পণ্য রপ্তানি বাড়াতে নতুন পরিকল্পনা করছে ভারত
বিশ্ববাজারে যখন বিভিন্ন পণ্যের চাহিদা কমে যাচ্ছে, তখন ভারতের বাণিজ্য মন্ত্রণালয় ২০১৩-১৪ অর্থবছরের শেষে গিয়ে দেশটির বার্ষিক রপ্তানি ৫০ হাজার কোটি ডলারে উন্নীত করার কিছু কৌশল প্রণয়নের কাজে হাত দিয়েছে।মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানান, ‘কার্যপরিকল্পনা তৈরি করতে এক মাস লাগবে। রপ্তানিকারকদের লেনদেন ব্যয় হ্রাস এবং আমদানিকারক দেশে তাঁরা যেন অশুল্ক বাধার মুখে না পড়েন—এই দুটি মূল লক্ষ্য নিয়ে কৌশল প্রণীত হচ্ছে।’জানা গেছে, গত বছরের মে মাসে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বার্ষিক রপ্তানি তিন বছরের মধ্যে দ্বিগুণ করার একটি কৌশলপত্র প্রণয়ন করে। ২০১০-১১ অর্থবছরের ২৫ হাজার ১০০ কোটি ডলার রপ্তানিকে ভিত্তি ধরে এই পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু, বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দেওয়ায় গোটা পরিকল্পনা নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়।ইউরোপের বাজারে বিপর্যয় ও মার্কিন যুক্তরাষ্ট্রে শ্লথাবস্থা সৃষ্টি হওয়ার পরও এশিয়ার পাশাপাশি আফ্রিকা মহাদেশও অনেকটা বড় সহনক্ষমতা প্রদর্শন করেছে। ভারত তাই আফ্রিকায় রপ্তানি বাড়ানোর দিকে বিশেষভাবে নজর দিচ্ছে।দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, মিসরসহ আফ্রিকার ২৫টি দেশে ২০০টি ভারতীয় পণ্যের রপ্তানি বাড়ানোর জন্য নির্ধারণ করা হয়েছে। এসব পণ্যের মধ্যে আছে ওষুধ, ফলমূল, সবজি ও বস্ত্র। ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা একটি ছক (ম্যাট্রিক্স) তৈরির চেষ্টা করছি। আমরা দেখতে চাইছি, কোন দেশে কোন ধরনের পণ্যের চাহিদা বেশি আছে এবং রপ্তানিতে কোন ধরনের বাধা তৈরি হচ্ছে।’সরকার ও রপ্তানিকারকদের মধ্যে আলোচনা ও মতবিনিময় করার মাধ্যমেই কৌশল চূড়ান্ত করা হবে।আফ্রিকার এখন বার্ষিক গড় প্রবৃদ্ধির হার সাড়ে ৪ শতাংশ। ২০১০-১১ অর্থবছরে আফ্রিকায় ভারতের মোট রপ্তানির পরিমাণ ছিল এক হাজার ৬২৮ কোটি ডলার। লাতিন আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশেও ভারতীয় পণ্যের চাহিদা বাড়ছে।২০১১-১২ অর্থবছরে ভারতের বার্ষিক পণ্য রপ্তানি আয় হয়েছে ৩০ হাজার ৩৭০ কোটি ডলার, যা তার আগের অর্থবছরের চেয়ে ২১ শতাংশ বেশি। তবে চলতি অর্থবছরের শুরু থেকেই রপ্তানিতে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। চলতি এপ্রিলে রপ্তানি গত এপ্রিলের তুলনায় ৪ দশমিক ১৬ শতাংশ কমেছে। সূত্র: বিজনেস লাইন