পণ্য খালাসকাজে স্থবিরতা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘাট-গুদাম শ্রমিকদের একাংশের ধর্মঘট চলার কারণে কর্ণফুলী নদীতে আটকে আছে লাইটার জাহাজ। ছবিটি গতকাল বেলা ১১টার দিকে সদরঘাট এলাকা থেকে তোলা l প্রথম আলো
ঘাট-গুদাম শ্রমিকদের একাংশের ধর্মঘট চলার কারণে কর্ণফুলী নদীতে আটকে আছে লাইটার জাহাজ। ছবিটি গতকাল বেলা ১১টার দিকে সদরঘাট এলাকা থেকে তোলা l প্রথম আলো

মজুরি বৃদ্ধিসহ নয় দফা দাবিতে ঘাট-গুদাম শ্রমিকদের একাংশের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে গতকাল সোমবারও পণ্য খালাসকাজে স্থবিরতা ছিল। এদিন কর্ণফুলী নদীর সাতটি বেসরকারি ঘাটে কোনো ধরনের পণ্য খালাস হয়নি। তবে অন্য সাতটি ঘাটে অবশ্য পণ্য খালাস হয়েছে।
ধর্মঘটের কারণে ৮৫ হাজার টন আমদানি পণ্য (গম, মটর ডাল ও সার) নিয়ে ৬৬টি লাইটার জাহাজ কর্ণফুলী নদীতে আটকে আছে। এই অবস্থায় বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য নিয়ে নতুন করে যেসব লাইটার জাহাজ ভিড়বে সেগুলোও ধর্মঘটের কবলে পড়বে।
ঘাট-গুদাম শ্রমিক সংগ্রাম কমিটি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, চিকিৎসাকেন্দ্র চালু ও আবাসনব্যবস্থা নিশ্চিত করাসহ নয় দফা দাবিতে গত রোববার সকাল ছয়টা থেকে ধর্মঘট পালন করছে। এর বিপক্ষে অবস্থান নেওয়া ঘাট-গুদাম শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা গতকাল লাইটার জাহাজ থেকে পণ্য খালাস করতে ঘাটে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় গুদাম শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক ইদরিস আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ অবশ্য প্রথম আলোকে বলেন, ইদরিসকে গত বছরের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
লাইটার জাহাজ থেকে প্রতি টন পণ্য ট্রাকে বোঝাই করতে বা গুদামে নিতে ঘাট শ্রমিকদের বর্তমান মজুরি হচ্ছে ৯২ টাকা। চুক্তি অনুযায়ী (দুই বছর পর পর) গত জানুয়ারি মাস থেকে মজুরি ২০ শতাংশ বাড়ানোর কথা। কিন্তু ১০ মাসেও তা কার্যকর করা হয়নি। সে জন্যই এখন ৫০ শতাংশ মজুরি বাড়ানোর দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে বলে ইদরিস গত রোববার প্রথম আলোকে জানান।
একই দিনে ঘাট-গুদাম শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মাহবুবুল হক চৌধুরী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে মজুরি বাড়ানোসহ দাবি
আদায়ে আন্দোলন করে আসছি। ডিসেম্বরে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যারা আলোচনা ছাড়া কর্মবিরতি ডেকেছে তারা শ্রমিকদের মূল সংগঠন নয়।’
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য নিয়ে লাইটার জাহাজে (ছোট জাহাজ) বোঝাই করা হয়। এরপর কর্ণফুলী নদীর বেসরকারি ঘাটে এসব জাহাজ থেকে পণ্য খালাস করা হয়। ঘাট শ্রমিকরা জাহাজ থেকে পণ্য নিয়ে ট্রাকে বা গুদামে বোঝাই করেন।