পণ্যবোঝাই শত শত ট্রাক আটকা পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরাঞ্চলে পরিবহন ধর্মঘটের কারণে সোনামসজিদ স্থলবন্দরে আটকে আছে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা বিপুলসংখ্যক ট্রাক l প্রথম আলো
উত্তরাঞ্চলে পরিবহন ধর্মঘটের কারণে সোনামসজিদ স্থলবন্দরে আটকে আছে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা বিপুলসংখ্যক ট্রাক l প্রথম আলো

উত্তরবঙ্গে পরিবহন ধর্মঘটের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বিভিন্ন স্থলবন্দরে৷ বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তসংলগ্ন একাধিক স্থলবন্দর ও শুল্কস্টেশনে আমদানিকৃত পণ্যবাহী শত শত ট্রাক আটকা পড়েছে৷
ইতিমধ্যে পরিবহন ধর্মঘটের তিন দিন পার হয়েছে৷ চাঁপাইনবাবগঞ্জ জেলায় দেশের অন্যতম স্থলবন্দর সোনামসজিদে আমদানিকৃত পণ্যবোঝাই ছয় শতাধিক ট্রাক থেকে পণ্য খালাস ও স্থানান্তর করা যাচ্ছে না৷
গতকাল মঙ্গলবার সরেজমিনে সোনামসজিদ স্থলবন্দরে গিয়ে ট্রাক আটকে থাকার এই দৃশ্য দেখা যায়৷ তিন দিন ধরে আটকে থাকায় ট্রাকের মধ্যে থাকা পেঁয়াজে পচন ধরতে শুরু করেছে।
সোনামসজিদ স্থলবন্দর পরি– চালনার দায়িত্বে নিয়োজিত পানামা পোর্ট লিংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপক নজরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, এই মুহূর্তে আমদানি পণ্যবাহী ছয় শতাধিক ট্রাক বন্দরে আটকে রয়েছে। সোনামসজিদের ওপারে ভারতের মহদিপুর বন্দরে আটকে থাকা সহস্রাধিক ট্রাকের মধ্যে পেঁয়াজভর্তি প্রায় ৩০০ ট্রাক রয়েছে। প্রতি ট্রাকে পেঁয়াজ রয়েছে ১৭ থেকে ২১ মেট্রিক টন।
নজরুল ইসলাম বলেন, ‘আমরা মহদিপুর সিঅ্যান্ডএফ এজেন্ট নেতাদের অনুরোধ করেছি, তাঁরা যেন পেঁয়াজের গাড়ি না পাঠান।’
সোনামসজিদ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসো– সিয়েশনের সভাপতি আখিরুল ইসলাম প্রথম আলোকে জানান, ভারতের মহদিপুরে পেঁয়াজ, আদা, রসুনসহ বিভিন্ন পণ্যের আড়াই হাজার থেকে তিন হাজার ট্রাক আটকে রয়েছে। তিনি আরও জানান, আটকে থাকা প্রতিটি পণ্যবোঝাই ট্রাকের জন্য আমদানিকারকদের প্রতিদিনের জন্য বন্দর কর্তৃপক্ষকে ৫০০ টাকা করে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। অন্যদিকে ট্রাকের মধ্যে থেকে পেঁয়াজ পচতে শুরু করেছে।
বন্দরে কথা হয় পেঁয়াজভর্তি ভারতীয় ট্রাকচালক কিশোর গুপ্তের সঙ্গে। তিনি আটকে রয়েছেন চার দিন ধরে। এর মধ্যে মহদিপুরে এক দিন। তাঁর ট্রাকের পেঁয়াজ থেকে পচা গন্ধ বের হতে শুরু করেছে। তাঁরা একই সঙ্গে রয়েছেন আটজন। সবারই অবস্থা একই রকম।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুর ওয়াহেদ বলেন, ধর্মঘটের কারণে বিভিন্ন উপজেলা ও জেলার বাইরে থেকে তরিতরকারিসহ বিভিন্ন কাঁচামাল জেলা সদরে আসতে পারছে না৷ ফলে এগুলোর দাম বেড়ে গেছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে ধান আসতে না পারায় চালকলগুলো থেকে চালও যেতে পারছে না জেলার বাইরে। মিলগুলো থেকে প্রতিদিন শতাধিক চালবোঝাই ট্রাক ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যায়।