ব্যবসায়ীদের পাশাপাশি ঘরে ঘরে ভোক্তারাও পণ্য মজুদ করছে। এমন লাখ লাখ মজুদদারের পরেও যে বাজার কিছুটা স্থিতিশীল, সেটাই বিস্ময়কর এক ব্যাপার। বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বর্তমান বাজার পরিস্থিতির বিশ্লেষণ করতে গিয়ে এ কথা বলেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং দেশের বাজারে নতুন পক্ষের অন্তর্ভুক্তির ফলে এখন বাজার কিছুটা অস্থিতিশীল থাকবে। এ রকম এক পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে, তা অবশ্যই ভালো। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের এই হস্তক্ষেপ যথাযথ না হলে বাজারে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আনপ্লেজেন্ট ইকোনমিকস নামে অধ্যাপক এম এ তসলিমের অর্থনীতির নীতি বিশ্লেষণ-সম্পর্কিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ওয়াহিদউদ্দিন মাহমুদ গতকাল শনিবার এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ তসলিম বর্তমানে ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা। বইটিতে বাজারব্যবস্থা, মুদ্রানীতি, সিন্ডিকেট ও প্রবাসী-আয়প্রবাহসহ (রেমিট্যান্স) সামষ্টিক এবং ক্ষুদ্র পর্যায়ে অর্থনীতির নানান বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে। অধ্যাপক মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, অর্থনৈতিক ব্যবস্থাপনায় নীতি বিশ্লেষণের কোনো বিকল্প নেই। শুধু সম্পদের ওপর অর্থনৈতিক উন্নতি নির্ভর করে না, সম্পদ ব্যবস্থাপনাই হচ্ছে উন্নয়নের প্রধান শর্ত। এর সঙ্গে দুর্নীতিমুক্ত প্রশাসনও দরকার। তিনি বলেন, প্রকাশিত বইটি নীতি বিশ্লেষণে সহায়তা করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুুর রহমান, ইংরেজি দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বাণিজ্যসচিব গোলাম হোসেন, ইকনোমিক রিসার্চ গ্রুপের সাজ্জাদ জহির, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের মাহমুদুল হক প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন। আতিউর রহমান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশি চাপ নয়, দেশীয় বুদ্ধিজীবী ও গবেষকদের চিন্তা-চেতনা এবং গবেষণার আলোকে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া উচিত। এর জন্য তিনি নিজেদের সেই সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।গভর্নর বলেন, আন্তর্জাতিক বাজার থেকে উচ্চ দামে পণ্য আমদানি করতে গিয়ে একই সঙ্গে মূল্যস্ফীতিও আমদানি করা হচ্ছে। মূল্যস্ফীতির চাপ সামলাতে হলে অভ্যন্তরীণ বাজার সৃষ্টি করতে হবে। তিনি বলেন, জ্বালানি-সংকটের কারণে গত দুই বছরে দেশে বড় কোনো অবকাঠামোগত বিনিয়োগ আসেনি। তবে তার পরও যে হারে প্রবৃদ্ধি হয়েছে, তা সন্তোষজনক। হোসেন জিল্লুর বলেন, শুধু নৈতিক চাপে বাজারকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। এ জন্য রাষ্ট্রের দক্ষতাও বাড়াতে হবে। এ ক্ষেত্রে রাজনীতিবিদদের পাশাপাশি পেশাজীবীদেরও বিরাট ভূমিকা রয়েছে। বিশেষ করে অর্থনীতিবিদেরা অবদান রাখতে পারেন। গোলাম হোসেন বলেন, অভ্যন্তরীণ বাজার মুষ্টিমেয় কিছু ব্যবসায়ী নিয়ন্ত্রণ করে থাকেন। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম বেড়ে যায়। এমনকি বাজেটে কোনো উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়নের আগেই বাজারে প্রভাব পড়ে। এ থেকে বোঝা যায়, ব্যবসার যে সাধারণ ধর্ম বা শিক্ষা রয়েছে, তা এখানে নেই। কিছুটা একচেটিয়ার কারণে বাজারে পণ্যমূল্য বাড়ে বলে তিনি মনে করেন। গোলাম হোসেন আরও বলেন, মূল্য বাড়ার অন্যতম প্রধান কারণ ডিও ব্যবসা। অনেক ক্ষেত্রে ব্যাংকও এসব ডিওর বিপরীতে ঋণ দেয়। এই ডিও প্রথা বাতিল করে ডিলারশিপ অথবা ডিস্ট্রিবিউশন প্রথা চালু করতে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। তবে সরবরাহ ব্যবস্থা ঠিক রেখেই নতুন পদ্ধতিতে যাওয়া হবে বলে তিনি জানান।