবে খাদ্য বিভাগের তহবিলে এখন যোগ হচ্ছে আনুমানিক সাড়ে ২২ হাজার মার্কিন ডলার। চট্টগ্রাম বন্দরে বিশ্বখাদ্য কর্মসূচি-ডব্লিউএফপির অনুদানের খাদ্যশস্য ‘গম’ খালাস করে এ ডলার আয় করছে খাদ্য বিভাগ।
বন্দর সূত্রে জানা গেছে, বিশ্ব খাদ্য কর্মসূচির খাদ্য সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র থেকে ১২ হাজার ৭১০ টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ে এমভি ক্যাপ্টেন স্টিভেন এল বেনেট জাহাজ। সম্প্রতি এই জাহাজের গম খালাস শেষ হয় চট্টগ্রামের সাইলো জেটিতে। অনুদানের গম খালাস করে ডলার আয়ের এমন নজির নতুন নয়। ২০০৩-০৪ অর্থবছর থেকে গত ১০ বছরে অনুদানের খাদ্যশস্য খালাস করে সাত লাখ ৪৭ হাজার ৫০৫ মার্কিন ডলার বিদেশি মুদ্রা যোগ হয়েছে সরকারের তহবিলে।

এর মধ্যে সবচেয়ে বেশি আয় হয়েছে ২০০৪-০৫ অর্থবছরে। সে বছর এক লাখ ৯৮ হাজার ৫০২ মার্কিন ডলার আয় হয়েছে। ওই অর্থবছরে অনুদানের গম এসেছে দুই লাখ ৭৩ হাজার টন। এরপর ২০০৭-০৮ অর্থবছরে আয় হয়েছে এক লাখ ৬৯ হাজার ৮৮১ ডলার। এ সময় এক লাখ ৭৭ হাজার টন গম সহায়তা হিসেবে আমদানি হয়। এই দুই অর্থবছরে বিশ্ব খাদ্য কর্মসূচির অনুদানের গম বেশি আসায় এ সময় দ্রুত খালাস করে ডলার আয়ের পরিমাণও বেশি হয় বলে খাদ্য বিভাগ জানায়।

খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক সালাহউদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচির এই জাহাজ প্রতিদিন দুই হাজার ৪০০ টন খালাসের সময়সীমা দেয়। জাহাজ আসার আগে দালিলিক কার্যক্রম শেষ করে নির্ধারিত সময়ের তিন দিন আগে গম খালাস করায় জরিমানার বদলে ডলার জুটছে সরকারি তহবিলে।

খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী, শুধু বিশ্ব খাদ্য কর্মসূচির অনুদানের খাদ্যশস্য সাহায্যের ক্ষেত্রে বিদেশি ডলার আয়ের সুযোগ থাকছে। ডব্লিউএফপির জাহাজ ভাড়া হয় ‘ফ্রি আউট’ পদ্ধতিতে। এই পদ্ধতিতে জাহাজ ভাড়াকারীর দায়িত্বে ও ঝুঁকিতে খাদ্যশস্য খালাস হয়। দিনে নির্দিষ্ট পরিমাণ খালাসের লক্ষ্য নির্ধারণ করা থাকে। এ সময়ের মধ্যে খালাস না হলে জরিমানা, আগে খালাস হলে জরিমানার অর্ধেক সরকারি তহবিলে প্রদান করে ডব্লিউএফপি।

তবে কেয়ার, সেভ দ্য চিলড্রেন, এসিভিআই ভোকা-এসব দাতা সংস্থার অনুদানের খাদ্যশস্যের ক্ষেত্রে জাহাজ মালিকের দায়িত্ব ও ঝুঁকিতে পণ্য খালাস হয়। যে কারণে খালাসের সময়ের ওপর এসব অনুদানের খাদ্যশস্যে জরিমানা-পুরস্কার কোনোটিই থাকে না।

গম খালাসকারী চট্টগ্রামের সাইলো জেটির অধিক্ষক জোয়ারদার আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাইলোতে দিনে সর্বোচ্চ ছয় থেকে সাড়ে ছয় হাজার টন গম খালাস করা যায়। সরকারি ও অনুদানের খাদ্য-শস্য দ্রুত খালাসের জন্য তদারকি থাকে আমাদের।’