
ঈদের ছুটি কাটিয়ে রাজধানীবাসী ফিরতে শুরু করলেও বাজারগুলোতে এখনো ছুটির আমেজ চলছে। তাই এখন পণ্যের সরবরাহ কম। দামও স্বাভাবিক সময়ের তুলনায় বেশি।
যাঁরা গতকাল শনিবার বাজারে গিয়েছিলেন, তাঁদের চিনি, তরল দুধ, ডিম, মাছ ও সবজি বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। তবে কমেছে ব্রয়লার মুরগির দাম।
ব্যবসায়ীরা বলছেন, আগামী শুক্রবারের আগে বাজারে ছুটির আমেজ কাটবে না। কারণ, চাকরিজীবীদের ঈদের ছুটি ১ জুলাই থেকে শুরু হলেও ব্যবসায়ীরা ৬ জুলাই, অর্থাৎ চাঁদরাত পর্যন্ত কেনাবেচা করার পর গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন, তাঁদের ফিরতে দেরি হবে।
ঈদের বন্ধে সবচেয়ে বেশি বেড়েছে তরল দুধের দাম। এক লিটার দুধের নির্ধারিত দাম ৬২ টাকা হলেও তা কোনো কোনো দোকানে ৯০ টাকা
পর্যন্ত উঠেছে। তবে বেশির ভাগ দোকানে লিটারপ্রতি ৭৫ টাকার কাছাকাছি দরে বিক্রি করতে দেখা গেছে।
পশ্চিম কাজীপাড়ার ময়মনসিংহ স্টোরে গতকাল এক লিটার দুধের দাম চাওয়া হয়েছে ৯০ টাকা। জানতে চাইলে ওই দোকানের বিক্রেতা বলেন, ঈদের আগে থেকে দুধের দাম চড়া। অন্যান্য সময় মিল্ক ভিটার পরিবেশকেরা দোকানে এসে দুধ দিয়ে যান। ঈদের আগে পরিবেশকদের কাছে গিয়ে আনতে হয়েছে। সেখানেও লিটারপ্রতি ১০ টাকা বেশি দিতে হয়েছে। এ ছাড়া পরিবহন খরচ ও বকশিশ বাবদ বাড়তি খরচ হয়েছে। নতুন করে সরবরাহ এলেই দাম কমে যাবে বলে জানান ওই বিক্রেতা।
দুধের পাশাপাশি চিনির দামও বাড়তি। ছোট বাজার ও অলিগলির মুদি দোকানে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৬ টাকা দরে। কোথাও কোথাও ৮০ টাকাও চাচ্ছেন খুচরা বিক্রেতারা। তবে কারওয়ান বাজার ও মিরপুর ১ নম্বর সেকশনের বাজারে প্রতি কেজি চিনি ৭০-৭২ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।
কারওয়ান বাজার কিচেন মার্কেটের মুদি দোকানদার মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, চিনির দাম ঈদের আগে যা ছিল, এখনো তা-ই আছে। তবে ঈদের আগে বেশ খানিকটা বেড়েছিল।
রোজায় ডিমের চাহিদা কম থাকে। তাই দামও কমে যায়। কিন্তু ঈদের পরপরই বাজারে ডিমের দাম বেড়েছে। ঈদের আগে ডিমের দর ডজনপ্রতি ৮৫ থেকে ৮৮ টাকায় নেমেছিল, এখন তা ১০০ টাকায় উঠেছে।
কারওয়ান বাজারের ডিম বিক্রেতা দুলাল হোসেন বলেন, ডিমের দাম আরও বৃদ্ধির আশঙ্কা আছে। কারণ, ঈদে দাম ভালো পাওয়ায় খামারমালিকেরা প্রচুর মুরগি বিক্রি করে দিয়েছেন। এখন খামারে নতুন করে মুরগি ওঠানো ও সেগুলো থেকে ডিম আসতে সময় লাগবে।
মুরগি বিক্রেতারা জানান, এবার ঈদের আগে লেয়ার মুরগির দর উঠেছিল কেজিপ্রতি ২২০ টাকায়। লেয়ার মুরগি সাধারণত ডিমের জন্য পালন করা হয়। তবে এসব মুরগির বয়স বেড়ে গেলেই তা বিক্রি করে দেন খামারমালিকেরা।
এদিকে কারওয়ান বাজারে গতকাল ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৬৫ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে, যা ঈদের আগে প্রতি কেজি ১৮৫ টাকায় উঠেছিল। ঈদের আগে গরুর মাংসের দাম উঠেছিল কেজিপ্রতি ৪৪০ থেকে ৪৫০ টাকায়, তা এখনো সেই দামেই বিক্রি করতে দেখা গেছে।
চাল, ডাল, আটা, ময়দা ও ভোজ্য তেলের দামে কোনো হেরফের নেই। কাঁচাবাজারে তাজা সবজির দর বেশি। ঝিঙে, চিচিঙ্গা, করলা, ঢ্যাঁড়সসহ বিভিন্ন সবজি ৫০ টাকার কাছাকাছি দরে বিক্রি করতে দেখা গেছে। তবে বেশির ভাগ দোকানে বিবর্ণ হয়ে যাওয়া পুরোনো সবজি বিক্রি হচ্ছে। সেগুলোর দাম অবশ্য কম।
অন্যদিকে মাছবাজারেও মাছের সরবরাহ কম। খামারে চাষ করা কই, পাঙাশ ও তেলাপিয়া মাছের দাম আগের মতোই আছে। প্রতি কেজি কই ১৮০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১২০ থেকে ১৪০ টাকা ও তেলাপিয়া ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
তবে চিংড়ি, বেলে টেংরা, পাবদা এবং নদীর বিভিন্ন ধরনের মাছের দাম কেজিপ্রতি ৬০০ থেকে ১ হাজার টাকা চাইছেন বিক্রেতারা। মিরপুর ১ নম্বর সেকশনের মাছ বিক্রেতা জব্বার আলী বলেন, নদী ও খাল-বিলে যেসব মাছ ধরা পড়ছে, তা এখন গ্রামের বাজারেই বিক্রি হচ্ছে। ঢাকায় আসছে কম। এ কারণে দাম একটু বেশি।