পণ্যবাহী জাহাজ পরিচালনা নিয়ে বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে নৌপথে নারায়ণগঞ্জে নিজস্ব জাহাজে ক্লিংকার পরিবহনে শিল্পগোষ্ঠীগুলোর খরচ হয় টনপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা। কিন্তু ডব্লিউটিসি (ওয়াটার ট্রান্সপোর্ট সেল) থেকে জাহাজ বরাদ্দ নিলে কমিশনসহ টনপ্রতি পরিশোধ করতে হয় ৫০৩ টাকা। অর্থাত্, নিজেদের জাহাজে পণ্য পরিবহনে টনপ্রতি খরচ কমে ২৫০ থেকে ৩০০ টাকা।খরচ কমাতে পাঁচ বছর আগে থেকে বিভিন্ন বড় শিল্পগোষ্ঠী নিজেরা জাহাজ কিনে নিজেদের পণ্য পরিবহন করে আসছে। পাঁচ বছরের মধ্যে ১১টি শিল্পগোষ্ঠীর মালিকানাধীন জাহাজ হয়েছে ১৩০টি। এসব জাহাজে মূলত নিজেদের পণ্যই পরিবহন করা হয়। এতে যেমন খরচ কমেছে, তেমনি পণ্য পরিবহনব্যবস্থায়ও ব্যাঘাত ঘটছে না। বহির্নোঙরে বড় জাহাজ থেকে দ্রুত পণ্য খালাসের কারণে দক্ষতা বেড়েছে চট্টগ্রাম বন্দরেরও।কিন্তু এসব শিল্পগোষ্ঠীর নিজস্ব জাহাজে পণ্য পরিবহনব্যবস্থায় বাদ সাধছে জাহাজমালিকদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত জাহাজ মালিক ঐক্য পরিষদ। শিল্পগোষ্ঠীর মালিকানাধীন জাহাজগুলোও ডব্লিউটিসির মাধ্যমে পরিচালনার দাবিতে আজ বৃহস্পতিবার থেকে লাগাতার জাহাজ চালনায় বিরত থাকার ঘোষণা দিয়েছিল। এ পরিস্থিতিতে গতকাল বুধবার দুই পক্ষকে নিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের একটি বৈঠক হওয়ার কথা থাকলেও তা আবার পিছিয়ে ১২ ফেব্রুয়ারি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় ঐক্য পরিষদের নেতারা পরবর্তী করণীয় ঠিক করতে আজ বৈঠকে বসবেন।ঐক্য পরিষদের এমন কর্মসূচিতে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম গতকাল প্রথম আলোকে বলেন, ধর্মঘটের নামে নৌপরিবহন খাতে অস্থিরতা তৈরি হলে পণ্য পরিবহনে নেতিবাচক প্রভাব পড়বে। কারণ, শিল্পের কাঁচামাল না পেলে কারখানায় উত্পাদন বাধাগ্রস্ত হবে; একইভাবে ভোগ্যপণ্য সরবরাহও বিঘ্নিত হবে। সরকারকে এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করা উচিত বলে মনে করেন তিনি।বিরোধের সূত্রপাত: পাঁচ বছর আগেও বড় বড় শিল্পগোষ্ঠী ডব্লিউটিসি থেকে লাইটার জাহাজ বরাদ্দ নিয়ে নিজেদের পণ্য পরিবহন করত। সে সময় এই সংস্থার অধীনে জাহাজের সংখ্যা ছিল কম। তাই বন্দরের বড় জাহাজ থেকে খালাস করে এসব শিল্পগোষ্ঠীর কারখানা বা গুদাম পর্যন্ত পণ্য পরিবহন নিরবচ্ছিন্ন ছিল না। আমদানি করা পণ্যবাহী বড় জাহাজ থেকে পণ্য খালাসে সময় লাগত বেশি। এতে ক্ষতি গুনতে হবে আমদানিকারকদের। আবার আমদানিকারকদের সঙ্গে আলোচনা না করে ভাড়া বাড়ানো এবং ডব্লিউটিসির একচেটিয়া মনোভাব ক্ষুব্ধ করে তোলে বড় শিল্পগোষ্ঠীর মালিকদের।এ পরিস্থিতিতে মেঘনা গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, সিটি গ্রুপ ও প্রিমিয়ার গ্রুপের মতো বড় গোষ্ঠীগুলোর আমদানি পণ্য, বিশেষ করে সিমেন্ট কারখানার কাঁচামাল ক্লিংকার পরিবহনব্যবস্থা নিরবচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়। শিল্পগোষ্ঠীগুলো নিজেরা জাহাজ কিনে ক্লিংকার পরিবহন শুরু করে। এতে পরিবহন ব্যয় কমে যায় এবং কারখানায় সরবরাহও নিরবচ্ছিন্ন হয়।পরবর্তী সময় একাধিক শিল্পগোষ্ঠী এই পথে হাঁটতে শুরু করে। বিশেষত, এক বছর ধরে বড় শিল্পগোষ্ঠীগুলো পণ্যের সিংহভাগ নিজেদের জাহাজে পরিবহন শুরু করলে ব্যক্তিমালিকাধীন জাহাজে পণ্য পরিবহন কমে যায়। চট্টগ্রাম বন্দর ও ডব্লিউটিসি—এই দুই সংস্থার তথ্যানুযায়ী, গত বছর চট্টগ্রাম বন্দর দিয়ে ক্লিংকার আমদানি হয় এক কোটি ১৮ লাখ টন। এর মধ্যে ডব্লিউটিসির মাধ্যমে পরিবহন হয় সাড়ে ৪৩ লাখ টন আর শিল্পগোষ্ঠীগুলো নিজেদের জাহাজে পরিবহন করে প্রায় ৭৫ লাখ টন। একইভাবে নিজেদের আমদানি চিনি নিজেদের জাহাজে পরিবহন করছে প্রায় ৫৬ শতাংশ। এর বাইরে ক্লিংকার ও চিনির মোট আমদানির ৩৭ থেকে ৪৪ শতাংশ পরিবহন হয় ডব্লিউটিসির তালিকাভুক্ত জাহাজের মাধ্যমে।ডব্লিউটিসির জাহাজে বড় শিল্পগোষ্ঠীর পণ্য পরিবহন কমে আসায় বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন ও কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামের দুটি সংগঠন গত বছরের জুনে এসব শিল্পগোষ্ঠীকে পৃথকভাবে চিঠি দিয়ে ওই সব জাহাজকেও ওয়াটার ডব্লিউটিসির তালিকাভুক্ত করার দাবি জানিয়েছিল। সে সময় দাবি আদায় না হলেও এখন নতুন করে মাঠে নেমেছে ঐক্য পরিষদ।ঐক্য পরিষদের এই দাবির সঙ্গে একমত নয় শিল্পগোষ্ঠীগুলো। নিজেদের জাহাজে পণ্য পরিবহন করছে—এমন একাধিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, নিজেদের জাহাজে পণ্য পরিবহনের কারণে ১১ শিল্পগোষ্ঠীর বছরে এ খাতে ২০০ থেকে ২৫০ কোটি টাকার সাশ্রয় হচ্ছে। একইভাবে বড় জাহাজ দ্রুত খালাস হওয়ায় বড় জাহাজের ভাড়া বাবদ বছরে ১০ কোটি মার্কিন ডলার সাশ্রয় হচ্ছে বলে সিমেন্ট প্রস্ততকারক সমিতির হিসাবে বলা হয়েছে।জানতে চাইলে কোস্টাল ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ওয়াটার ট্রান্সপোর্ট সেলের আহ্বায়ক গাজী বেলায়েত হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘শিল্পগোষ্ঠীর পণ্য পরিবহনের জন্যই আমরা জাহাজ বানিয়েছি। কিন্তু তারা নিজেদের জাহাজে নিজেদের পণ্য পরিবহন করায় এক হাজার ১০০ জাহাজমালিক পথে বসেছেন।’ডব্লিউটিসির অধীনে পণ্য পরিবহনে বেশি ভাড়া ও সময়মতো জাহাজ বরাদ্দ না পাওয়ায় কারখানার উত্পাদনে ব্যাঘাত হয়—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘বড় শিল্পগোষ্ঠীগুলো আগে লাইটার জাহাজ গুদাম বানিয়ে রাখায় এসব পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন হবে না বলে আমি নিশ্চয়তা দিচ্ছি।’প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালবাহী বড় জাহাজগুলো জেটিতে ভিড়ে পণ্য খালাস করতে পারে না। এসব জাহাজ বহির্নোঙরে অবস্থান করে। সেখান থেকে ছোট আকারের লাইটার জাহাজে পণ্য বোঝাই করে কর্ণফুলী নদীর বেসরকারি ঘাট এবং দেশের ১৬টি গন্তব্যে পণ্য নিয়ে যায়। গত বছর ডব্লিউটিসির মাধ্যমে পরিচালিত জাহাজগুলো এক কোটি দুই লাখ টন পণ্য পরিবহন করে। বড় শিল্পগোষ্ঠীগুলোও এক কোটি টনের কাছাকাছি পণ্য পরিবহন করে নিজেদের জাহাজে।