পণ্য খালাসে অযৌক্তিক মাশুল নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতবিনিময় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি  মাহবুবুল আলম
মতবিনিময় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম

আমদানি পণ্যবাহী কনটেইনার খালাসে জাহাজ কোম্পানির প্রতিনিধিরা অযৌক্তিক ও বাড়তি মাশুল আদায় করছেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, মাশুল নেওয়ার যৌক্তিকতা না থাকলেও কয়েকটি খাতে মাশুল নেওয়া হচ্ছে। আবার একই ধরনের সেবার বিপরীতে একেক জাহাজ কোম্পানির প্রতিনিধি একেক ধরনের মাশুল নিচ্ছে।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম চেম্বারে বন্দর ব্যবহারকারী ফোরামের এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন ব্যবসায়ীরা। বন্দর ব্যবহারকারী ফোরাম মতবিনিময় সভার আয়োজন করে। সভায় বিজিএমইএ, বিকেএমইএ, জাহাজ কোম্পানি ও কনটেইনার মালিকপক্ষের প্রতিনিধি, আমদানিকারক, আমদানিকারকের পক্ষে পণ্য খালাসকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
সভায় কোন খাতে মাশুল আদায় করা যাবে এবং কত মাশুল আদায় করা যাবে তার যৌক্তিকতা নির্ধারণের জন্য সাংসদ এম এ লতিফকে উপদেষ্টা এবং বন্দর ব্যবহারকারী ফোরামের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমকে চেয়ারম্যান করে ১৯ সদস্যের একটি তদারকি কমিটি গঠন করা হয়। কমিটিতে কাস্টমস, বন্দর, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই), বিজিএমইএ, বিকেএমইএ, বেসরকারি ডিপো, ফ্রেইট ফরোয়ার্ডার, জাহাজ কোম্পানি, সিঅ্যান্ডএফ প্রতিনিধিরা রয়েছেন। কমিটি এক সপ্তাহের মধ্যে বৈঠকে বসে আলাপ-আলোচনার মাধ্যমে মাশুল-সংক্রান্ত সমস্যার সমাধান করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় এম এ লতিফ বলেন, পরিবহনের ভাড়া আমদানিকারক আগেই দিয়েছেন। কিন্তু এর পরও পণ্য খালাসের সময় কেন ‘ডকুমেন্টেশন চার্জ’ দিতে হবে? দীর্ঘদিন ধরে এ সমস্যা সমাধানে আশপাশের দেশগুলোর একই খাতে কোনো মাশুল নেওয়া হয় কি না বা হলে কত তা তুলনা করে একটি কাঠামো দাঁড় করানো উচিত।
সভায় মাহবুবুল আলম বলেন, পণ্য খালাসের সময় শিপিং এজেন্টরা দালিলিক কাজ, কনটেইনার পরিচ্ছন্নতা, মেরামত ও প্রশাসনিক—এসব খাতের নাম দিয়ে আমদানিকারক থেকে মাশুল আদায় করছেন। আবার আমদানি-রপ্তানি পণ্য পরিবহন-প্রক্রিয়ায় জড়িত ফ্রেইট ফরোয়ার্ডাররাও নির্ধারিত মাশুলের চেয়ে বেশি আদায় করছেন। এর নিরসন হওয়া দরকার।
বন্দরের টার্মিনাল ব্যবস্থাপক এনামুল করিম বলেন, পণ্য খালাসে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন খাতে মাশুল একটি যৌক্তিক পর্যায়ে আনতে রাজস্ব বোর্ড ও বন্দরের অনেকগুলো কমিটি হয়েছে। কমিটির দিকনির্দেশনাও ছিল। কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার বালি সম্মেলন অনুযায়ী, সরকারি প্রতিষ্ঠান বেসরকারি সংস্থার মাশুল কত হবে তা নির্ধারণ করে দিতে পারে না। এ কারণে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া উচিত।
মতবিনিময় সভায় বিজিএমইএর প্রথম সহসভাপতি নাছির উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, কনটেইনার ময়লা হয় এমন পণ্য পরিবহনের জন্য এমনিতেই আমদানিকারকেরা ভাড়া বেশি দিচ্ছেন। এর পরও কেন ময়লা হওয়ার মতো পণ্য আমদানি করলে কনটেইনার পরিষ্কার-পরিচ্ছন্নতা বাবদ মাশুল দিতে হবে?
শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল হক চৌধুরী কয়েকটি খাতের মাশুলের যৌক্তিকতা তুলে ধরে বলেন, বন্দরে পণ্য খালাসের সময় কনটেইনার ক্ষতিগ্রস্ত হলে কেউ দায়িত্ব নেয় না। বন্দর দায়িত্ব নিলে এই খাতে কোনো মাশুল আদায় করার সুযোগ হতো না। একই খাতের মাশুল একই ধরনের হওয়া উচিত অর্থাৎ যৌক্তিক পর্যায়ে আনার তাগিদ দেন তিনি।
কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, হয়তো ৫ শতাংশ জাহাজ কোম্পানি অযৌক্তিক মাশুল আদায় করছে। ৯৫ শতাংশ কোনো অযৌক্তিক মাশুল আদায় করে না। এর পরও ৫ শতাংশের জন্য ৯৫ শতাংশকে দায়ী করা ঠিক নয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন কাস্টমসের যুগ্ম কমিশনার নেয়াজুর রহমান, চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ ও এ কে এম আকতার হোসেন, বিকেএমইএর পরিচালক শওকত ওসমান, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক এন এইচ গুহ, সাবেক পরিচালক সাহেদ সারোয়ার প্রমুখ।