পণ্যের সরবরাহ-প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিনের হরতাল সামনে রেখে বাজারে নিত্যপণ্যের সরবরাহ কিছুটা কমেছে। বিশেষ করে, শুক্রবার দিবাগত রাতে রাজধানীতে তরিতরকারি-বোঝাই ট্রাক তুলনামূলক কম এসেছে। আর হরতালে যেন বাজারে আসতে না হয়, সে জন্য আগের দিনই ক্রেতারা পণ্য কিনে নিচ্ছেন। ক্রেতার সংখ্যা বেশি দেখে বিক্রেতারাও বাড়িয়ে দিয়েছেন দাম।পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আগে হরতালে নিত্যপণ্য-বোঝাই ট্রাক ছেড়ে দেওয়া হতো। বড়জোর কিছু ট্রাক ভাঙচুর হতো। এখন পণ্যবোঝাই ট্রাক পুড়িয়ে দেওয়া হচ্ছে। সে কারণে হরতাল চলাকালে দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য পাঠাতে এখন দ্বিধায় আছেন মোকাম ব্যবসায়ী ও মিলমালিকেরা। সে জন্য আগামী তিন দিন বাজারে নিত্যপণ্যের সরবরাহ কম থাকতে পারে।দেশের অন্যতম বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী ও আমদানিকারকেরাও বলছেন, অস্থিরতার কারণে এখন বেচাকেনা কমে গেছে। চট্টগ্রামে পর্যাপ্ত ভোগ্যপণ্য মজুত রয়েছে। কিন্তু হরতালে ঝুঁকি নিয়ে গুদাম থেকে পণ্য সরবরাহের সম্ভাবনা খুবই কম। এতে ভোগ্যপণ্যের সরবরাহ-সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।আবার ট্রাকমালিকেরাও এ অবস্থায় বরাবরের মতোই পণ্য পরিবহনে হাঁকছেন বেশি ভাড়া। এরই মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামে পণ্য পরিবহনের ভাড়া দুই হাজার টাকা বেড়ে গেছে। আগে ১৬ হাজার টাকায় এই পথে পণ্য পরিবহন করলেও শনিবার রাতে পণ্য পরিবহন হয়েছে ১৮ হাজার টাকায়।এসব কারণে পুরো সপ্তাহেই বাজার চড়া থাকতে পারে—এমন আশঙ্কা করছেন নিত্যপণ্যের ব্যবসায়ীরা।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সহসভাপতি হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘তিন দিনের হরতাল মানে পুরো সপ্তাহেই এর রেশ থাকবে। একদিকে কৃষক তাঁর পণ্য ঢাকায় পাঠাতে পারবেন না, নষ্ট হবে তাঁর পণ্য; অন্যদিকে ভোক্তাদের বেশি দামে পণ্য কিনতে হবে।’রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার এক কেজি পেঁপে বিক্রি হয়েছে ২০ টাকায়। বিক্রেতা মজিবর রহমান গতকাল তা বিক্রি করেছেন ২৫ টাকায়। একইভাবে বেগুন ৪০ টাকা থেকে বাড়িয়ে বিক্রি করেছেন ৫০ টাকায়। আরেক সবজি বিক্রেতা শহীদুল শিম বিক্রি করছেন ৩০ টাকা কেজি দরে। শুক্রবার বিক্রি করেছিলেন ২৫ টাকায়। তিনি জানালেন, আড়ত থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি এক পাল্লা (পাঁচ কেজি) শিম কিনেছিলেন ৮০ টাকায়, আর শুক্রবার রাতে কিনেছেন ১২০ টাকায়।কারওয়ান বাজারের একজন আড়তদার জানান, তরিতরকারি ভেদে কেজিপ্রতি তিন থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে আরেক আড়তদার বলেন, দাম বাড়েনি। বেশি ক্রেতা দেখে খুচরা বিক্রেতারা তাঁদের কাছ থেকে বেশি দাম নিয়েছেন।বাবুবাজারের কয়েকজন চাল ব্যবসায়ী জানান, হরতাল সামনে রেখে গতকাল অনেকেই আগাম চাল কিনতে এসেছেন। অন্য দিনের তুলনায় ক্রেতার সংখ্যা ছিল বেশি। চালের দাম এখনো বাড়েনি। তবে টানা হরতালে বিভিন্ন স্থান থেকে চাল আসবে কি না, তা নিয়ে তাঁরা শঙ্কায় আছেন। কারণ, অনেক মিল-মালিকই ঝুঁকি নিয়ে ঢাকায় চাল পাঠাতে চাচ্ছেন না। তাই দাম কিছুটা বেড়ে যেতে পারে।বাবুবাজারের রশিদ রাইস এজেন্সির স্বত্বাধিকারী মনির হোসেন প্রথম আলোকে বলেন, মিল-মালিকদের হাতে অনেক চাল আছে। তাঁরা এখন চাল ছেড়ে দিচ্ছেন। কিন্তু হরতালের কারণে অনেকেই চাল ঢাকায় পাঠাতে চাচ্ছেন না। তিনি জানান, উত্তরবঙ্গ থেকে চালবোঝাই ট্রাক আগে আসত ১০ হাজার টাকায়। এখন ভাড়া চাওয়া হচ্ছে ১২-১৩ হাজার টাকা।আমদানিনির্ভর ভোগ্যপণ্যের সিংহ ভাগই চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়। ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠানগুলো মূলত ঢাকা ও চট্টগ্রামকেন্দ্রিক। এসব প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি করে চট্টগ্রামের গুদামগুলোতেই প্রাথমিকভাবে পণ্য সংরক্ষণ করে। গুদাম থেকেই এসব পণ্য বিভিন্ন ধাপে সারা দেশে সরবরাহ করা হয়। আমদানিকারকেরা বলছেন, টানা তিন দিনের হরতালে পণ্য সরবরাহের এই পথ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।চট্টগ্রাম বন্দরের হিসাবে, গত অর্থবছরে এই বন্দর দিয়ে গম, ডাল, ভোজ্যতেল ও মসলাসহ ১৬টি ভোগ্যপণ্য আমদানি হয়েছে প্রায় ৫৪ লাখ টন। ব্যবসায়ীদের হিসাবে, এসব পণ্যের ২০ শতাংশ যায় নদীপথে। বাকি ৮০ শতাংশই প্রথমে চট্টগ্রামের গুদামে সংরক্ষণ করা হয়। ঢাকা ও চট্টগ্রামে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কার্যালয়ে কাগজে-কলমে পণ্য বেচাকেনার পরও গুদাম থেকে পণ্য খালাস করেন পাইকারি ব্যবসায়ীরা।ভোগ্যপণ্য আমদানিকারক বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, আমদানির পর চট্টগ্রাম থেকে ঢাকা, রাজশাহীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে পণ্য নিয়ে যান বড় পাইকারি ব্যবসায়ীরা। হরতালের কারণে চট্টগ্রাম থেকে সারা দেশে পণ্য সরবরাহে ব্যাঘাত সৃষ্টি হবে।ভোজ্যতেল, চিনি, আটা, ময়দাসহ নিত্যপণ্যের প্রায় সবকিছুরই পাইকারি বিকিকিনি হয় রাজধানীর মৌলভীবাজারে। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘হরতালের কারণে মুদির দোকানদারেরা আমাদের কাছ থেকে তিন দিনের পণ্য একসঙ্গে নিয়ে যাচ্ছেন। আবার আমাদের ব্যবসায়ীরা মিল-মালিকদের কাছ থেকে তিন দিনেরটা নিয়ে আসছেন। কিন্তু সমস্যা হয়েছে, টানা হরতালের কারণে ট্রাকভাড়া বেড়ে গেছে। সব পথেই (রুট) ভাড়া এক থেকে তিন হাজার টাকা বেড়ে গেছে।’এদিকে কয়েকটি জাহাজ কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, টানা হরতালে জাহাজ থেকে ভোগ্যপণ্য খালাসের কার্যক্রমও স্থবির হয়ে পড়বে।বর্তমানে বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে খালাস করে ছোট আকারের জাহাজে পণ্য বোঝাই করা হয়। এসব ছোট জাহাজ কর্ণফুলী নদীর ১৬টি বেসরকারি ঘাট এবং ঢাকাসহ সারা দেশে ১৬টি নৌপথে পণ্য নিয়ে যায়। হরতালের কারণে ছোট আকারের জাহাজ থেকে খালাস করে ট্রাকে পণ্যবোঝাই কার্যক্রম বাধাগ্রস্ত হবে।