পণ্য পরিবহনে নিরাপত্তা চাইলেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে রপ্তানি বাণিজ্য সচল রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য পরিবহনে নিরাপত্তা ও নিশ্চয়তা চাইলেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। এ জন্য তাঁরা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারের সঙ্গে সাক্ষাৎ করেন। আইজিপির কার্যালয়ে গতকাল বুধবার সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ ও সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী প্রমুখ। বিজিএমইএ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ব্যবসায়ী নেতারা বলেন, ঘন ঘন হরতালের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে নিরাপদে পণ্য পরিবহন করা যাচ্ছে না। হাসান মাহমুদ বলেন, ‘যেকোনো মূল্যে সরকার রপ্তানি বাণিজ্য সচল রাখতে বদ্ধপরিকর। সরকার এ ব্যাপারে ব্যবসায়ীদের সব ধরনের নিশ্চয়তা দিচ্ছে।’ তিনি আরও বলেন, পণ্য পরিবহন নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশকে আরও সক্রিয় ও তৎপর করা হবে।