পণ্যসহ কনটেইনারের প্রকৃত ওজন নিশ্চিত করা বাধ্যতামূলক হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক কনভেনশন বা রীতি অনুযায়ী আগামী ১ জুলাই থেকে রপ্তানিমুখী পণ্যসহ কনটেইনারের প্রকৃত ওজন নিশ্চিত করার বাধ্যবাধকতা আসছে।
চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা গতকাল সোমবার ব্যবহারকারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান। এতে সভাপতিত্ব করেন বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার। 
বন্দর ভবনে অনুষ্ঠিত এ সভায় গোলাম ছরওয়ার বলেন, সমুদ্রে জীবনের নিরাপত্তাবিষয়ক আন্তর্জাতিক কনভেনশন বা রীতির (সোলাস-সেফটি অব লাইফ অ্যাট সি) আওতায় এ বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে। সোলাস কনভেনশনের অনুসমর্থনকারী দেশ হিসেবে বাংলাদেশকে এই কনভেনশন বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে। তবে কী প্রক্রিয়ায় রপ্তানি কনটেইনার পণ্যের ওজন নিশ্চিত করা যায়, সেটি এখন যাচাই-বাছাই করা হচ্ছে।
বক্তারা বলেন, সমুদ্রে জাহাজ দুর্ঘটনা এড়াতে কনটেইনারের প্রকৃত ওজন নিশ্চিত হওয়া দরকার। এ জন্য এখনই প্রস্তুতি নিতে হবে। তাঁরা বলেন, বিভিন্ন দেশের রপ্তানিকারকেরা পণ্যের প্রকৃত ওজন গোপন করে কম ওজন দেখানোর কারণে অনেক সময় জাহাজ বড় দুর্ঘটনার কবলে পড়ে। কারণ, কনটেইনারের প্রকৃত ওজন অনুযায়ী জাহাজের নানা স্তরে তা রাখতে না পারলে ভারসাম্য নষ্ট হয়ে জাহাজের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে দুর্ঘটনাও ঘটে।
সভায় বক্তব্য দেন বন্দরের টার্মিনাল ব্যবস্থাপক এনামুল করিম, ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম, মায়ের্কস লাইন বাংলাদেশের কান্ট্রি অপারেশনস ম্যানেজার মুহাম্মদ সারওয়ার আলম চৌধুরী, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক মামুনুর রশীদ প্রমুখ।
বন্দর ব্যবহারকারীরা নৌ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে এ ব্যাপারে রপ্তানিকারকদের সচেতন করার আহ্বান জানান। এ ছাড়া কোন সংস্থা পণ্যসহ কনটেইনারের ওজন যাচাই করে রপ্তানিকারকদের সনদ দেবে, সেটি নির্ধারণ করা উচিত বলে মত দেন তাঁরা।