পণ্য রপ্তানি আয় বেড়েছে ৮.৯৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশের পণ্য রপ্তানি থেকে ৩ হাজার ৬৬ কোটি মার্কিন ডলার আয় হয়েছে। এ আয় ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ের চেয়ে ৮ দশমিক ৯৫ শতাংশ বেশি। গত অর্থবছরে এ সময়ে আয় হয়েছিল ২ হাজার ৮১৪ কোটি ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ (ইপিবি) আজ বুধবার দেশের পণ্য রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করে। এতে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ২২ কোটি ডলার। সেই হিসাবে আলোচ্য সময়ে অর্জিত রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৪৭ শতাংশ বেশি হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় চলতি অর্থবছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৩ হাজার ৩৫০ কোটি ডলার। তার মানে, অর্থবছরের শেষ মাসে ২৮৪ কোটি ডলার রপ্তানি আয় হলেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। সর্বশেষ অর্থবছরে ৩ হাজার ১২০ কোটি ডলারের রপ্তানি আয় হয়েছে।

ইপিবি বলছে, গত মে মাসে ৩০২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় ২০১৫ সালের মে মাসের ২৮৪ কোটি ডলারের চেয়ে ৬ দশমিক ৬ দশমিক ৫৪ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের প্রথম ১১ মাসের রপ্তানি আয়ের মধ্যে ৮১ দশমিক ৮০ শতাংশই তৈরি পোশাক খাত থেকে এসেছে। আলোচ্য সময়ে খাতটির রপ্তানি আয় হয়েছে ২ হাজার ৫০৮ কোটি ডলার। এই আয় গত অর্থবছরের একই সময়ের ২ হাজার ২৯১ কোটি ডলারের চেয়ে ৯ দশমিক ৩৫ শতাংশ বেশি। পোশাক খাত থেকে চলতি অর্থবছরে ২ হাজার ৭৩৭ কোটি ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে।

পোশাকের পর দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় এসেছে চামড়া ও চামড়াজাত পণ্যের খাত থেকে। এ খাতের আয় ১০২ কোটি ৯২ লাখ ডলার। এই আয় গত অর্থবছরের প্রথম ১১ মাসের ১০৯ কোটি ডলারের চেয়ে ৫ দশমিক ৯২ শতাংশ কম।

এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে হিমায়িত খাদ্যে ১০১ কোটি ডলার, পাট ও পাটজাত পণ্যে ৮২ কোটি ডলার, হোম টেক্সটাইলে ৬৯ কোটি ডলার, কৃষিজাত পণ্যে ৫৩ কোটি ডলারের রপ্তানি আয় হয়েছে।