পণ্যবৈচিত্র্য তুলে ধরা হবে জমকালো আয়োজন বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি তৈরি পোশাকশিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী বা মেলা ১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে বাটেক্সপো-২০১২ নামের তিন দিনের এই প্রদর্শনী। ২৩তম এই প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রদর্শনীর আয়োজক বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনায় ১১১ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর কারণে এবারের বাটেক্সপোতে জমকালো কোনো আয়োজন থাকছে না। প্রদর্শনীর সবচেয়ে আকর্ষণীয় আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিজিএমইএর নেতারা আরও জানান, সাম্প্রতিক সময়ে এ খাতে যে পণ্যবচিত্র্য তৈরি হয়েছে এবং এ খাতের পশ্চাদ্মুখী সংযোগ শিল্পের যে বিকাশ ঘটেছে মেলার মাধ্যমে ক্রেতাদের সামনে তা প্রদর্শন করা হবে যেন তাঁরা বাংলাদেশি পণ্যের ব্যাপারে অধিক আগ্রহী হয়ে ওঠেন। বাটেক্সপো উপলক্ষে গতকাল শনিবার বিজিএমইএ ভবনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, দ্বিতীয় সহসভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি ফারুক হাসান ও এস এম মান্নান। বিজিএমইএ সভাপতি বলেন, ‘ঐতিহ্যগতভাবে মেলা উপলক্ষে প্রতিবছর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এবারও আমাদের পরিকল্পনা ছিল বিজয়ের মাসের এই আয়োজনকে লাল সবুজ রঙ্গে রঙিন করে তোলার। কিন্তু তাজরীন ফ্যাশনসের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা শোকাহত ও স্তম্ভিত। তাই নিহত শ্রমিক ভাইবোনদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা প্রদর্শনের জন্য এবারের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে শুধু সাদাকালো মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় থাকছে ১৩৮টি স্টল। এর মধ্যে বিজিএমইএর সদস্যদের ৩০টি, স্থানীয় পর্যায়ের তৈরি পোশাকসামগ্রীর ২০টি, তৈরি পোশাকসামগ্রীর বিদেশি ১৯টি, সেবা প্রদানকারী ১৬টি, স্পন্সর ও কো-স্পন্সরদের ১৯টিসহ অ্যন্যান্য আরও ৩১টি স্টল থাকবে। থাকবে তাৎক্ষণিক পণ্য বিক্রির ব্যবস্থা। এ ছাড়া মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছে ইস্যুভিত্তিক তিনটি সেমিনার। এর মধ্যে প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হবে আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে। এ সেমিনারের মূল বিষয় নির্বাচন করা হয়েছে: ‘পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’। এতে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি আর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক নাজনীন আহমেদ। বিজিএমইএ জানিয়েছে, গতবারের মেলায় ছয় কোটি ৬৩ লাখ মার্কিন ডলারের তাৎক্ষণিক বিক্রয় আদেশ বা স্পট অর্ডার পাওয়া গিয়েছিল। এবার তা আরও বাড়তে পারে। এ ছাড়া গতবারের মেলায় প্রায় ৪০ জন বিদেশি ক্রেতা যোগ দিয়েছিলেন। এ বছর তারচেয়ে বেশি বিদেশি ক্রেতার সমাগম ঘটবে বলে আশা করছেন বিজিএমইএ নেতারা। সফিউল ইসলাম বলেন, সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতা ওয়ালমার্টের বাতিল করা কার্যাদেশ পুনঃবহালের প্রচেষ্টা চলছে। পোশাকশিল্পের সমস্যা চিহ্নিত করতে এরই মধ্যে বিজিএমইএর পক্ষ থেকে টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের প্রতিবেদনের ভিত্তিতে এ খাতে বিদ্যমান সমস্যা সমাধানে বিজিএমইএ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ সম্পর্কে সরকারি বিভিন্ন দপ্তরের সাম্প্রতিক প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে বিজিএমইএ সভাপতি বলেন, বিচ্ছিন্নভাবে কোনো কিছু না করে যথাযথ গবেষণার মাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন তৈরি করতে হবে। এবারের মেলার মূল স্পন্সর হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক ও এমজিএইচ গ্রুপ। মেলা উপলক্ষে বিজিএমইএর পক্ষ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা হয়েছে আলাদা ক্রেতা অভ্যর্থনা কেন্দ্র।এদিকে মেলার ব্যাপ্তি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রদর্শনীর স্থানসংকুলানও প্রকট রূপ নিয়েছে বলে জানান বিজিএমইএ সভাপতি। স্থানসংকুলান দূর করতে তাই তিনি সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।