পণ্য খালাসে ভোগান্তি দূর করতে এনবিআরের পদক্ষেপ
কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোতে পণ্য খালাসে ভোগান্তি দূর করতে পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ছাড়া কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোতে পরিসংখ্যানবিষয়ক তথ্যাদি সামঞ্জস্যপূর্ণ করা হবে বলে এনবিআরের এক প্রজ্ঞাপনে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এনবিআরের অধীন কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোতে পণ্য খালাসে আমদানি-রপ্তানিকারকদের ভোগান্তির বিষয়টি নজরে এসেছে এনবিআরের। এ সমস্যা দূর করাসহ সেবার মান বাড়াতে কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। নির্দেশনা অনুযায়ী, পণ্য খালাসে হয়রানি, সময়ক্ষেপণ, ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে। এ ছাড়া কাস্টম হাউসগুলোর প্রয়োজনীয় নিরাপত্তা, স্ক্যানিং ও যন্ত্রপাতির সবশেষ অবস্থা নিরূপণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে গৃহীত পদক্ষেপের বিষয়ে অবহিত করার নির্দেশনা দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, সব পর্যায়ে করদাতাদের সর্বোচ্চ সেবা দিতে কাজ করছে এনবিআর। আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোকে সর্বোচ্চ আন্তরিকতা ও সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।