চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম নয় মাসে পণ্যবাণিজ্যে ঘাটতি ৬৫০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। আর সেবা খাতের বাণিজ্য বিবেচনায় নিলে এ ঘাটতি ৮৫০ কোটি ডলারের ওপরে চলে গেছে।তবে বাণিজ্যঘাটতিজনিত চাপ থাকার পরও আলোচ্য সময়কালে (জুলাই-মার্চ) চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থার কিছুটা উন্নতি হয়েছে। অর্থবছরের আট মাসে যেখানে এই উদ্বৃত্ত ছিল ১১ কোটি ১০ লাখ ডলার, সেখানে নয় মাসে এই উদ্বৃত্ত হয়েছে ৪৫ কোটি ৬০ লাখ ডলার। অবশ্য তা ২০১০-১১ অর্থবছরের একই সময়ের চেয়ে কম। ওই সময়কালে চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত ছিল ৫৮ কোটি ৬০ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত লেনদেনের ভারসাম্যের যে সারণি প্রস্তুত করেছে, তা থেকে এসব পরিসংখ্যান পাওয়া গেছে।এতে দেখা যায়, অর্থবছরের প্রথম নয় মাসে পণ্যবাণিজ্যে ঘাটতি হয়েছে ৬৫৮ কোটি ৬০ লাখ ডলার। আর গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ৫৮২ কোটি ৬০ লাখ ডলার। ফলে এই সময়কালে বাণিজ্যঘাটতি বেড়েছে ১৩ শতাংশ।অন্যদিকে একই সময়কালে সেবা খাতে রপ্তানিজনিত আয় বাবদ দেশে ২০৬ কোটি ২০ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে। বিপরীতে সেবা খাতের আমদানিজনিত ব্যয় দাঁড়িয়েছে ৪০৪ কোটি ৩০ লাখ ডলার। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ১৯৮ কোটি ১০ লাখ ডলার।পর্যটন, চিকিৎসা, শিক্ষা, বিনোদন, বিমা ইত্যাদি সেবা খাতের অন্তর্ভুক্ত হয়ে থাকে। যেমন, সম্প্রতি ভারত থেকে বিনোদনজগতের শিল্পীরা বাংলাদেশে এসে অনুষ্ঠান করছেন। তাঁদের পারিশ্রমিকসহ বিভিন্ন খরচের জন্য অর্থ ব্যয় করতে হয় বৈদেশিক মুদ্রায়, যার প্রতিফলন ঘটে সেবা খাতের বাণিজ্যে। আবার বিদেশি চিকিৎসাসেবা নিতে কিংবা পর্যটনের উদ্দেশ্যে বেড়াতে গেলে যে বৈদেশিক মুদ্রা ব্যয় হয়, তা-ও সেবা খাতের আমদানিতে যুক্ত হয়। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, আলোচ্য সময়কালে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে।গত অর্থবছরের জুলাই-মার্চ সময়কালে যেখানে বিদেশি বিনিয়োগ এসেছিল ৫৭ কোটি ১০ লাখ ডলার, সেখানে চলতি অর্থবছরের একই সময়ে এই বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বিদেশি বিনিয়োগ কমেছে সাড়ে ৩ শতাংশ।লেনদেনের ভারসাম্য সারণি বিশ্লেষণে আরও দেখা যায়, আলোচ্য সময়কালে আর্থিক হিসাবে ১২২ কোটি ডলারের ঘাটতি দেখা দিয়েছে। তবে গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল ১৭৬ কোটি ১০ লাখ ডলার।এই সময়কালে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণপ্রবাহ কিছুটা বেড়ে হয়েছে ৯৫ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৯ কোটি ৪০ লাখ ডলার।সার্বিকভাবে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে লেনদেনের ভারসাম্যে ৪১ কোটি ৯০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৫২ কোটি ৯০ লাখ ডলার।