২০১৬: পণ্য রপ্তানিতে স্বস্তি, চ্যালেঞ্জ আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবৃদ্ধি কিছুটা ওঠানামার মধ্যে থাকলেও শেষ পর্যন্ত পণ্য রপ্তানি আয় সন্তোষজনকই ছিল। বছরের প্রথম নয় মাসের মধ্যে সাত মাসই ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। সে জন্য প্রবাসী আয়ে মন্দাভাব থাকলেও বৈদেশিক মুদ্রা আয় নিয়ে হাঁসফাঁস তৈরি হয়নি।
চলতি বছরের জুনে শেষ হওয়া ২০১৫-১৬ অর্থবছরে পণ্য রপ্তানি আয় হয়েছে ৩ হাজার ৪২৫ কোটি ডলার। তখন প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৭২ শতাংশ। নতুন অর্থবছরের প্রথম চার মাসে ১ হাজার ৩৬৯ কোটি ডলারের রপ্তানি আয় এসেছে। প্রবৃদ্ধি ৬ দশমিক ৩০ শতাংশ। মাসওয়ারি হিসাব ধরলে চলতি বছরের প্রথম নয় মাসে ৩ হাজার ১৮৪ কোটি ডলারে রপ্তানি আয় হয়েছে। এ ক্ষেত্রে গড় প্রবৃদ্ধি ১১ শতাংশের কাছাকাছি।
পণ্য রপ্তানি আয়ের ৮১ শতাংশের বেশি তৈরি পোশাক খাত থেকে আসছে। মূলত পোশাক রপ্তানি ভালো হলেই দেশের পুরো রপ্তানি খাত চাঙা থাকে। দীর্ঘদিন ধরে পণ্য বৈচিত্র্যকরণের কথা বলা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি, রপ্তানি খাত পোশাকশিল্প নির্ভরই রয়ে গেছে। তবে চলতি বছর চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে কিছুটা ভালো করছে বাংলাদেশ। অর্থবছরের প্রথম চার মাসে এ খাতের প্রবৃদ্ধি আছে ১৬ শতাংশের বেশি।
অর্থবছরের প্রথম চার মাসে পোশাক খাতের রপ্তানি আয় হয় ১ হাজার ১১৩ কোটি ডলার। প্রবৃদ্ধি ৬ দশমিক ৩৯ শতাংশ। রাজনৈতিক অস্থিরতা না থাকলেও বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাইয়ে গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ঘটনার পর পোশাকশিল্পের উদ্যোক্তাদের কপালে ভাঁজ পড়ে। কারণ পোশাকের বিদেশি ক্রেতারা একের পর এক বাংলাদেশে ভ্রমণ স্থগিত করছিলেন। তখন পোশাকের ক্রয়াদেশ পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে ব্যবসায়ীরা বেশ দক্ষতার সঙ্গেই পরিস্থিতি সামাল দিয়েছেন। দৌড়ঝাঁপ ও বিপুল অর্থ খরচ করে তৃতীয় দেশে গিয়ে ক্রেতাদের সঙ্গে বৈঠক করে ক্রয়াদেশ নিয়ে এসেছেন তাঁরা।
সর্বশেষ অর্থবছরে পোশাক রপ্তানিতে ১০ শতাংশ প্রবৃদ্ধি থাকলেও চলতি অর্থবছর কিছুটা কমে গেছে। এ জন্য ২০২১ সালে ৫ হাজার কোটি ডলারের পোশাক রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছানো কঠিন হয়ে যাচ্ছে। এ লক্ষ্যে পৌঁছাতে হলে মাসে গড়ে ১২ শতাংশ প্রবৃদ্ধি দরকার।
বছর শেষে দেশের রপ্তানিকারকেরা বড় সুখবরই পেয়েছেন। কারণ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিপিপি চুক্তি বাস্তবায়ন করবেন না বলে ইঙ্গিত দিয়েছেন। ভিয়েতনামসহ ১১টি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি করেছিল। এটি বাস্তবায়িত হলে টিপিপিভুক্ত দেশ পোশাকসহ বিভিন্ন পণ্য রপ্তানিতে নিজেদের মধ্যে শুল্কমুক্ত সুবিধা পেত। তাতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমার শঙ্কা ছিল।
বেক্সিটের কারণে যুক্তরাজ্যে পণ্য রপ্তানিতে জিএসপির মতো সুযোগ-সুবিধা না-ও মিলতে পারে। ট্রাম্প পণ্য আমদানিতে শুল্ক আরোপ করতে পারেন। ভারত পোশাক রপ্তানিতে বাংলাদেশকে টেক্কা দিতে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। অন্যদিকে গ্যাসের সংকটের কারণে বিভিন্ন খাতের কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এই চ্যালেঞ্জগুলো ঠিকঠাক মোকাবিলা করতে পারলেই রপ্তানি আয়ের সাফল্য টিকে থাকবে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কতটা পারবে?
মাসওয়ারি রপ্তানি আয় ও প্রবৃদ্ধি
রপ্তানি আয় প্রবৃদ্ধি
(কোটি ডলারে)
জানুয়ারি ৩১৮ ১০.৪১%
ফেব্রুয়ারি ২৮৫ ১৩.৬০%
মার্চ ২৮৩ ৯.২০%
এপ্রিল ২৬৮ ১১.৮২%
মে ৩০২ ৬.৫৪%
জুন ৩৫৭ ১৬.৭৪%
জুলাই ২৫৩ -৩.৪৯%
আগস্ট ৩৩০ ১৯.৭৬%
সেপ্টেম্বর ২২৪ -৫.৬৩%
অক্টোবর ২৭১ ১৪.৩৯%
নভেম্বর ২৮৯ ৫.৪৬%