পণ্য বাণিজ্যে ঘাটতি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের পণ্য বাণিজ্যে ঘাটতি বেড়েছে। মূলত রপ্তানির চেয়ে আমদানি বৃদ্ধির হার বেশি থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি ঘাটতি বেড়েছে সেবা খাতের বাণিজ্যেও।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের লেনদেনের ভারসাম্য সারণি থেকে এই চিত্র পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের লেনদেন ভারসাম্যের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১৪-১৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ২৩৯ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে ঘাটতি ছিল ১২৬ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ বাণিজ্য ঘাটতি দ্বিগুণ হয়ে গেছে।
বাংলাদেশ পণ্য রপ্তানি করে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে, পণ্য আমদানির জন্য তার চেয়ে বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয় বলে বাণিজ্যে ঘাটতি দেখা দেয়।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, আলোচ্য সময়য়কালে পণ্য রপ্তানি আয় আগের বছরের তুলনায় প্রায় ১ শতাংশ বেড়েছে। বিপরীতে পণ্য আমদানির ব্যয় বেড়েছে সাড়ে ১৩ শতাংশ। এটি অবশ্য রপ্তানি আয় ও আমদানি ব্যয়ের এফওবিভিত্তিক হিসাব। অর্থাৎ আমদানি-রপ্তানির জন্য জাহাজীকৃত পণ্যের প্রকৃত মূল্যভিত্তিক হিসাব। আর তাই রপ্তানির জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান এবং আমদানির জন্য কাস্টমসের সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) মূল্যের সঙ্গে কিছুটা পার্থক্য দেখা যায়।
বিনিয়োগ চাহিদা বাড়তে শুরু করায় আমদানিও বেড়েছে বলে মনে করা হচ্ছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) প্রথম প্রান্তিকের অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদনে এ প্রসঙ্গে বলেছে, ‘তুলনামূলকভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে উৎসাহিত হয়ে মূলধনি যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি শুরু করেছে, যা সার্বিক আমদানিকে বাড়িয়েছে।’
অবশ্য এ বিষয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, ‘মাত্র এক প্রান্তিকের পরিসংখ্যান দেখে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে না। আমদানি কী কারণে বাড়ছে, তা এখনো স্পষ্ট নয়। সত্যিই শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি বেড়েছে কি না, তা ভালোভাবে খতিয়ে দেখতে হবে। কাগজে-কলমে এটি বাড়লেও বাস্তব পরিস্থিতি বোঝার জন্য অন্তত আরও একটি প্রান্তিক অপেক্ষা করতে হবে।’
আলোচ্য সময়ে সেবা খাতের বাণিজ্যে আয়ের তুলনায় ব্যয় দ্বিগুণের বেশি হওয়ায় ঘাটতিও বেড়েছে। এই খাতের বাণিজ্যে মূলত বিমা, ভ্রমণ ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সেবা খাতের বাণিজ্যে ৮১ কোটি ৩০ লাখ ডলার আয়ের বিপরীতে ব্যয় হয়েছে ২১৪ কোটি ৬০ লাখ ডলার। ফলে সেবা বাণিজ্যে ১৩৩ কোটি ৩০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে, যেখানে গত অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৮৮ কোটি ডলার।
আলোচ্য সময়কালে চলতি হিসাবের ভারসাম্যে ৩৫ কোটি ৭০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে এটি ছিল ৬৬ কোটি ৬০ লাখ ডলার ।
সাধারণভাবে চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝানো হয়। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে তা পূরণ করতে ঋণ নিতে হয়।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ৩৬ কোটি ৬০ লাখ ডলারের, যা তার আগের বছরের চেয়ে ১০ শতাংশ বেশি। ২০১৩-১৪ অর্থবছরে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৩৩ কোটি ২০ লাখ ডলার।
সার্বিকভাবে অবশ্য লেনদেনের ভারসাম্য পরিস্থিতির একটু উন্নতি হয়েছে। আলোচ্য সময়কালে লেনদেনের ভারসাম্যে ১১৭ কোটি ৭০ লাখ ডলারের উদ্বৃত্ত দাঁড়িয়েছে যেখানে ২০১৩-১৪ অর্থবছর শেষে এটি ছিল ১০৫ কোটি ৬০ লাখ ডলার।