পতনের ধারায় সূচক
গতকাল সোমবারের বড় উত্থানের পর আজ মঙ্গলবার সূচকের পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকের এই পতন। তবে লেনদেন বেড়েছে দুই বাজারে।
২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথম কর্মদিবস গত রোববার দুই বাজারেই সূচকের পতন হয়। তবে গতকাল সূচকের উত্থান লক্ষ করা গেলেও আজ আবার সূচকের পতন হয়েছে।
ডিএসইতে সূচক কমেছে ১৪ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসই এক্স সূচক আজ ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪০১ পয়েন্টে।
সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর একাধিকবার ওঠানামা করে নিম্নমুখী প্রবণতায় থাকে সূচক।
এর আগে গত রোববার ডিএসইতে ৫০ পয়েন্ট সূচক কমেছিল। প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের অর্জিত মুনাফায় কর আরোপ করাসহ বেশ কয়েকটি কারণে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা অসন্তোষ বিরাজ করায় ওই দিন দরপতনের ঘটনা ঘটে। তবে গতকাল কিছুটা ঘুরে দাঁড়ালেও আজ আবার আগের দিনের অবস্থায় যায় বাজার।
ডিএসইতে আজ ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬১টিরই দাম কমেছে, বেড়েছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে যা গতকালের চেয়ে ৩২ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৪২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক কমেছে ৩৭ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৬৬ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৪টিরই দাম কমেছে। বেড়েছে ৭১টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৩০ কোটি টাকা লেনদেন হয়েছে যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট
গতকালের মতো আজও ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ এই প্রতিষ্ঠানের ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া স্কয়ার ফার্মা, বিএসআরএম স্টিল, ইস্টার্ন হাউজিং, জিপিএইচ ইস্পাত, গ্রামীণফোন, অ্যাপোলো ইস্পাত, নাভানা সিএনজি, এমজেএল বিডি, হেইডেলবার্গ সিমেন্ট প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।