পণ্য রপ্তানি আয়ে এবার পাকিস্তানকে ছাড়াল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্য রপ্তানি আয়ে প্রথমবারের মতো পাকিস্তানকে অতিক্রম করে গেছে বাংলাদেশ। পাকিস্তানের বিজনেস রেকর্ডার পত্রিকা এই খবর প্রকাশ করেছে।এতে বলা হয়েছে, গত ২০১১-১২ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে পাকিস্তানের আয় হয়েছে দুই হাজার ৩৬০ কোটি ডলার। আর একই সময়ে বাংলাদেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে দুই হাজার ৪২৯ কোটি ডলার। তার মানে পাকিস্তানের তুলনায় বাংলাদেশের রপ্তানি আয় ৬৯ কোটি ডলার বেশি হয়েছে।বিজনেস রেকর্ডারে বলা হয়েছে, বাংলাদেশের রপ্তানি ঐতিহাসিকভাবেই পাকিস্তানের চেয়ে কম ছিল। কিন্তু গত অর্থবছর দেশটির প্রধান রপ্তানি বাজার ইউরোপে মূল্যস্ফীতির চ্যালেঞ্জ ও অন্যান্য অভ্যন্তরীণ সমস্যা সত্ত্বেও বাংলাদেশের রপ্তানি বেড়েছে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশের রপ্তানি আয় বার্ষিক লক্ষ্যমাত্রা দুই হাজার ৬০০ কোটি ডলারের চেয়ে কম হওয়ার পরেও প্রবৃদ্ধির হার পাকিস্তানের ওপরে রয়েছে।পাকিস্তানের রপ্তানি আয় ২০১০-১১ অর্থবছরে ছিল দুই হাজার ৪৮০ কোটি ডলার। আর ২০১১-১২ অর্থবছরে তা চার দশমিক ৭১ শতাংশ কমেছে। অন্যদিকে একই সময়ে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৯৩ শতাংশ।এতে আরও বলা হয়েছে, দুই দেশেরই ব্যাপকভাবে বস্ত্র ও পোশাক রপ্তানির ওপর নির্ভরশীল। তবে স্বল্পোন্নত দেশ হিসেবে বিশ্ববাজারে বিশেষত ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্য শুল্কমুক্ত ও শুল্কছাড় সুবিধা পেয়ে থাকে।উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের অর্থবছরই একই সময়কাল অর্থাৎ জুলাই-জুন ধরে হিসাব করা হয়।