পণ্যের চাহিদা বাড়ায় এবারের এসএমই মেলায় বিক্রি বেড়েছে
ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) পণ্যের প্রতি মানুষের আগ্রহ ও চাহিদা আগের চেয়ে বেড়েছে। এরই প্রমাণ পাওয়া গেছে সদ্য সমাপ্ত জাতীয় এসএমই মেলায়।এবারের মেলায় এক কোটি ১৯ লাখ ৮০ হাজার ৩২৪ টাকার পণ্য বিক্রি ও কার্যাদেশ (অর্ডার) পাওয়া গেছে। গত বছরের মেলায় এসএমই পণ্য বিক্রি ও কার্যাদেশ পাওয়া গিয়েছিল ৮৮ লাখ ৪৭ হাজার টাকার। এসএমই ফাউন্ডেশন থেকে এ তথ্য পাওয়া গেছে।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি এ মেলা অনুষ্ঠিত হয়। এসএমই ফাউন্ডেশন আয়োজিত মেলায় মোট স্টল ছিল ১০০টি।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত ছিল। এসএমই ফাউন্ডেশন জানায়, ক্রেতা-দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় থাকায় উদ্যোক্তাদের অনুরোধে গত শুক্র ও শনিবার সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে রাত নয়টা পর্যন্ত মেলা খোলা রাখা হয়।এসএমই উদ্যোক্তাদের মতে, দেশের মোট শিল্পোদ্যোগের ৯০ শতাংশই এসএমই খাতের আওতাভুক্ত। এসব শিল্পপ্রতিষ্ঠানে তিন কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে।