বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে, ব্যবসা-বাণিজ্যে এখনো মন্দাবস্থা বিরাজ করছে। নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে পণ্যের দাম বাড়বে, সে সঙ্গে দুর্নীতির ব্যাপক প্রসার ঘটবে। সার্বিকভাবে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের অনেক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে বেকার হয়ে পড়বেন।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির চেয়ারম্যান হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, নির্বাচনের আগে এ মুহূর্তে ভ্যাট আইন বাস্তবায়ন করা ঠিক হবে না। উন্নয়নের মধ্যে কায়া ঢুকে গেছে। কাউয়ারা ভ্যাট আইন দিয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। নতুন সরকার ক্ষমতায় এসে আইনটি বাস্তবায়ন করলে ভালো। এ জন্য তিনি ২০১৯ সাল থেকে আইনটি বাস্তবায়নের দাবি জানান।
লিখিত বক্তব্যে হেলাল উদ্দিন বলেন, ভ্যাট আইনের পুরোটাই প্রযুক্তিনির্ভর। এ জন্য ২ লাখ ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) মেশিন প্রয়োজন। এখন পর্যন্ত কেউই এ মেশিন আমদানির পরিকল্পনা করেনি। জুলাই আসতে বাকি মাত্র ২২ দিন। মেশিন এলেও এ সময়ে ব্যবহার জানা সম্ভব না। তাই জুলাই থেকে আইনটি বাস্তবায়ন করাও সম্ভব না।
হেলাল উদ্দিন বলেন, আইনটি বাস্তবায়নে ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ জন্য মোটা অঙ্কের অর্থও বরাদ্দ ছিল। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, তারা ২ লাখ ব্যবসায়ীকে প্রশিক্ষণ দিয়েছে। বাস্তবে ২০০ ব্যবসায়ীও প্রশিক্ষণ পায়নি। প্রযুক্তিনির্ভর এ আইন প্রশিক্ষণ ব্যতীত বাস্তবায়ন সম্ভব না।