পণ্যজট কাটাতে শুক্রবার খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতালে বেনাপোল স্থলবন্দরে তীব্র পণ্যজটের সৃষ্টি হয়েছে, তা কাটাতে আগামীকাল শুক্রবার বন্দর ও কাস্টম হাউস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এদিন ব্যাংক খোলা রাখার নির্দেশনা না থাকায় ব্যবসায়ীদের পণ্যের শুল্কায়নের টাকা আজ বৃহস্পতিবারই জমা দিয়ে রাখতে হবে অথবা রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে জন্য ব্যবসায়ীরা মনে করেন, বন্দর খোলা থাকলেও তাঁদের খুব একটা লাভ হচ্ছে না।
সোনালী ব্যাংকের বেনাপোল শাখার ব্যবস্থাপক বিদেন্দু দাস জানান, শুক্রবার ব্যাংক খোলা রাখার জন্য তাঁদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। হরতালের কারণে স্থলবন্দরটিতে পণ্যবাহী খালি ট্রাকের সংকট দেখা দিয়েছে। এই সুযোগে ট্রাকপ্রতি ভাড়া দুই থেকে তিন হাজার টাকা করে বেড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানান। বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার ফাইজুর রহমান প্রথম আলোকে জানান, হরতালের প্রথম তিন দিনেই ভারত থেকে ৬৭৮ ট্রাক পণ্য আমদানি হয়েছে, যা বন্দরের গুদামে পড়ে আছে। তিনি আরও জানান, হরতালের প্রথম তিন দিনে এই বন্দরে প্রায় ২৮ কোটি টাকার রাজস্ব কম আদায় হয়েছে।