পণ্যবাণিজ্যে ঘাটতি ৭০০ কোটি ডলার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হয়ে যাওয়া ২০১০-১১ অর্থবছরের ১১ মাসে অর্থাৎ জুলাই-মে সময়কালে দেশে পণ্যবাণিজ্যে ঘাটতি ৭১০ কোটি ৩০ লাখ ডলারে উন্নীত হয়েছে। পণ্যবাণিজ্যে এই ঘাটতি তার আগের অর্থাৎ ২০০৯-১০ অর্থবছরের বার্ষিক ঘাটতি ৫১৫ কোটি ২০ লাখ ডলারের চেয়ে প্রায় ৩৮ শতাংশ বেশি। আর ২০০৯-১০ অর্থবছরের জুলাই-মে সময়কালের চেয়ে ৪৫ দশমিক ৭৬ শতাংশ বেশি।এর ফলে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পণ্যবাণিজ্যে ঘাটতি ৬০০ কোটি ডলার অতিক্রম তো করে গেলই, ৭০০ কোটি ডলারও অতিক্রম করল। পণ্য আমদানি বেড়ে যাওয়ার প্রভাবেই মূলত বাণিজ্য-ঘাটতি এতটা স্ফীত হয়ে পড়েছে। এর ফলে লেনদেনের ভারসাম্যের ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, সেবা খাতের বাণিজ্য-ঘাটতি বিবেচনায় নিলে ১১ মাসে সামগ্রিক বাণিজ্য-ঘাটতি ৯০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।২০১০-১১ অর্থবছরের জুলাই-মে সময়কালে সেবা খাতের বাণিজ্যে প্রায় ২৩০ কোটি ডলারের ঘাটতি দেখা দিয়েছে। তার আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ১৫৭ কোটি ৮০ লাখ ডলার।সেবা খাতে বিমা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন, পর্যটন ইত্যাদি সেবা কার্যক্রম অন্তর্ভুক্ত হয়ে থাকে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, ১১ মাসে সেবা খাতের বাণিজ্যে দেশে প্রাপ্তিযোগ ২২৯ কোটি ৯০ লাখ ডলার। একই সময় এই খাতের আমদানি ব্যয় পরিশোধ করতে দেশ থেকে বেরিয়ে গেছে ৪৫২ কোটি ৮০ লাখ ডলার। অন্যদিকে পণ্যবাণিজ্যের ক্ষেত্রে ১১ মাসে রপ্তানি আয় হয়েছে এক হাজার ৫৯৫ কোটি ৯০ লাখ ডলার। বিপরীতে আমদানি ব্যয় দাঁড়িয়েছে দুই হাজার ৭৭১ কোটি ৪০ লাখ ডলার। এগুলো অবশ্য এফওবি হিসাব। লেনদেনের ভারসাম্য সারণিতে আমদানি ব্যয়ের সিঅ্যান্ডএফ হিসাবকে সমন্বয় করে এফওবি হিসাবে নিয়ে আসা হয়।আমদানি ব্যয়জনিত প্রভাবে ঘাটতি বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওপরও বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বিশেষত মার্কিন ডলারের বিপরীতে টাকার মান ক্রমেই দুর্বল হয়ে পড়েছে। বা বলা যেতে পারে, দেশে ডলারের দর অনেক বেড়ে গেছে।বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুসারে, ২০১০ সালের জুন মাসের তুলনায় ২০১১ সালের মে মাসে এসে মার্কিন ডলারের বিপরীতে টাকার দর কমেছে সাড়ে ৫ শতাংশ। এর ফলে আবার বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকেই দেখা যায়, আলোচ্য অর্থবছরের ১১ মাসের মাথায় বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ছিল এক হাজার ৪৩ কোটি ডলার, যা দিয়ে সাড়ে তিন মাসের পণ্য ও সেবা আমদানির ব্যয় মেটানো সম্ভব। আর ২০০৯-১০ অর্থবছরের ১১ মাসের মাথায় রিজার্ভ ছিল এক হাজার ৫৩ কোটি ডলার, যা দিয়ে প্রায় পাঁচ মাসের পণ্য ও সেবা আমদানির ব্যয় মেটানো সম্ভব ছিল। অর্থাৎ রিজার্ভ খুব সামান্য কমলেও ডলারের দর বেড়ে যাওয়ায় আমদানি ব্যয়বহুল হয়ে উঠেছে। তা ছাড়া বাণিজ্য-ঘাটতির বড় ধরনের উল্লম্ফন ঘটায় নিয়মিত বৈদেশিক লেনদেনের ওপর চাপের বিষয়টির আরেকটি প্রতিফলন ঘটেছে চলতি হিসাবের ভারসাম্যের পরিসংখ্যানে। গত অর্থবছরের ১১ মাসে চলতি হিসাবের ভারসাম্যে ৬০ কোটি ৯০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে, যেখানে তার আগের বছরের একই সময়ে উদ্বৃত্তের পরিমাণ ছিল ২৯৬ কোটি ৬০ লাখ ডলার।পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, গত অর্থবছরের শেষ কয়েক মাসে চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত ক্রমাগত হ্রাস পেয়েছে। জুলাই-মার্চ সময়কালে চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল ৬৮ কোটি ডলার, যা জুলাই-এপ্রিল সময়কালে কমে হয় ৬৪ কোটি ডলার। মূলত প্রবাসী-আয়ের (রেমিট্যান্স) প্রবৃদ্ধি কমে যাওয়ায় চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত কমে যাচ্ছে। গত অর্থবছরে প্রবাসী-আয়ের প্রবৃদ্ধি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ১১ মাসে প্রবাসী-আয়ের মোট প্রবাহ ছিল এক হাজার ৬১ কোটি ১১ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে সোয়া ৫ শতাংশ বেশি।তবে গোটা অর্থবছরে প্রবাসী-আয়ের মোট পরিমাণ ছিল এক হাজার ১৬৫ কোটি ডলার, যা ২০০৮-০৯ অর্থবছরের মোট প্রবাসী-আয়ের চেয়ে প্রায় ৬ শতাংশ বেশি। অথচ তার আগের চার-পাঁচ বছরে প্রবাসী-আয়ের বার্ষিক প্রবৃদ্ধির গড় হার ছিল ২০ শতাংশের ওপরে।আশঙ্কা করা হচ্ছে, অর্থবছর শেষে চলতি হিসাবের ভারসাম্যে শেষ পর্যন্ত আর কোনো উদ্বৃত্তাবস্থা বজায় না থেকে বরং ঘাটতি দেখা দিতে পারে। যদি তা-ই হয়, তাহলে বাংলাদেশ পাঁচ বছর পর আবার দ্বৈত বা যমজ ঘাটতির মধ্যে পড়বে। বাজেট বা রাজস্ব ঘাটতি এবং চলতি হিসাবের ভারসাম্যের ঘাটতিকে একত্রে যমজ ঘাটতি বলা হয়।কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, লেনদেনের সামগ্রিক ভারসাম্যে আলোচ্য ১১ মাসে ৭৪ কোটি ৭০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে। অথচ আগের বছরের একই সময়ে ছিল ২৬৬ কোটি ১০ লাখ ডলারের উদ্বৃত্ত।পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, গত অর্থবছরের ১১ মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাবদ দেশে ৭১ কোটি ৬০ লাখ ডলার এসেছে। অথচ তার আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৮১ কোটি ৮০ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, ২০১০-১১ অর্থবছরের ১১ মাসে মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ বাবদ পাওয়া গেছে ৯০ কোটি ডলার যেখানে ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে পাওয়া গিয়েছিল ১৪৪ কোটি ৯০ লাখ ডলার। আবার এই সময়কালে আগে গৃহীত সরবরাহকারী ঋণের মূল পরিশোধ বাবদ ফেরত দিতে হয়েছে ১৬৬ কোটি ৩০ লাখ ডলার। অথচ ২০০৯-১০ অর্থবছরের জুলাই-মে সময়কালে ফেরত দিতে হয়েছিল ৮৫ কোটি ৮০ লাখ ডলার।দেখা যাচ্ছে, বিদেশি উৎস থেকে ঋণ বাবদ প্রাপ্তি আগের তুলনায় কমে গেছে। আবার ঋণ পরিশোধের পরিমাণ বাড়ায় আগের চেয়ে বেশি বৈদেশিক মুদ্রা দেশ থেকে বের হয়ে যাচ্ছে। তাই আর্থিক হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ১১০ কোটি ডলার।