পতেঙ্গায় কার্গো টার্মিনাল স্থাপনে পরামর্শক নিয়োগ
চট্টগ্রামের পতেঙ্গায় একটি টার্মিনাল স্থাপনের জন্য পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) ভিত্তিতে এটি স্থাপিত হবে।
সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবেই ‘লালদিয়া বাল্ক টার্মিনাল’ নামে এই কার্গো টার্মিনালটি স্থাপন করা হবে বলে জানা গেছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ১৪ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ের পরামর্শকের কাজ পেয়েছে কানাডার প্রতিষ্ঠান এমএমএম গ্রুপ। এমএমএম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রয়েছে আরও দুটি, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এবং ম্যাকস ইঙ্ক।
চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরে পণ্য ওঠানো-নামানো হয় কনটেইনার ও কনটেইনারবিহীন বা বস্তাবন্দী খোলা (বাল্ক)—এই দুই আকারেই। চট্টগ্রাম বন্দরের মাধ্যমেই ওঠানো-নামানো হয় সমুদ্রপথের-বাণিজ্যের ৯৩ শতাংশ পণ্য। বাকি ৭ শতাংশ ওঠানো-নামানো হয় মংলা বন্দরের মাধ্যমে।
নৌ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে বাল্ক পণ্য ওঠানো-নামানোর জন্য বিশেষায়িত কোনো টার্মিনাল নেই। লালদিয়া কার্গো টার্মিনাল স্থাপিত হলে বন্দর থেকে পণ্য খালাসের জন্য বর্তমানে যে পরিমাণ সময় অপেক্ষা করতে হয়, সেই অপেক্ষার সময় কিছুটা কমবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানো-নামানো বাড়ছে। এ বৃদ্ধি সামাল দিতেই নতুন টার্মিনাল দরকার।’
কী ধরনের টার্মিনাল হবে, বাল্ক না কনটেইনার—জানতে চাইলে বন্দর চেয়ারম্যান বলেন, ‘সেটি এখনই বলা যাচ্ছে না। আগে সমীক্ষা হোক। সমীক্ষার সুপারিশ অনুযায়ীই ঠিক হবে প্রকৃতপক্ষে কোন ধরনের টার্মিনাল হবে।’
বৈঠকে দেশের গুরুত্বপূর্ণ ৭৬টি উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় অগ্নিনির্বাপণী যানবাহন ও উদ্ধার সরঞ্জাম কেনার প্রস্তাবও অনুমোদিত হয়। এতে ব্যয় হবে ৫৭ কোটি টাকা।
দেশে বর্তমানে ২৮১টি ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর অধিদপ্তরের মহাপরিচালক আলী আহমেদ খান জানান, নতুন ৭৬টির মধ্যে কয়েকটির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সরঞ্জাম কেনা গেলে বাকিগুলোর কার্যক্রমও শুরু করা যাবে।