
বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের পণ্য-বাণিজ্যে ঘাটতি কমেছে গত অর্থবছর। মূলত আমদানির চেয়ে রপ্তানি বৃদ্ধির হার বেশি থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এতে লেনদেনের ভারসাম্যের ওপর চাপও কিছুটা কমেছে।
বাংলাদেশ ব্যাংকের লেনদেন ভারসাম্যের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১৩-১৪ অর্থবছর শেষে পণ্য-বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৬৮০ কোটি ৬০ লাখ ডলার। আগের বছর অর্থাৎ ২০১২-১৩ অর্থবছরে এই ঘাটতি ছিল ৭০০ কোটি ৯০ লাখ ডলার।
বাংলাদেশ পণ্য রপ্তানি করে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে, পণ্য আমদানির জন্য তার চেয়ে বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয় বলে বাণিজ্যে ঘাটতি দেখা দেয়।
আলোচ্য সময়কালে পণ্য রপ্তানি আয় তার আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেশি হয়েছে। বিপরীতে পণ্য আমদানির ব্যয় বেড়েছে প্রায় ৯ শতাংশ। দেশের অভ্যন্তরে বিনিয়োগের চাহিদা কম থাকায় আমদানিজনিত চাহিদাও কম ছিল। তাই আমদানি ব্যয় অত বাড়েনি।
মেট্রোপলিটন চেম্বারের বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদনে এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ায় আমদানি শ্লথ হয়ে পড়ে। বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণের জন্য সাম্প্রতিক মাসগুলোয় যথেষ্ট আস্থা ফিরে পাননি। তাঁরা শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে সতর্কতা অবলম্বন করেন। এটাও আমদানিতে প্রভাব ফেলেছে।’
লেনদেনের ভারসাম্য সারণি অনুসারে, গত অর্থবছর দুই হাজার ৯৭৬ কোটি ৫০ লাখ ডলারের পণ্য রপ্তানির বিপরীতে আমদানি হয়েছে তিন হাজার ৬৫৭ কোটি ১০ লাখ ডলারের পণ্য। অবশ্য আমদানি-রপ্তানির এই পরিসংখ্যান এফওবিভিত্তিক।
পণ্য-বাণিজ্যে ঘাটতি কমলেও সেবা খাতের বাণিজ্যে ঘাটতি বেড়েছে। এই খাতের বাণিজ্যে মূলত বিমা, ভ্রমণ ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে। আগের বছর যেখানে ৩১৬ কোটি ২০ লাখ ডলারের ঘাটতি ছিল, সেখানে গত অর্থবছর তা বেড়ে হয়েছে ৪১৮ কোটি ৯০ লাখ ডলার। সেবা খাতের বাণিজ্যে আয়ের তুলনায় ব্যয় দ্বিগুণের বেশি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, গত অর্থবছর সেবা খাতের বাণিজ্যে ৩০৬ কোটি ৫০ লাখ ডলার আয় হলেও ব্যয় হয়েছে ৭২৫ কোটি ৪০ লাখ ডলার।
আলোচ্য সময়কালে চলতি হিসাবের ভারসাম্যে ১৫৪ কোটি ৭০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। ২০১২-১৩ অর্থবছরে এটি ছিল ২৩৮ কোটি ৮০ লাখ ডলার।
সাধারণভাবে চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝানো হয়। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে তা পূরণ করতে ঋণ নিতে হয়।
যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এ তসলিম প্রথম আলোকে বলেন, অর্থনীতির একটি সাধারণ সূত্র হলো, আয় যত কমে, লেনদেনের ভারসাম্য পরিস্থিতির তত উন্নতি হয়। বাংলাদেশের পরিস্থিতি এখন সেদিকেই ধাবিত হয়েছে। লেনদেনের বর্তমান চিত্র প্রকৃতপক্ষে অর্থনীতির ক্রমাগত দুর্বলতাকেই তুলে ধরছে। রপ্তানির প্রবৃদ্ধি ঠিক থাকলেও আমদানি শ্লথ হয়ে পড়েছে আর প্রবাসী-আয় কমে গেছে। ফলে চলতি হিসাবের উদ্বৃত্তও কমে গেছে।
তসলিম আরও বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য বিনিয়োগ কমে যাওয়া বা আমদানি শ্লথ হয়ে পড়ার কথা বলা হচ্ছে। তবে অর্থনীতির এই দুর্বলতা মূলত ব্যবস্থাপনার নাজুকতা থেকে দেখা দিয়েছে, যার লক্ষণ ২০১১ সাল থেকেই দেখা যায়। আর গত বছরের রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতিকে আরও খারাপ করেছে। আর্থিক খাতে নানা ধরনের কেলেঙ্কারি অর্থনৈতিক সুশাসনকে ব্যাহত করেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, গত অর্থবছরে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ১৫৫ কোটি ডলারের, যা তার আগের বছরের চেয়ে ১০ শতাংশ কম। ২০১২-১৩ অর্থবছরে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ১৭২ কোটি ৬০ লাখ ডলার।
এর ফলে এক বছর পর বিদেশি বিনিয়োগ আবার কমে গেল। এটি অবশ্য বিদেশি বিনিয়োগের প্রাথমিক হিসাব। পরবর্তী সময়ে তা সংশোধিত হতে পারে। মূলত গত অর্থবছরের প্রথমার্ধে রাজনৈতিক অস্থিতিশীলতার নেতিবাচক প্রভাব পড়ে বিদেশি বিনিয়োগ পরিস্থিতিতে।
এ প্রসঙ্গে মেট্রো চেম্বার পর্যালোচনা প্রতিবেদনে বলেছে, বিদেশি বিনিয়োগকারীরা গত অর্থবছরে ধীরে চলো নীতি অবলম্বন করেছে মূলত রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য। তবে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিদ্যমান সুবিধাগুলো অব্যাহত রাখলেই চলবে না, বরং তা বাড়াতে হবে। আর তাই ব্যাংকঋণের উচ্চ সুদের হার কমাতে হবে, কর কাঠামোকেও যৌক্তিক করতে হবে। বিনিয়োগ বোর্ডের যে ওয়ানস্টপ সেবাব্যবস্থা প্রচলিত আছে, তা পুরোপুরি কার্যকর করতে হবে।
অবশ্য পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বেড়েছে। ২০১২-১৩ অর্থবছরে যেখানে পোর্টফোলিও বিনিয়োগের পরিমাণ ছিল ৩৬ কোটি ৮০ লাখ ডলার, সেখানে ২০১৩-১৪ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৮২ কোটি ৫০ লাখ ডলার।
সার্বিকভাবে লেনদেনের ভারসাম্য পরিস্থিতির উন্নতি হয়েছে। আলোচ্য অর্থবছর শেষে লেনদেনের ভারসাম্যে ৫৪৮ কোটি ৩০ লাখ ডলারের উদ্বৃত্ত দাঁড়িয়েছে, যেখানে ২০১২-১৩ অর্থবছর শেষে এটি ছিল ৫১২ কোটি ৮০ লাখ ডলার।
অর্থবছর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই হাজার ১০০ কোটি ডলারের ওপরে থাকার মধ্য দিয়ে বৈদেশিক লেনদেন পরিস্থিতির এই প্রবণতা প্রতিফলিত হয়েছে। আর এই পরিমাণ রিজার্ভ দিয়ে প্রায় ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।