পণ্য খালাসে তিন-চার গুণ সময় বেশি লাগছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর চত্বরে কনটেইনার খুলে আমদানি পণ্য খালাসে তিন-চার গুণ সময় লাগছে। বিশেষ করে এক কনটেইনারে আসা একাধিক আমদানিকারকের পণ্য খালাসে বেশি ভোগান্তির ঘটনা ঘটছে।বন্দরে নিয়োজিত বার্থ অপারেটরদের ব্যর্থতার কারণেই এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহাবুব চৌধুরী। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে তিনি উদাহরণ দিয়ে বলেন, গত ১৩ জুন এমভি ওশান অ্যারো জাহাজ থেকে পোশাকশিল্পের পণ্যভর্তি একটি কনটেইনার নামানো হয়। এই কনটেইনারে ১০টি কারখানার কাঁচামাল আমদানি হয়। সেটি থেকে পণ্য খালাসে সময় লাগে ১৩ দিন। অথচ তিন দিনের মধ্যে এই পণ্য খালাস হওয়ার কথা। সংবাদ সম্মেলনে চেম্বারের পরিচালক আবদুল আউয়াল, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, আবদুল হাই মাছুম প্রমুখ বক্তব্য দেন। মাহাবুব চৌধুরী বলেন, পোশাকশিল্পের রপ্তানি আদেশ গ্রহণের প্রায় দুই মাসের মধ্যে কাঁচামাল আমদানি থেকে শুরু করে পোশাক তৈরি করে জাহাজীকরণ করতে হয়। এই প্রক্রিয়ায় কোনো জায়গায় বিলম্ব হলে রপ্তানিকারকদের ক্ষতিগ্রস্ত হতে হয়।সংবাদ সম্মেলনে সাতটি দাবি জানানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তিন দিনের মধ্যে কনটেইনার থেকে পণ্য খালাস ও স্বয়ংক্রিয় পদ্ধতি কার্যকর করা এবং জাহাজ থেকে নামানোর পর সরাসরি বেসরকারি ডিপোতে কনটেইনার পাঠানো।