পণ্য পরিবহনে জাহাজ সংকট, বাড়ছে খরচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাস ধরে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালের আমদানি বেড়েছে। নতুন করে আসছে কয়লা। তবে পণ্য আমদানি বাড়লেও বন্দরে বড় জাহাজ থেকে নদীপথে দেশের নানা স্থানে পরিবহনের জন্য পর্যাপ্ত লাইটার জাহাজ পাচ্ছেন না ব্যবসায়ীরা। এতে নদীপথে পণ্য সরবরাহব্যবস্থাও বিশৃঙ্খল হয়ে পড়ছে।
সরবরাহে সময় বেশি লাগায় পণ্য পরিবহন খরচও বাড়ছে। পর্যাপ্ত লাইটার জাহাজ বরাদ্দ করা হলে বন্দরের বহির্নোঙরে প্রতিটি বড় জাহাজ প্রতিদিন ৮ থেকে ১০ হাজার টন পণ্য খালাস করা যায়। জাহাজসংকটে এখন গড়ে ২ হাজার টন পণ্য খালাস হচ্ছে। ফলে সময় বেশি লাগছে। যেমন, ৫৫ হাজার টনের এক জাহাজ চিনি অন্তত ৮-১০ দিনে খালাসের সুযোগ থাকলেও সময় লেগেছে ৬৮ দিন। আবার ৩০ হাজার টনের সিমেন্ট ক্লিংকার খালাসে সময় লেগেছে ৩৬ দিন।
প্রতিদিন বাড়তি সময় অবস্থানের জন্য জাহাজের ধারণক্ষমতা অনুযায়ী ১০ থেকে ১৫ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিচ্ছেন আমদানিকারকেরা। জরিমানার এই খরচ ব্যবসায়ীরা যোগ করবেন পণ্য আমদানির খরচের সঙ্গে। ধাপে ধাপে ক্রেতার ওপর এসে পড়বে এ খরচ। এই তালিকায় আছে ভোগ্যপণ্য, সিমেন্টশিল্পের কাঁচামাল, সার ও বাণিজ্যিক পণ্য। গুটিকয়েক ছাড়া বড় জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো বিদেশি। অর্থাৎ নিজেদের সংকটে বাড়তি ডলার তুলে দিতে হচ্ছে বিদেশিদের হাতে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই সংকটের নেপথ্যের কারণ হলো পণ্য আমদানি বাড়লেও তা অভ্যন্তরীণ নদীপথে পরিবহনের জন্য লাইটার জাহাজের সংখ্যা বাড়েনি। গত বছর মন্দার কারণে অনেক উদ্যোক্তা পুরোনো লাইটার জাহাজ বাতিল লোহা হিসেবে বিক্রি করে দিয়েছেন। এর মধ্যে সমুদ্র পরিবহন অধিদপ্তর লাইটার জাহাজ নির্মাণের অনুমোদন বন্ধ রাখায় সংকট তীব্র হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন।
প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘সিমেন্টের কাঁচামাল আমদানি প্রতিবছর বাড়ছে। নতুন করে বছরে ৩০ লাখ টন কয়লা আসছে। তিন বছর পর বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আমদানি এক কোটি টনে দাঁড়াবে। উন্নয়নকাজের জন্য নির্মাণসামগ্রীও আসবে। দেশের ভেতর নদীপথে এসব পণ্য পরিবহনে নতুন করে লাইটার জাহাজের চাহিদা বাড়ছে। অথচ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের চাপে এম শ্রেণির লাইটার জাহাজ নির্মাণে অনুমোদন বন্ধ করে দিয়েছে সমুদ্র পরিবহন অধিদপ্তর।’
বন্দরে এ মুহূর্তে সবচেয়ে বেশি আমদানিপণ্য আছে সিটি গ্রুপের। লাইটার জাহাজসংকটের কারণে এই শিল্পগ্রুপটি বড় জাহাজ থেকে পণ্য খালাস করতে না পারায় জরিমানা গুনছে। সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিত সাহা গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘এখন প্রতিদিন আমরা পণ্যবাহী প্রতিটি বড় জাহাজে ২০ হাজার মার্কিন ডলার করে ক্ষতিপূরণ দিচ্ছি।’
সাগর থেকে পণ্য খালাসের জন্য আমদানিকারকেরা লাইটার জাহাজ বরাদ্দ নেন ‘ওয়াটার ট্রান্সপোর্ট সেল’ নামে একটি বেসরকারি সংস্থা থেকে। এই সংস্থার আওতায় ৪৫০ জন মালিকের প্রায় ৭৫০টি লাইটার জাহাজ নিয়মিত চলাচল করছে। এর বাইরে কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের নিজস্ব ও ভাড়া করা লাইটার জাহাজে পণ্য পরিবহন হয়।
ওয়াটার ট্রান্সপোর্ট সেল সূত্র জানায়, পণ্য আমদানি বাড়ার পর গত সেপ্টেম্বর থেকে সংকট শুরু হয়। পর্যাপ্ত জাহাজ না থাকায় অক্টোবরে তিন দিন জাহাজ বরাদ্দ সভা হয়নি। গত মঙ্গলবারও বরাদ্দ সভা হয়নি। আবার জাহাজ বরাদ্দ সভা হলেও প্রতিদিন চাহিদা অনুযায়ী পাচ্ছেন না আমদানিকারকেরা। গত সোমবার বন্দরের তৈরি করা এক প্রতিবেদনে দেখা যায়, বন্দরের জলসীমায় সাগরে এখন খোলা পণ্যবাহী ৪১টি বড় জাহাজ রয়েছে। এসব জাহাজে আমদানি হয়েছে ১৫ লাখ ৯০ হাজার টন ভোগ্যপণ্য, শিল্পের কাঁচামাল, কয়লা ও সার। প্রতিবেদন অনুযায়ী, এক দিনে পণ্য খালাস হয়েছে ৮৫ হাজার টন। খালাসের অপেক্ষায় আছে প্রায় সাত লাখ টন পণ্য।