পণ্য পরিবহনে সংকট, গতি কমেছে স্থলবন্দরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান টানা অবরোধে দেশের স্থলবন্দরগুলো থেকে পণ্য খালাস কমে গেছে। মূলত পরিবহনসংকট ও নিরাপত্তাঝুঁকির কারণে ব্যবসায়ীরা পণ্য খালাস করছেন কম। এ কারণে স্থলপথে আমদানি-রপ্তানি বিঘ্নিত হচ্ছে। স্থলবন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম প্রায় স্বাভাবিক থাকলেও গতি কমেছে।
স্থলবন্দর থেকে পণ্য পরিবহনে দূরত্ব ও পরিস্থিতিভেদে ট্রাকভাড়া বেড়েছে ৩ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। জরুরি প্রয়োজনে আমদানিকারকেরা পণ্য ঢাকাসহ বিভিন্ন স্থানে নিচ্ছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র্যা বের পাহারায় পণ্যবাহী ৬০-৭০টি ট্রাকের বহর একসঙ্গে গন্তব্যে যাচ্ছে। তবে এমন বহরের মাঝখানে থাকা ট্রাকেও হামলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
পণ্য খালাস কমে যাওয়ায় দেশের প্রধান স্থলবন্দর বেনাপোলের ইয়ার্ড ও শেডে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক হাজার টন বেশি পণ্য রয়েছে। অন্য স্থলবন্দরগুলোতে পণ্য খালাসের পাশাপাশি আমদানিও কমেছে। স্থলবন্দর কর্তৃপক্ষ, আমদানিকারক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সারা দেশে ২০টি স্থলবন্দর থাকলেও নিয়মিত আমদানি-রপ্তানি হয় নয়টিতে। এগুলো হলো যশোরের বেনাপোল, সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ, দিনাজপুরের হিলি, লালমনিরহাটের বুড়িমারী, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, সিলেটের তামাবিল, কক্সবাজারের টেকনাফ ও পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। হরতাল ও অবরোধেও এসব স্থলবন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম প্রায় স্বাভাবিক রয়েছে। তবে আখাউড়া ছাড়া অন্য স্থলবন্দরগুলো দিয়ে আমদানির পরিমাণ রপ্তানির চেয়ে অনেক বেশি।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোয়েজ্জদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, স্থলবন্দরগুলোর কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। পণ্য খালাসের পরিমাণও অনেকটা আগের মতোই রয়েছে। ব্যবসায়ীদের পণ্য পরিবহনের বিষয়টি বন্দর কর্তৃপক্ষ দেখভাল করে না।
ট্রাকভাড়া বেড়েছে ৩-১০ হাজার টাকা: অবরোধে পণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের বেশ কিছু ঘটনা ঘটেছে। তাই নিরাপত্তাঝুঁকির কারণে পরিস্থিতি বুঝে ট্রাকভাড়া বাড়িয়ে দিয়েছেন ট্রাকমালিকেরা। এই ভাড়া বেড়েছে ৩ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।
বেনাপোল স্থলবন্দর থেকে এখন ঢাকার ট্রাকপ্রতি ভাড়া ২০-২২ হাজার টাকা। অবরোধের আগে এই ভাড়া ছিল ১৬-১৭ হাজার টাকা। ভোমরা-ঢাকা পথে ট্রাকভাড়া ছিল ১৯-২০ হাজার টাকা। এখন বেড়েছে দুই-তিন হাজার টাকা। হিলি থেকে ঢাকায় পণ্য আনতে প্রতি ট্রাকের জন্য ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। আগে ভাড়া ছিল ২০-২২ হাজার টাকা। সোনামসজিদ থেকে ঢাকার ট্রাকভাড়া এখন ২৫-২৭ হাজার টাকা। আগে ছিল ১৭-১৮ হাজার টাকা।
বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী বলেন, ‘নিরাপত্তাব্যবস্থা জোরদার করায় ট্রাকে পণ্য পরিবহন বাড়ছে। বেশি ট্রাক চলাচল করায় ভাড়াও কমছে। আশা করি, শিগগির ভাড়া স্বাভাবিক হয়ে যাবে।’
স্থলবন্দরের চিত্র: সংশ্লিষ্ট সূত্র জানায়, অবরোধ শুরুর পর বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস কমেছে। এখন প্রতিদিন গড়ে ৩৫০-৪৫০ ট্রাক পণ্য নিয়ে বিভিন্ন স্থানে যাচ্ছে। স্বাভাবিক সময়ে দৈনিক গড়ে ৫৫০টি ট্রাক পণ্য নিয়ে যায়।
আমদানি পণ্য খালাস কমে যাওয়ায় বেনাপোলে পণ্যের মজুত বাড়ছে। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, এই বন্দরের পণ্যধারণক্ষমতা ৪২ হাজার মেট্রিক টন। গতকাল বৃহস্পতিবার মজুত ছিল ৩৫ হাজার ৮৯৭ টন পণ্য। স্বাভাবিক সময়ে দৈনিক ২৭ থেকে ৩০ হাজার টন পণ্য থাকে। পণ্য রাখার জন্য আমদানিকারকদের ভাড়া দিতে হয়।
বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আতিকুর রহমান প্রথম আলোকে জানান, প্রতিদিন যে পরিমাণ পণ্য আমদানি হচ্ছে, সেই অনুযায়ী বন্দর থেকে বের হচ্ছে না। ব্যবসায়ীদের সুবিধার কথা ভেবে শুক্র ও শনিবার বন্ধের দিনেও শুল্কায়ন প্রক্রিয়া চালু রাখা হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা পণ্য খালাস করতে আগ্রহী নন।
গত বুধবার পানি শোধন ও টিস্যু পেপার তৈরির কাজে ব্যবহৃত ৭২ টন ‘অ্যালোমোনিয়া হাইড্রেড’ নামে রাসায়নিক পদার্থ আমদানি করেছেন বেনাপোলের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক। তিনি পণ্য খালাস করেননি। এ বিষয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক থাকলে বুধবারই খালাস করতাম। কিন্তু পণ্য ঢাকা বা চট্টগ্রামে নিরাপদে পৌঁছানোর মতো ন্যূনতম নিশ্চয়তা নেই বলে বন্দরে ফেলে রাখতে হচ্ছে। এতে আর্থিক ক্ষতি হচ্ছে।’
সোনামসজিদ স্থলবন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে সমস্যা রয়েছে পণ্য পরিবহনে। এই পথে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলো শিবগঞ্জ উপজেলা এলাকা। এই বন্দর থেকে পণ্য খালাস করে ট্রাকে নিয়ে যাওয়ার পথে এ পর্যন্ত তিনটি ট্রাকে অগ্নিসংযোগ এবং ২৫টি ট্রাকে ভাঙচুর হয়েছে। ট্রাকে আগুন দেওয়ার পর এ বন্দর থেকে পণ্য পরিবহন নয় দিন বন্ধ ছিল। পরে সোমবার থেকে আবারও পণ্য পরিবহন শুরু হয়েছে। পণ্য পরিবহনে সহায়তা করছে বিজিবি, র্যা ব ও পুলিশ। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত দুই দফায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় পণ্যবাহী ১০১টি ট্রাক সোনামসজিদ বন্দর ছেড়েছে। স্বাভাবিক সময়ে পণ্যবাহী ট্রাক যায় প্রায় ৩০০টি।
গতকাল হিলি স্থলবন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম প্রায় স্বাভাবিক থাকলেও আমদানি প্রায় অর্ধেকে নেমে এসেছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন এ বন্দর দিয়ে ২০০-২২০ ট্রাক পণ্য আমদানি হয়। এখন হচ্ছে ১০০-১২০ ট্রাক পণ্য। বন্দরের আনুষ্ঠানিকতা শেষে একসঙ্গে সব ট্রাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় গন্তব্যে যাচ্ছে।
বুড়িমারী স্থলবন্দর দিয়েও আমদানি কমেছে। বুধবার এ বন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে ১৬৭টি পণ্যবাহী ট্রাক এসেছে। ওই রাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় ১৩০টি ট্রাক বন্দর ছেড়েছে। স্বাভাবিক সময়ে ২০০ থেকে ২৫০ ট্রাক পণ্য আসে।
দেশের একমাত্র রপ্তানিনির্ভর স্থলবন্দর আখাউড়া। এই বন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য রপ্তানি হয়। হরতাল-অবরোধে এই বন্দর দিয়ে দৈনিক রপ্তানি অর্ধেকে নেমেছে। গতকাল এই বন্দর দিয়ে ৭৪টি ট্রাকে পাথর, মাছসহ অন্যান্য পণ্য ত্রিপুরার আগরতলায় গেছে। স্বাভাবিক সময়ে এই বন্দর দিয়ে ১৫০-১৬০ ট্রাক পণ্য রপ্তানি হয়। সিলেট থেকে পাথর এনে এই বন্দর দিয়ে রপ্তানি হয়। ট্রাকভাড়া বেড়েছে ১২০০-১৫০০ টাকা।
অবশ্য অবরোধ ও হরতালের কোনো প্রভাব পড়েনি ভোমরা বন্দরে। ভোমরা কাস্টম কার্যালয় সূত্র জানায়, এই স্থলবন্দর দিয়ে এখন প্রতিদিন গড়ে ৩৫০ ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হচ্ছে। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে গড়ে ১৫-১৬ ট্রাক পণ্য। ৬ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ৪ হাজার ৮৫৫ ট্রাক পণ্য আমদানি এবং ২৩৮ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামান জানান, অবরোধ-হরতালের জন্য এই বন্দরে আমদানি-রপ্তানিতে কোনো সমস্যা হচ্ছে না। তবে এই বন্দর থেকে যাওয়া পেঁয়াজবোঝাই একটি ট্রাকে ১১ জানুয়ারি যশোরে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি হয়নি।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সাতক্ষীরার কল্যাণ ব্যানার্জি, চাঁপাইনবাবগঞ্জের আনোয়ার হোসেন, যশোরের মনিরুল ইসলাম, আখাউড়ার দুলাল ঘোষ, বিরামপুরের (দিনাজপুর) এ এস এম আলমগীর ও পাটগ্রামের (লালমনিরহাট) এবি সফিউল আলম)