পণ্যবাহী এক জাহাজ বিকল হওয়ায়...
ছোট আকারের একটি কনটেইনার জাহাজ বিকল হয়ে পড়ায় অন্তত ১১০টি পোশাকশিল্প প্রতিষ্ঠান রপ্তানি আদেশ হারাতে বসেছে। সময়মতো কাঁচামাল, অর্থাৎ কাপড় হাতে না পাওয়ায় এসব প্রতিষ্ঠানের কারখানায় নির্ধারিত লাইনে উৎপাদন বন্ধ হয়ে গেছে। ক্রেতারা আদেশ রক্ষা করলেও বিমানে পণ্য পরিবহন ছাড়া বিকল্প নেই বলে জানিয়েছেন পোশাক কারখানার মালিকেরা।
জাহাজটির আমদানি পণ্যের প্রাথমিক বিবরণীর ২৫৪ পাতার তথ্য পর্যালোচনা করে দেখা যায়, সেখানে ৭৫৯টি কনটেইনারে ৪০৪টি প্রতিষ্ঠানের পণ্য রয়েছে। কাপড় ছাড়াও জাহাজটিতে ১৪৮টি টেক্সটাইল কারখানার সুতা, তুলা ও যন্ত্রপাতি রয়েছে। এ ছাড়া ওষুধশিল্প, ট্যানারিশিল্প, ইস্পাত কারখানা ও জুতার কারখানার কাঁচামালও আছে এই তালিকায়। সব মিলিয়ে ৪০৪টি প্রতিষ্ঠানের মালিকদের এক কাতারে এনেছে ছোট আকারের এই কনটেইনার জাহাজটি।
এমভি ইউনি প্রুডেন্ট নামের জাহাজটি গত ১৭ আগস্ট বন্দরের বহির্নোঙরে ভেড়ে। জেটিতে আনার পথে আরেকটি জাহাজের ধাক্কায় এটির প্রপেলার (পাখা) ক্ষতিগ্রস্ত হয়। বন্দর জেটিতে আনার সুযোগ না থাকায় এটি এখন সিঙ্গাপুরে মেরামত করে আনতে হবে। এখন টাগবোট দিয়ে জাহাজটিকে সিঙ্গাপুরে টেনে নেওয়া হচ্ছে। জাহাজটির স্থানীয় প্রতিনিধি বারিধি শিপিং লাইনস লিমিটেডের পরিচালক আলী আশরাফ আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘প্রপেলার মেরামত করে আবার ফেরত আনতে সব মিলিয়ে আরও ২০ দিন লাগতে পারে।’
ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা বলছেন, এখন থেকে ২০ দিন পরে এলেও কাঁচামাল হাতে পেতে ৩৪ দিন দেরি হচ্ছে। প্রপেলার মেরামতে সময় বেশি লাগলে বা নতুন করে কোনো জটিলতা দেখা দিলে আরও দেরি হতে পারে। যত সময় বেশি লাগবে ততই ক্ষতি বাড়বে।
বিজিএমইএর সভাপতি ও স্টারলিংক গ্রুপের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, আমদানি করা সুতা বা তুলা না পেলে হয়তো উৎপাদনে ব্যাঘাত হবে। তবে যারা কাপড় আমদানি করেছে, তাদের রপ্তানি আদেশ বাতিল হয়ে যেতে পারে। যারা ধরে রাখতে পারবে, তাদের হয় বিমানে পণ্য পাঠাতে হবে, না হয় ক্ষতিপূরণ গুনতে হবে। এই একটি জাহাজ বিকল হয়ে পড়ায় বড় ক্ষতি করে দিল পোশাকশিল্প খাতকে। জাহাজটিতে তাঁর দুটি প্রতিষ্ঠানের কাঁচামাল রয়েছে বলে তিনি জানান।
জাহাজটিতে অনন্ত গ্রুপের চারটি কারখানার ছয় কনটেইনার কাপড় আটকে আছে। গ্রুপের অনন্ত স্পোর্টসওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক খান প্রথম আলোকে বলেন, ‘এক জাহাজ বিকল হয়ে পড়ে বড় ক্ষতি করে দিল আমাদের। কাঁচামাল না পেয়ে নির্ধারিত পণ্যের উৎপাদন বন্ধ হয়ে গেছে। রপ্তানি ধরে রাখা যাবে কি না, তা বলা যাচ্ছে না।’
বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও নাসির উদ্দিন আহমেদ চৌধুরী—এই দুজনের প্রতিষ্ঠানের পণ্যও আটকে আছে। ইস্টার্ন নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ক্রেতাকে জানিয়েছি। রপ্তানি করতে পারলেও বিমানে পাঠানো ছাড়া বিকল্প নেই। কারণ পণ্য উৎপাদনে ২০ থেকে ৩০ দিন হাতে পান কারখানার মালিকেরা।
জাহাজটিতে তারাশিমা অ্যাপারেলস লিমিটেডের দুই কনটেইনার কাপড় আটকে আছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মিরান আলী বলেন, ‘কাঁচামাল না পেয়ে কারখানার কয়েকটি লাইনে উৎপাদন বন্ধ হয়ে আছে। রাশিয়া ও ইউরোপের দুই ক্রেতার কাছে রপ্তানি করতে পারব কি না, বিমানে পণ্য পরিবহন করতে হবে কি না, কিছুই কাঁচামাল হাতে পাওয়ার আগে বলা যাচ্ছে না।’
এ ছাড়া স্কয়ার, হা-মীম, এনভয়, প্যাসিফিক জিনস, কেডিএস, ফোর এইচ, স্মার্ট জিনস, ক্যানপার্ক বাংলাদেশ লিমিটেডসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের কাঁচামাল আটকে গেছে।
জাহাজের নথিপত্রে দেখা যায়, পোশাক খাত ছাড়াও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নোভার্টিস, রেনেটা লিমিটেড, একমি ল্যাবরেটরিজ, এইচ বাংলাদেশ লিমিটেড, হেলথকেয়ারসহ আটটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাঁচামাল আছে এই জাহাজে। ট্যানারিশিল্পের কাঁচামালও আটকে গেছে। এই তালিকায় আছে এপেক্স ট্যানারি, আনোয়ারা ট্যানারি ও রিলায়েন্স ট্যানারি।
এ ছাড়া পোলট্রি, জুতার কারখানা ইয়াংওয়ান স্পোর্টস সু ও এপেক্স ফুটওয়্যার, ইস্পাত পণ্য উৎপাদনকারী বিএসআরএম ও আবুল খায়ের গ্রুপের পণ্য রয়েছে জাহাজটিতে। বিএসআরএম গ্রুপের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পণ্য হাতে পেতে বেশি দেরি হলে কারখানার উৎপাদন ব্যাহত হবে। বহুজাতিক ও বিদেশি কোম্পানি ইউনিলিভার, রেকিট বেনকাইজার, লিনডে বাংলাদেশ লিমিটেড, শেভরন বাংলাদেশ, কর্ণফুলী সার কারখানার পণ্য, যন্ত্রপাতি রয়েছে জাহাজটিতে।
কোরবানির ঈদ সামনে রেখে নয়টি প্রতিষ্ঠান এই জাহাজে গরম মসলা আমদানি করেছিল। সাত কনটেইনারে জিরা, জায়ফল, জয়ত্রী ও খোরমা আমদানি করেছিলেন ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ। প্রথম আলোকে তিনি বলেন, কোরবানির ঈদের বাজার আর ধরার সুযোগ নেই। ৬ কোটি টাকার মসলা এখন অনেক দিনের জন্য আটকে গেল।