নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাবেচার ক্ষেত্রে খুচরা বিক্রেতা, পাইকার ও পরিবেশক—এই তিনটি পর্যায়েই পাকা রসিদ ব্যবহার করতে হবে। এ ছাড়া পণ্যমূল্য টাঙিয়ে রাখতে হবে দোকানের প্রকাশ্য স্থানে।
বাণিজ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ রকম পাঁচটি নির্দেশনার কথা জানিয়ে দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি পাঠিয়েছে। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে ঢাকার দুই (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে।
এক শ্রেণির ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলেও নির্দেশনামূলক চিঠিতে জানানো হয়। এতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ ঠিক রাখতে ব্যবসায়ীদের উদ্দেশে বিভিন্ন পত্র জারি করা হয়। কিন্তু তা পরিপালিত হচ্ছে না। আইন অমান্য করে কোনো কোনো ব্যবসায়ী বরং ভোক্তা সাধারণের স্বার্থ ক্ষুণ্ন করছে।
পাকা রসিদ ব্যবহার ও পণ্যমূল্য টাঙিয়ে রাখার নিয়ম বর্তমানেও বলবৎ রয়েছে। কিন্তু তা কার্যকর নয়। পাকা রসিদ হচ্ছে দোকান বা প্রতিষ্ঠানের নাম-ঠিকানাসহ ছাপানো কাগজের রসিদ৷ এর বাইরে সাদা কাগজে সিল মেরে রসিদ বানানোর একধরনের রেওয়াজ রয়েছে ব্যবসায়ীদের মধ্যে৷
রসিদ ব্যবহার ও পণ্যমূল্য টাঙিয়ে রাখার বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে রাজধানীতে মাঝে মাঝে অভিযান পরিচালনা করতে দেখা যায়। তবে প্রতিটি জেলায় একটি করে বাজার তদারক দল থাকলেও তারা কোনো কাজ করে না। ফলে সারা দেশেই বিষয়টি নিয়ন্ত্রণহীন অবস্থায় রয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও দোকানের প্রকাশ্য স্থানে মূল্যতালিকা প্রদর্শিত হচ্ছে না বলে সরকারের দৃষ্টিতে এসেছে।’
বিভাগীয় কমিশনার ও ডিসিদের উদ্দেশে পাঁচটি বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলেছে বাণিজ্য মন্ত্রণালয়। এগুলো হচ্ছে: দোকানের প্রকাশ্য জায়গায় পণ্যমূল্য প্রদর্শন করা, কেনাবেচায় পাকা রসিদের ব্যবহার, এসব রসিদ রক্ষণ করা, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) অনুযায়ী পণ্য কেনাবেচা করা এবং বাজার পরিদর্শনকারী দল বা ভ্রাম্যমাণ আদালতকে চাহিবামাত্র পাকা রসিদ দেখানো।
যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এ নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও মোবাইল কোর্ট আইন এবং ১৯৫৬ সালের কন্ট্রোল অব এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের ব্যবসায়িক লাইসেন্স (নিবন্ধন) সাময়িকভাবে বাতিল এবং পণ্য বাজেয়াপ্ত করার কথাও বলা হয়েছে।
এই নির্দেশনা কতটা বাস্তবানুগ, তা জানতে চাইলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা চেষ্টা করছি। দেখি না, কতটা বাস্তবায়িত করা সম্ভব হয়।’ এই পথে কাজ না হলে পরে বিকল্প ভাবা হবে বলে জানান বাণিজ্যসচিব। কী বিকল্প হতে পারে, তা অবশ্য পরিষ্কার করেননি তিনি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১০ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত অভিযান করে আট কোটি টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে প্রায় আড়াই কোটি টাকা জরিমানাই হয়েছে মোড়কে উল্লেখিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করার অভিযোগে। কিন্তু, কারও লাইসেন্স বাতিল বা কারও বিরুদ্ধে মামলা করার উদাহরণ তৈরি হয়নি এখনো।
অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল হোসেন মিঞা প্রথম আলোকে বলেন, ‘আমরা তদারকি বাড়াব। এত দিন নিজস্ব সমস্যার কারণে মামলা করা যেত না, এখন মামলার পথেও যাব।’
কিশোরগঞ্জের ডিসি এস এম আলম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ রকম নির্দেশনা আগে থেকেই রয়েছে এবং সে অনুযায়ী কাজও করছেন তাঁরা। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পণ্যমূল্য টাঙিয়ে রাখা ও রসিদ ব্যবহার কীভাবে বাস্তবায়ন করবেন—জানতে চাইলে তিনি বলেন, ভোক্তাদের সচেতন করতে নিয়মিত ভিত্তিতে প্রচারাভিযান চালানো হচ্ছে। তবে জেলা প্রশাসনের বাজার তদারক দল দেশজুড়েই ততটা কার্যকর নয় বলে মনে করেন এস এম আলম।